খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

বোয়ালমারীতে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তির কর্মশালা, কৃষকদের মাঝে বীজ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
বোয়ালমারীতে হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তির কর্মশালা, কৃষকদের মাঝে বীজ বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা ইসলামী ফাউন্ডেশন হলরুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। এতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা মো. ইশারত মোল্ল্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলভির রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাইব্রিড ধান চাষে সঠিক পরিচর্যা ও সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. কামরুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার (চুয়াডাঙ্গা)। তিনি হাইব্রিড ও উফশী ধানের উন্নত জাত, ভুট্টা উৎপাদন, বায়োপেস্টিসাইডের ব্যবহার এবং বিভিন্ন সবজির বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি মাঠ পর্যায়ে প্রযুক্তির সঠিক প্রয়োগ, রোগবালাই দমন এবং সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টিএসও (ফরিদপুর) মো. নুর আলম এবং টিএসও (ফরিদপুর-১) সুব্রত কুমার পাল। তারা কৃষকদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন।

প্রায় ৫০ জন কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত সহায়ক। নতুন প্রযুক্তি ও উন্নত বীজ সম্পর্কে ধারণা পেয়ে তারা অধিক ফলন অর্জনে আশাবাদী।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ‘ব্র্যাক-১০’ জাতের ধান বীজ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা জোরদার হবে।

ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শহীদুল হাসান খাঁন সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে বহনকারী গাড়িতে ট্রাস্ট পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকায় চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের নিচে একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়।

এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে হেফাজতে নেয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। সেটির পরিপ্রেক্ষিতে ট্রাস্ট পরিবহনের ওই বাস চালককে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র : বাংলানিউজ২৪

ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি ঘিরে অনিয়ম ও নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগে উঠেছে ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় গোলাপী বেগম নামের ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন।

তিনি বলেন, বরখাস্ত হওয়া ওই শিক্ষক গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া এই বিষয়টি আমাদের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, স্কুল ফিটিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহ বিষয়টি আমরা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি, তার বিষয়ে অধিদপ্তর থেকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে ।