ফরিদপুরে একদিনে আরও ৩০ জনের হাম শনাক্ত
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হালনাগাদ তথ্য থেকে এসব কথা জানা গেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৩ জনে। এই সময়ে প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন। যার মধ্যে জেনারেল হাসপাতালে ২২ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন রোগী। এ নিয়ে জেলাটিতে মোট ৫ হাজার ৪৯৭ জন আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলাভিত্তিক হাম আক্রান্তের তালিকায় আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন নথিভুক্ত রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আসা সন্দেহভাজন রোগীদের মধ্যে ২৩ জন ফরিদপুর জেলার এবং বাকি ৭ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলার বাসিন্দা।

আপনার মতামত লিখুন
Array