খুঁজুন
, ,

রামিসা হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, দ্রুত ফাঁসির দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
রামিসা হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, দ্রুত ফাঁসির দাবি

ঢাকার পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র শক্তি ফরিদপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, হত্যা ও সহিংসতার মতো অপরাধ সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। এসব অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই। তারা অভিযোগ করেন, অনেক সময় বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়, ফলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যায়।

মানববন্ধনে বক্তারা রামিসা হত্যার বিচার ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দোষীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব সজল, যুগ্ম-আহ্বায়ক বৈশাখী ইসলাম বর্ষা, মুখ্য সমন্বয়ক রাতুল, সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গুনাহের পর যে ৭টি ভুল করেন অনেকে

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
গুনাহের পর যে ৭টি ভুল করেন অনেকে

মানুষ মাত্রই ভুল করে। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায়, আবার কখনো অসতর্কতায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। তবে ইসলামে গুনাহ করে ফেলার পরও ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় না। বরং আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে নতুন করে জীবন শুরু করার সুযোগ রয়েছে। কিন্তু গুনাহের পর অনেকে এমন কিছু ভুল করেন, যা তাদের তওবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়েন, কেউ ক্ষমা প্রার্থনা করেও গুনাহ ছাড়েন না, আবার কেউ মানুষের অধিকার নষ্ট করেও তা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করেন না। গুনাহের পর এমন সাতটি ভুল সম্পর্কে জেনে রাখা জরুরি।

১. আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া

গুনাহ করার পর অনেকেই মনে করেন, তাদের পক্ষে আর ক্ষমা পাওয়া সম্ভব নয়। অতীতের ভুলের কথা ভেবে কেউ কেউ হতাশ হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ফিরে আসার আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ এটি বড় ভুল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার, আয়াত ৫৩)

এই আয়াত গুনাহগার মানুষকে আল্লাহর রহমতের আশা দেখায়। কোনো গুনাহ যত বড়ই হোক, আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে। তাই গুনাহের পর হতাশ হয়ে পড়া নয়; বরং অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করাই মুমিনের কর্তব্য।

২. তওবা করতে দেরি করা

গুনাহ হয়ে যাওয়ার পর অনেকে ভাবেন, পরে কোনো একসময় তওবা করবেন। কেউ বয়স বাড়লে, কেউ অবসর জীবনে, আবার কেউ বিশেষ কোনো উপলক্ষ এলে আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু মৃত্যু কখন আসবে, তা কারও জানা নেই। তাই তওবার বিষয়টি ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়।

আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার বিষয়টি তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর দ্রুত তওবা করে।’ (সুরা নিসা, আয়াত ১৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ রাতে তাঁর রহমতের হাত প্রসারিত করেন, যাতে দিনের গুনাহগার ব্যক্তি তওবা করতে পারে; আবার দিনে রহমতের হাত প্রসারিত করেন, যাতে রাতের গুনাহগার ব্যক্তি তওবা করতে পারে। (সহিহ মুসলিম, হাদিস ২৭৫৯)

অর্থাৎ তওবার সুযোগ রয়েছে, তবে তা কাজে লাগাতে দেরি করা উচিত নয়।

৩. মুখে ক্ষমা চাওয়া, কিন্তু গুনাহ ছাড়তে না চাওয়া

অনেকে মুখে বারবার ‘আস্তাগফিরুল্লাহ’ বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান; কিন্তু যে গুনাহে জড়িয়ে আছেন, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন না। অথচ আন্তরিক তওবার অন্যতম শর্ত হলো গুনাহটি পরিত্যাগ করা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নেককারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের ওপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জেনে-বুঝে সেই গুনাহের ওপর অটল থাকে না। (সুরা আলে ইমরান, আয়াত ১৩৫)

সুতরাং শুধু মুখে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়; যে অন্যায় থেকে তওবা করা হচ্ছে, তা ছেড়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টাও থাকতে হবে।

৪. আবার গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কায় তওবা ছেড়ে দেওয়া

কেউ কেউ কোনো গুনাহ থেকে তওবা করার পর আবার সেই গুনাহে জড়িয়ে পড়েন। এরপর লজ্জা ও হতাশায় আর তওবা করতে চান না। মনে করেন, বারবার একই ভুল করলে তওবার কোনো মূল্য নেই। এটিও ভুল ধারণা।

সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, এক বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আবার গুনাহে জড়িয়ে পড়লেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। হাদিসে আল্লাহর ক্ষমাশীলতা ও বান্দার বারবার ফিরে আসার বিষয়টি তুলে ধরা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস ২৭৫৮)

এ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি আন্তরিকভাবে তওবা করার পর দুর্বলতাবশত আবার গুনাহে জড়িয়ে পড়লে তাঁর জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় না। তবে গুনাহকে হালকা মনে করে ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাওয়া কিংবা তওবাকে গুনাহের ছাড়পত্র মনে করা যাবে না। প্রতিবারই আন্তরিকভাবে ফিরে আসতে হবে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে।

৫. নিজের গুনাহ অন্যের কাছে প্রকাশ করা

কেউ কেউ নিজের গুনাহের কথা বন্ধুদের কাছে গল্পের মতো বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কখনো নিজেদের অন্যায় কাজের বিবরণ প্রকাশ করেন। অথচ আল্লাহ যে গুনাহ গোপন রেখেছেন, তা অহেতুক মানুষের কাছে প্রকাশ করা উচিত নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁর উম্মতের সবাই ক্ষমার আশা করতে পারে, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে কিংবা আল্লাহর গোপন রাখা গুনাহ নিজেরাই মানুষের কাছে প্রকাশ করে, তারা এ সতর্কবার্তার অন্তর্ভুক্ত। (সহিহ বুখারি, হাদিস ৬০৬৯)

তবে গুনাহের বিষয়ে শরিয়তের বিধান জানতে, প্রয়োজনীয় পরামর্শ নিতে কিংবা কারও ক্ষতি থেকে বাঁচতে বিশ্বস্ত আলেম বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বিষয়টি বলা আলাদা ব্যাপার। অপ্রয়োজনে গুনাহের বিবরণ প্রচার করাই এখানে নিষেধের বিষয়।

৬. মানুষের অধিকার নষ্ট করেও তা ফিরিয়ে না দেওয়া

সব গুনাহ শুধু বান্দা ও আল্লাহর মধ্যকার বিষয় নয়। অনেক ক্ষেত্রে গুনাহের সঙ্গে অন্য মানুষের অধিকার জড়িয়ে থাকে। কারও সম্পদ আত্মসাৎ করা, ঋণ পরিশোধ না করা, কাউকে অপমান করা, মিথ্যা অপবাদ দেওয়া কিংবা অন্যের ওপর জুলুম করার মতো কাজের ক্ষেত্রে শুধু মুখে তওবা করলেই দায়িত্ব শেষ হয় না। যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকার ফিরিয়ে দিতে হবে বা যথাযথভাবে ক্ষমা চাইতে হবে।

রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেন, কিয়ামতের দিন কেউ নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হলেও যদি সে অন্যকে গালি দিয়ে থাকে, অপবাদ দিয়ে থাকে, কারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে কিংবা কারও ওপর জুলুম করে থাকে, তাহলে তার নেক আমল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। (সহিহ মুসলিম, হাদিস ২৫৮১)

তাই মানুষের অধিকার নষ্ট করার পর তওবা করলে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

৭. গুনাহের পর ভালো কাজ করার পরিবর্তে আগের মতোই জীবন চালিয়ে যাওয়া

গুনাহ হয়ে যাওয়ার পর অনেকেই অনুতপ্ত হন, কিন্তু নিজেদের জীবনযাপনে কোনো পরিবর্তন আনেন না। যে পরিবেশ, সঙ্গ কিংবা অভ্যাস তাদের গুনাহের দিকে নিয়ে যায়, তা থেকে দূরে থাকার উদ্যোগও নেন না। অথচ তওবার একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে সংশোধন করা এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই সৎকর্ম মন্দকর্মকে দূর করে দেয়।’ (সুরা হুদ, আয়াত ১১৪)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। মন্দ কাজের পর ভালো কাজ করো, তা মন্দ কাজকে মুছে দেবে। আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো।’ (জামে তিরমিজি, হাদিস ১৯৮৭)

তাই গুনাহের পর নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, জিকির ও অন্যান্য নেক আমলে মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি যে অভ্যাস বা পরিবেশ গুনাহের দিকে ঠেলে দেয়, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।

তওবার সুযোগ কাজে লাগানো জরুরি

ইসলামে গুনাহের পর মানুষের জন্য তওবার পথ খোলা রাখা হয়েছে। তবে আন্তরিক তওবা কেবল মুখে ক্ষমা প্রার্থনার নাম নয়। এর সঙ্গে রয়েছে গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। আর অন্যের অধিকার নষ্ট করা হলে তা যথাসম্ভব ফিরিয়ে দেওয়া বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়াও জরুরি।

তাই গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুল সংশোধন করা এবং ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর করার চেষ্টা করাই একজন মুমিনের করণীয়।

সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

ফরিদপুরের সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি দবির উদ্দিন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, সালথার স্মারকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলায় ৬৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার পরিচয়পত্রসহ মাঠে কাজ করছেন। তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ ও অনলাইন ডেটাবেজে সংযুক্ত করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগৃহীত তথ্য থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করে পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও জীবনযাত্রার মান বিশ্লেষণ করা হবে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পাঁচটি কোয়াইন্টাইলে (Quintile) বিন্যাস করে খানার আয় ও ব্যয়ের মান অনুযায়ী অর্থনৈতিক শ্রেণি নির্বাচনপূর্বক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে কোনো তথ্য সংগ্রহকারী বা কর্তৃপক্ষের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই; সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উপযুক্ত পরিবার নির্বাচিত হবে।

সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তি বা এ সংক্রান্ত যেকোনো সেবার জন্য সমাজসেবা কার্যালয় বা জরিপকাজে নিয়োজিত কারও কাছে অর্থ, ফি বা বকশিসের নামে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালালচক্র ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়া কিংবা জরিপে সহযোগিতার নামে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাদের সঙ্গে কোনো অর্থ লেনদেন না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া কার্ডের কার্যক্রম ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা সমাজসেবা অফিসারকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রতারণা ও অর্থ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে না পড়ে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি থানা-সংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই মার্কেটের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়, যা দেখে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানার পাশের এক চা দোকানি লিটন সাহা জানান, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বেরিয়ে দেখতে পান, পৌর মার্কেটের সাত নম্বর দোকান ‘মা ইলেকট্রনিক’-এর বরাবর ওপরে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি পরিদর্শন করে।

এদিকে ঘটনার সময় থানার বিপরীত পাশে মহাকালীর মোড় এলাকায় অবস্থান করছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। বিস্ফোরণের শব্দ শুনে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে অবস্থিত ‘গৌড় গোপাল আঙিনা ট্রাস্ট’-এর মালিকানাধীন সাততলা ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের শব্দ বেশ জোরালো হলেও ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।