ফরিদপুর–৪ আসনে আতঙ্ক: নির্বাচনী প্রচারণা ঠেকাতে হামলার অভিযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর–৪ আসনের (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, স্থপতি মুজাহিদ বেগ। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত করতে সহিংসতার আশ্রয় নিচ্ছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী এলাকায় এক সংবাদ সম্মেলনে ফুটবল প্রতীকের এই প্রার্থী ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তার নির্বাচনী প্রচার গাড়িতে থাকা কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় মুজাহিদ বেগের কয়েকজন ভাই ও কর্মী চরভদ্রাসন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে এক আত্মীয়ের বাড়িতে যান। রাত এগারোটার দিকে সেখান থেকে ফেরার পথে ২০–৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় গাড়িচালক বাবু তালুকদার (২৮) ও কামরুল মোল্যা বাবু (৩৪) নামে দুইজনকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান মুজাহিদ বেগের সমর্থক মো. সজীব বেগ, যিনি থানায় অভিযোগটি দায়ের করেন।
সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ বলেন, “আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচনী মাঠে ছিলাম। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ফরিদপুর–৪ আসনের নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা ও হুমকির ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি জানান, থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তা নির্বাচন অনুসন্ধানকারী সংশ্লিষ্ট বিচারকের কাছে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন
Array