বোয়ালমারীতে মাদ্রাসাছাত্র আলামিন শেখ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার—খোঁজ চেয়ে আহ্বান
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাহিরবাগ গ্রাম থেকে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম আলামিন শেখ। তিনি বাহিরবাগ গ্রামের বাসিন্দা মো. হান্নান শেখের ছেলে এবং বাহিরবাগ মাদ্রাসার নিয়মিত ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে আলামিন শেখ প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে বের হয়। তবে এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও আলামিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর থেকেই আলামিনের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে তার বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, আলামিন স্বভাবতই শান্ত ও ভদ্র প্রকৃতির। কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা ছিল না বলে তাদের ধারণা। এমনকি সে আগে কখনো কাউকে না জানিয়ে বাড়ির বাইরে দীর্ঘ সময় অবস্থান করেনি।
স্থানীয়রা জানান, আলামিন নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও তথ্য শেয়ার করে সন্ধানের চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসীর পক্ষ থেকেও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরিবারের দাবি, প্রশাসনের সহায়তা পেলে দ্রুত আলামিনকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আলামিন শেখের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ নম্বর: ০১৭৯৩-৫৪৫৪৫৮
নিখোঁজ এই মাদ্রাসাছাত্রকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
Array