ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প: শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুন) সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিসি)-এর আয়োজনে এবং স্বপ্নগড়ি ফাউন্ডেশন ফরিদপুর ও থ্যালাসেমিয়া-হিমোফিলিয়া রুগী কল্যাণ কেন্দ্রের (পশ্চিম খাবাসপুর) সহযোগিতায় কানাইপুর এসডিসি ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগী অংশগ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ক্যাম্পে আগত রোগীদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, উপসর্গ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ, এর কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি এবং প্রতিরোধে টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া হাইপোথাইরয়েডিজম ও থাইরয়েডজনিত বিভিন্ন রোগ নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এ সময় ওই অঞ্চলের প্রায় শতাধিক থাইরয়েড আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা পরীক্ষার সময় কয়েকজন রোগীর মধ্যে উদ্বেগজনক স্বাস্থ্যঝুঁকি শনাক্ত হয়। এর মধ্যে একজনের রক্তচাপ ১৮০/১১০ মি.মি. পারদ পাওয়া যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ের। অপর একজনের রক্তে শর্করার মাত্রা ২৩.৩ ধরা পড়ে, যা মারাত্মক ডায়াবেটিস জটিলতার ইঙ্গিত দেয়। এছাড়া এক রোগীর TSH-এর মাত্রা ৫৪.১ পাওয়া যায়, যা তীব্র হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হিসেবে বিবেচিত।
ক্যাম্পে অনেক রোগীর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা হয়। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
স্বপ্নগড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. মিজানুর রহমান (মিজান) বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে স্বপ্নগড়ি ফাউন্ডেশন। সংগঠনটির তত্ত্বাবধানে পরিচালিত ‘দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানা’-য় বর্তমানে ৫০ জনের বেশি আবাসিক শিক্ষার্থী লেখাপড়া করছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, রক্তদাতা সংগ্রহ এবং অসহায় শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে নানা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন এসডিসি-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নগড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. মিজানুর রহমান (মিজান), ডা. সাদেকা সুলতানা সেতু, ডা. আব্দুল্লাহ ইসলাম, এসডিসির সমন্বয়কারী প্রসেনজিৎ পাল, স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া আক্তার ও নূর আলম চৌধুরী।
এছাড়া স্বপ্নগড়ি ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির মোল্লা, মো. রেফাতুল ইসলাম (নোমান), এস. এম. জান্নাতুল ফেরদৌস (আলিফ), শেখ মোহাম্মদ রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array