খুঁজুন
, ,

ভাঙ্গায় কুমার নদে নিখোঁজ কৃষকের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
ভাঙ্গায় কুমার নদে নিখোঁজ কৃষকের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মিঠু খলিফা (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার কুমার নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিঠু খলিফা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার জ্যেষ্ঠ ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ির পাশের কুমার নদে পাট ধোয়া শেষ করে সাঁতার কেটে তীরে ফিরছিলেন মিঠু খলিফা। নদীর পাড়ের কাছাকাছি এসে তিনি একটি বাঁশের খুঁটি ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে নিখোঁজ কৃষককে উদ্ধারে নদীতে অভিযান শুরু করে।

উদ্ধারকর্মীরা দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা নদীতে তল্লাশি চালালেও মিঠু খলিফার কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে ওই দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। এদিকে স্বজনদের আহাজারিতে নদীর দুই পাড়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ স্থানীয় কয়েক হাজার মানুষ নদীর দুই পাড়ে জড়ো হয়ে তার সন্ধানের অপেক্ষায় থাকেন।

পরদিন রবিবার সকালে কুমার নদে তল্লাশি চালানোর একপর্যায়ে মনিরকান্দা এলাকায় পানিতে ভাসমান অবস্থায় মিঠু খলিফার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, “কুমার নদ থেকে নিখোঁজ কৃষক মিঠু খলিফার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ অর্থ অনুমোদন পায়।

​সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ ও বিশেষ উদ্যোগে বরাদ্দকৃত এই অর্থের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের সংস্কার কাজে ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ-

একাডেমিক ভবন নির্মাণ (প্রতিটি ১ কোটি ৫৫ লাখ টাকা):

​গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​কালপোহা উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

মেরামত ও সংস্কার কাজ (প্রতিটি ১৫ লাখ টাকা):

​ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​আশাপুর আলিম মাদরাসা (মধুখালী)

​রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

​সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসা (বোয়ালমারী)

​সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব উন্নয়নকাজ শেষ হলে এই অঞ্চলের শিক্ষা কাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি খাদে উল্টে যায় এবং ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, বেপরোয়া গতির ট্রাকটি বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে সজোরে ধাক্কা দিলে তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়।

​ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

​বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডিজিএম উৎপল মণ্ডল জানান, দুর্ঘটনায় তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল।

​বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটির বাড়ি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামে।

​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৬ সালের ৩ মে বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি দর্জির বাড়ি থেকে জামা আনতে গিয়ে তা না পেয়ে আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

​একপর্যায়ে শিশুটি কোনোমতে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়ির ওপর পড়ে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর আসামি জামাল মোল্লা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

​আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে আমরা আশা করি।”