খুঁজুন
, ,

সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদ উদ্‌যাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদ উদ্‌যাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১২টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় বোয়ালমারী উপজেলার মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮টায় মাইটকুমড়া জামে মসজিদ মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সহস্রাইল বাজারে এবং সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলার রাখালতলী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব এলাকায় এখন উৎসবমুখর পরিবেশে ঈদের আমেজ বিরাজ করছে। বাড়িতে বাড়িতে ঈদের দিনের বিশেষ খাবার তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের মাওলানা শামসুল আরেফিনের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদের নামাজ আদায় করে থাকেন।

ফরিদপুরে স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধে গোসল, মিষ্টি খাইয়ে ‘পাপমুক্ত’ হলেন স্বামী

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ফরিদপুরে স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধে গোসল, মিষ্টি খাইয়ে ‘পাপমুক্ত’ হলেন স্বামী

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তাঁর বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে দীর্ঘ ১৮ বছর আগে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোলজুড়ে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাঁদের সংসারে অশান্তি চরমে ওঠে। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন হোসেন মৃধা।

ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আমি দিনের পর দিন সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজের মানসিক শান্তি এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে এবং মিষ্টি বিতরণ করে নিজেকে কলঙ্কমুক্ত ওাপাপমুক্ত করলাম।’

১৮ বছরের দীর্ঘ সম্পর্কের এমন করুণ পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা জুড়ে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা ভবনে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কেরোসিন-মাখানো মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন এবং মোটরের পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে নিজের কক্ষে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া উঠতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে আগুন জ্বলতে দেখে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে তা নিভিয়ে ফেলি। সকালে বিষয়টি সালথা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিনমাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে।

প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়।
বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে।

কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগায়। আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায়।
জীবনকে আলোকিত করে তোলে। বিসমিল্লাহর রয়েছে অফুরন্ত বরকত।
রয়েছে অনন্য উপকারিতা। আজ আমরা সাতটি উপকারিতা নিয়ে কথা বলব ইনশাআল্লাহ।
কোরআনের অনুসরণ : কোরআনুল কারিম। আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি শ্রেষ্ঠ উপহার। এর প্রতিটি সুরায় রয়েছে নূর, রয়েছে হিদায়াত। আলোয় আলোয় ভরা পবিত্র এই কিতাবের প্রতিটি সুরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ১১৪টি সুরার মধ্যে সুরা তওবা ব্যতীত বাকি ১১৩টি সুরার সূচনাই বিসমিল্লাহর মাধ্যমে। এ থেকেই বিসমিল্লাহর অনন্য উপকারী ও সুউচ্চ মর্যাদার কথা ফুটে ওঠে দিবালোকের ন্যায়।

বরকতহীনতা থেকে মুক্তি : বিসমিল্লাহ বরকতের মাধ্যম। কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে তাতে বরকতের স্পর্শ পাওয়া যায়। পক্ষান্তরে বিসমিল্লাহ ছেড়ে দিলে কাজটি বরকতহীন হয়ে পড়ে। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহকে স্মরণ (বিসমিল্লাহ) করে শুরু না করা হয়, তাহলে তা লেজকাটা বা বরকতহীন হয়ে যায়।’ (আল জামেউস সগীর : ৬২৬৬)।

আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা : বিসমিল্লাহ বলার মাধ্যমে মানুষ প্রতি মুহূর্তে তার জীবনের গতিবিধি একমাত্র আল্লাহর দিকে ফিরিয়ে রাখে এবং তাঁর আনুগত্য স্বীকার করে। আর প্রতিটি কাজে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতাই বান্দার সফলতা বয়ে আনে।

নবীদের পবিত্র অভ্যাসের অনুকরণ : বিসমিল্লাহর আমল শুধু উম্মতে মুহাম্মাদির পবিত্র বৈশিষ্ট্যই নয়, বরং পূর্ববর্তী নবীদের পবিত্র জীবনাদর্শেও বিসমিল্লাহর অপরিহার্য উপস্থিতি লক্ষণীয়। পবিত্র কোরআন মাজিদে সে বিবরণ পাওয়া যায়। হজরত নূহ (আ.) মহাপ্লাবনের সময় নৌকায় আরোহণকালে বিসমিল্লাহ বলে আল্লাহর সাহায্য কামনা করেছিলেন।

ইরশাদ হয়েছে-নূহ (তাদের সবাইকে) বলল, তোমরা এ নৌকায় আরোহণ কর। এর চলাও আল্লাহর নামে এবং নোঙর করাও। নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা হুদ : ৪১)।

হজরত সুলায়মান (আ.)-এর আমল বা চিঠিপত্রও বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছিল, যা আমাদের জন্য আদর্শ। ইরশাদ হয়েছে, (সাবা সম্প্রদায়ের) রানি (বিলকিস বিনতে শারাহীল) (তার দরবারের লোকদের) বলল, হে জাতির নেতৃবর্গ! আমার সামনে একটি মর্যাদাসম্পন্ন চিঠি ফেলা হয়েছে। তা এসেছে সুলাইমানের পক্ষ থেকে। তা শুরু করা হয়েছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিমের’ মাধ্যমে (আল্লাহর নামে, যিনি রহমান ও রাহিম।)। (সুরা নামল : ২৯-৩০)

সর্বব্যাপী আল্লাহর রহমত : ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এ পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নাম রয়েছে, যার ফলে বান্দা আল্লাহর দয়া ও রহমত লাভ করে। আল্লাহর রহমত ও দয়া আমাদের সবারই আকাঙ্ক্ষিত। আমরা প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাই প্রতিনিয়ত বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর রহমত ও দয়ার আশ্রয় গ্রহণ করার বিকল্প নেই।

কৃতজ্ঞতা প্রকাশ : ওজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। নামাজ শুরুর প্রাক্কালে আমরা বিসমিল্লাহ বলি। পানাহারের আগেও আমরা বিসমিল্লাহ বলে থাকি। এভাবে বিভিন্ন ক্ষেত্রে বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর দয়া ও রহমত কামনার পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করা হয়। আল্লাহর দয়া ও অনুগ্রহের স্বীকৃতি দেওয়া হয়। নিজের অন্তরে বিনয় নম্রতা তৈরি হয়। আর আল্লাহর শোকর বা কৃতজ্ঞতা আদায় বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। নিয়ামত বৃদ্ধি পায়।

ইরশাদ হয়েছে, স্মরণ কর, তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (সুরা ইবরাহিম : ৭)

সুসংবাদ ও নিরাপত্তার নিশ্চয়তা : আমরা সবাই নিরাপত্তা চাই। এই নিরাপত্তা লাভের অনন্য মাধ্যম বিসমিল্লাহ। আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (অর্থ : আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া আর কারও কোনো ক্ষমতা নেই।) তখন তাকে বলা হয়, তুমি হিদায়াতপ্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানরা তার থেকে দূরে সরে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ওই ব্যক্তিকে কী করতে পারবে যাকে হিদায়াত দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে! (সুনানে আবু দাউদ- ৫০৯৫)

লেখক: খতিব, আউচপাড়া জামে মসজিদ টঙ্গী, গাজীপুর।