খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

ফরিদপুর-২ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা, শেষ মুহূর্তে ভোটের অঙ্কে টানটান উত্তেজনা

এহসানুল হক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম
ফরিদপুর-২ আসনে হাড্ডাহাডি লড়াইয়ের সম্ভাবনা, শেষ মুহূর্তে ভোটের অঙ্কে টানটান উত্তেজনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ভোটের মাঠে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জয়-পরাজয়ের সমীকরণ নিয়ে এলাকায় বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। শেষ মুহূর্তের হিসাব-নিকাশে কে এগিয়ে, কে পিছিয়ে—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

এই আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আল্লামা শাহ্ আকরাম আলী ফরিদপুর অঞ্চলের একজন সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান আলেম হিসেবে পরিচিত। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা।

স্থানীয় রাজনীতিক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল অনিশ্চিত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে উভয় পক্ষই গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চলছে।

ভোটারদের সঙ্গে আলাপে উঠে এসেছে এবারের নির্বাচনের প্রধান ইস্যুগুলো। এর মধ্যে রয়েছে মাদক ও চাঁদাবাজি নির্মূল, এলাকার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। অনেক ভোটার এখনো তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি, যা নির্বাচনী ফলাফলকে আরও অনিশ্চিত করে তুলেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোটারদের একটি বড় অংশ প্রকাশ্যে তাদের পছন্দের প্রার্থীর নাম বলতে অনিচ্ছুক। রাজনৈতিক চাপ কিংবা পরবর্তী সময়ে কোনো ধরনের হয়রানি এড়াতেই তারা নীরবতা অবলম্বন করছেন বলে ধারণা স্থানীয়দের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ‘নীরব ভোটারদের’ ভোটই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। মাঠে সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি নগরকান্দা-সালথার মানুষ শামা ওবায়েদ ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

অন্যদিকে আল্লামা শাহ্ আকরাম আলীর মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “নগরকান্দা-সালথা উপজেলায় দুর্নীতি, অন্যায় ও জুলুম রুখে দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে দলমত নির্বিশেষে একটি মানবিক নগরকান্দা-সালথা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে রিকশা মার্কায় একটি নীরব বিপ্লব হবে ইনশাআল্লাহ।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

সব মিলিয়ে ফরিদপুর-২ আসনে শেষ হাসি কে হাসবে, তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন স্থানীয় রাজনীতিক ও বিশ্লেষকরা।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।