খুঁজুন
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২

ফরিদপুরে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪০ এএম
ফরিদপুরে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে

বাংলাদেশ পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর জেলার প্রার্থীদের জন্য আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত কয়েকটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে ৫ মার্চ, শেষ হবে ৩১ মার্চ ২০২৬।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরিদপুর জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নিয়োগ পদ্ধতিতে প্রার্থীদের প্রথমে Physical Endurance Test (PET) বা শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় মোট সাতটি ইভেন্ট থাকবে। এগুলো হলো—২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং। এসব ধাপে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সব ধাপ সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের মধ্য থেকেই চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা একটি বিশেষ নির্দেশনামূলক ভিডিও তৈরি করেছে। সেখানে PET পরীক্ষার প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন, প্রস্তুতির পদ্ধতি এবং প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে “নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা” শিরোনামে প্রকাশ করা হয়েছে। নিয়োগে আগ্রহীদের ভিডিওটি দেখে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে। কোনো ধরনের তদবির, অবৈধ প্রভাব বা দুর্নীতির সুযোগ নেই। শুধুমাত্র যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে।

এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে আগ্রহী প্রার্থী ও অভিভাবকদের প্রতারকচক্র বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কেউ যদি নিয়োগের নামে প্রতারণার চেষ্টা করে, তবে সে বিষয়ে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ, সৎ ও যোগ্য তরুণদের বাংলাদেশ পুলিশের এই গৌরবময় বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

চরভদ্রাসনে মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম
চরভদ্রাসনে মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে আমেরিকা প্রবাসী (আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মো. আলমগীর কবিরের ব্যাক্তিগত তহবিল থেকে ২৫০টি মসজিদের ইমামদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নে ব্যাপারী বাড়ির উঠানে তার পক্ষ থেকে মসজিদের ইমামদের হাতে এ উপহার সামগ্রী তুলেদেন আলমগীর কবিরের পিতা হাজী আব্দুর রহীম ও তার ছোট ভাই মো. মোস্তফা কবির।

এ সময় উপস্থিত ছিলেন- গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মো. রফিক ব্যাপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে উপস্থিত সকল ইমামদের সাথে কুশল বিনিময় শেষে সকলের উদ্দ্যেশে আলমগীর কবির বলেন, আমি করোনাকালীন সময় থেকে ইমামদের সহযোগিতায় পাশে আছি। আগামীতেও আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি ইমামদের সন্মানে তাদের সহযোগিতায় কাজ করে যাব। আমি চাই আমাকে দেখে দেশের যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন বিভিন্ন উপজেলায় তারাও এই মহতি কাজে এগিয়ে আসবেন।

জানা যায়, আলমগীর কবিরের ব্যাক্তিগত অর্থায়নে ২০০৬ সাল থেকে বিশেষ করে করোনাকালীন সময় ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উপজেলার অনেক অসহায় মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণে নানামূখী কাজ করে যাচ্ছেন আলমগীর কবির।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য পঁচিশ কেজির ১বস্তা চাল, এক কেজি পেলাওর চাল, চিনি, সেমাই,গুড়া দুধ ও নগদ দুই হাজার টাকা।

ফরিদপুরে আবাসিক হোটেল ও বস্তিতে যৌথবাহিনীর অভিযান, ২০ জনকে কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম
ফরিদপুরে আবাসিক হোটেল ও বস্তিতে যৌথবাহিনীর অভিযান, ২০ জনকে কারাদণ্ড

ফরিদপুর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানার দুই নম্বর কুঠিবাড়ি রেলওয়ে বস্তি ও শহরের বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর রোকনুজ্জামান। এ সময় শহরের কয়েকটি আবাসিক হোটেল ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বেশ কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ আরও কয়েকজন। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া অভিযানের সময় লিটন হোসেন, শাকিল আলম ও শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সবাইকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকা থেকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, সমাধিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:১৫ পিএম
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলা সাহিত্যের প্রখ্যাত পল্লীকবি জসীমউদ্দীন–এঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করা হয়েছে। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

এ সময় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম, গ্রামীণ জীবনচিত্র এবং মানবিক মূল্যবোধ তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সহজ-সরল সৌন্দর্য, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও সংস্কৃতিকে কবিতায় জীবন্ত করে তুলেছিলেন জসীমউদ্দীন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি। বক্তারা নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্য থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

এ সময় আয়োজকরা জানান, পল্লীকবি জসীমউদ্দীনের জীবন ও সাহিত্য নিয়ে ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। বইটি প্রকাশিত হলে নতুন প্রজন্ম কবির জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।