খুঁজুন
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন, ১৪৩২

সরকারি জমি দখলকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক ও সালথা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম
সরকারি জমি দখলকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের বাসিন্দা সঞ্জয় মালোর সঙ্গে একই এলাকার মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করে।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিরোধপূর্ণ সরকারি জমি নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।

সালথায় সড়ক দুর্ঘটনার ৯ দিন পর প্রাণ হারালেন কৃষক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম
সালথায় সড়ক দুর্ঘটনার ৯ দিন পর প্রাণ হারালেন কৃষক

ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পান্নু মাতুব্বর (৬০) নামে এক কৃষক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত পান্নু মাতুব্বর উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজাপুরুরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে নিজ খামারের উৎপাদিত পেঁয়াজ বিক্রির জন্য সালথা বাজারে যান পান্নু মাতুব্বর। বিক্রি শেষে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে সালথা সরকারি কলেজ মোড়ে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তাকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা আট দিন চিকিৎসা নেওয়ার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

এ বিষয়ে ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু মোল্যা পান্নু মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সালথা সরকারি কলেজ মোড় এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়কটির নিয়ন্ত্রণহীন যান চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার অভাব এবং বেপরোয়া গাড়ি চালনার কারণে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। তারা দ্রুত সেখানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে পান্নু মাতুব্বরের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ পিএম
ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু

ইসরায়েলের পর ইরানে আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে মার্কিন হামলা চালানো হচ্ছে।

এদিকে, আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মূল লক্ষ্য হলো ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া।

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা:

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশসীমা বন্ধ করে থাকবে।’

ইরাক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাক তাদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।

ইরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম
ইরানে ইসরায়েলের হামলা

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের হুমকি দিয়েছেন যে, তার দাবিগুলো, যেখানে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত, মেনে না নিলে হামলা চালানো হবে। এরপর থেকেই অঞ্চলটিতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। তবে ইরানে ইসরায়েলের চালানো এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত কি না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস