খুঁজুন
, ,

ফরিদপুরে জামায়াতের আমীরের ছেলের ওপর নৃশংস হামলা, হাসপাতালে ভর্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ফরিদপুরে জামায়াতের আমীরের ছেলের ওপর নৃশংস হামলা, হাসপাতালে ভর্তি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মুজাহিদুল ইসলাম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলা সংঘটিত হয়। ঘটনার সময় বিদ্যালয়টিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

আহত মুজাহিদুল ইসলাম নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের মো. এনায়েত হোসেনের ছেলে। তিনি ফরিদপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, তার পিতা এনায়েত হোসেন তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।

মুজাহিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে মুজাহিদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ফেরদৌস, তরিকুল, শান্তসহ অন্তত ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মুজাহিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, চাপাতি ও গরু জবাইয়ের ছুরি দিয়ে মুজাহিদের মাথা, ঘাড়, পিঠ ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

হামলার সময় মুজাহিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত রয়েছে এবং তিনি এখনও শঙ্কামুক্ত নন।

মুজাহিদের পিতা এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলের ওপর হামলা চালানো হয়েছে। তারা তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ‘ফরিদপুর প্রতিদিন‘-কে জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এই ছাত্রলীগ নেতার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ফেরদাউস। মঙ্গলবার দুপুরে তিনি সালথা থানা রোড এলাকায় এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​পরিবার সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে অফিসার পদে যোগ দেওয়ার কথা ছিল।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. কালাচান শেখ (৬০) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস (রেজি নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে  রাখা আছে।

​ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।