ফরিদপুরে এসডিসির ফ্রি মেডিকেল ক্যাম্প: থ্যালাসেমিয়া স্ক্রিনিংসহ অর্ধশতাধিক রোগীর সেবা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগে সহযোগিতা করে ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কাদিরদী এলাকায় এসডিসির কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসডিসির মাইক্রোফাইন্যান্স পরিচালক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আরপি এবং ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও হিমোফিলিয়া কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. মিজানুর রহমান।
এসডিসির সমন্বয়কারী প্রসেনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক মৃধা, সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ এবং সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বুলবুল ইসলাম। বক্তারা এ ধরনের উদ্যোগকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
ক্যাম্পে উপস্থিত ছিলেন এসডিসির অ্যাম্বাসেডর ডা. ইশতিয়াক আহমেদ অর্ণব ও ডা. অন্যন্যা বাইন পূজা। তারা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করেন।
এদিন ক্যাম্পে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি, হেপাটাইটিস শনাক্তকরণসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রায় অর্ধশতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
Array