বোয়ালমারীতে সেনা–পুলিশের যৌথ অভিযান, ৪ মাদক কারবারি আটক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বোয়ালমারী আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সেনা সূত্র জানায়, এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।
অভিযান চলাকালে ইয়ামিন (২২), মুন্না (১৮), সাব্বির (২৬) ও শাহেদ (২১) নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। বিশেষ করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই অভিযানের মাধ্যমে বোয়ালমারী উপজেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসী যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এদিকে বোয়ালমারী থানা পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পূর্বের কোনো অপরাধ সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন
Array