খুঁজুন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অভিযান, বাস থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২৭ এএম
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অভিযান, বাস থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মৃত ইমদাদুল মৃধার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. ছাকেন মৃধার ছেলে মো. আল আমিন মৃধা (২৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মুন্সিবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মাদক পাচারকারীদের ধরতে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, বিকেল ৩টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় শহিদুল ইসলাম ও আল আমিন মৃধার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি করলে শহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে তিন হাজার পিস এবং আল আমিন মৃধার পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক বেলায়েত হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলেও তিনি জানান।

আটক দুই মাদক কারবারিকে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১০ এএম
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও অ্যাজেন্ডা নির্ধারণ করা হবে।

প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) প্রধান কাজ হবে সরকার যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদকালে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা সভাপতিত্ব করবেন বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথপাঠ করাবেন। তাদের নির্বাচনের পর শপথগ্রহণের জন্য অধিবেশন ১৫ থেকে ২০ মিনিটের জন্য মুলতবি করা হতে পারে। এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন।

প্রথম বৈঠকেই নতুন সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন নতুন স্পিকার। এই কমিটিই উদ্বোধনী অধিবেশনের মেয়াদ এবং সংসদের অন্যান্য কার্যসূচি নির্ধারণ করবেন।

এ অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে। প্রথম বৈঠকে সংসদে শোক প্রস্তাবও গৃহীত হবে।

বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।

তথ্য সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

 

ঈদের নামাজের নিয়ম-নিয়ত, এক নজরে দেখে নিন

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৫৭ এএম
ঈদের নামাজের নিয়ম-নিয়ত, এক নজরে দেখে নিন

রমজান মাসের দীর্ঘ সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলোর একটি হলো ঈদের সকাল। সারা মাস সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির অনুশীলনের পর ঈদের দিনটি আসে খুশি, কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে মাথা নত করার এক অনন্য বার্তা নিয়ে।

এই দিনের সূচনা হয় পবিত্র ঈদের নামাজের মাধ্যমে। ঈদের জামাতে মুসল্লিদের ঢল, তাকবিরের ধ্বনি, পরস্পরের কোলাকুলি; সব মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের প্রতীক।

তবে অনেকের মধ্যেই ঈদের নামাজের নিয়ত ও নিয়ম নিয়ে কিছুটা সংশয় বা প্রশ্ন দেখা যায়। ঈদের নামাজে অতিরিক্ত তাকবির থাকার কারণে এর পদ্ধতিও সাধারণ ফরজ নামাজের তুলনায় কিছুটা ভিন্ন। তাই সঠিকভাবে নামাজ আদায়ের জন্য নিয়ত, তাকবির, কেরাত ও অন্যান্য বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ।

ইসলামি শরিয়তে ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। এই নামাজে নির্দিষ্ট পদ্ধতিতে ছয়টি অতিরিক্ত তাকবির বলা হয় এবং তা জামাতে আদায় করা হয়। নিয়ত করার পদ্ধতি, নামাজের ধাপগুলো কীভাবে সম্পন্ন করতে হয়, কোন সুরা পড়া সুন্নত এবং কেরাত কীভাবে আদায় করতে হয়—এসব বিষয় জানা থাকলে ঈদের নামাজ আরও সুন্দর ও শুদ্ধভাবে আদায় করা সম্ভব হয়।

নিচে ঈদের নামাজের নিয়ত, নিয়ম, কেরাত এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় বিধানগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো

ঈদের নামাজের নিয়ত

মনের ইচ্ছাই নিয়ত। ঈদুল ফিতরের নামাজে দাঁড়ানোর সময় আমাদের স্মরণে থাকে, আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছি, এই স্মরণটাই মূলত নিয়ত। এই নিয়তের সঙ্গে মনে রাখতে হবে, ‘ঈদের নামাজ ওয়াজিব এবং এ নামাজে ছয় তাকবির আছে।’

এভাবে নিয়ত করা যায়, ‘আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায়ের নিয়ত করছি।’ তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। যারা বিশুদ্ধভাবে আরবি বলতে পারেন, তারা আরবিতেও নিয়ত করতে পারেন। আরবি নিয়ত করা বা মুখে উচ্চারণ করা আবশ্যকীয় নয়।

প্রচলিত আরবি নিয়তটি হলো, نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ঈদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ : আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহু আকবার।

ঈদের নামাজের নিয়ম

ঈদের নামাজ দুই রাকাত। নিয়ত করে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করে ছানা পড়বে। ছানা পড়ার পর ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ বলে আরও তিনটি তাকবির বলবে।

প্রথম দুই তাকবির বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে হাত না বেঁধে ছেড়ে দেবে। তৃতীয় তাকবির বলার সময় কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে বেঁধে নেবে। অতঃপর সুরা-কেরাত পড়ে রুকুতে যাবে এবং প্রথম রাকাত শেষ করবে।

দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা-কেরাত পড়ে রুকুতে যাওয়ার পূর্বে আগের নিয়মে তিনটি তাকবির বলবে। তবে দ্বিতীয় রাকাতে তৃতীয় তাকবির বলার সময়ও হাত না বেঁধে ছেড়ে দেবে। অতঃপর চতুর্থ তাকবির বলে রুকু করবে। এরপর অন্যান্য নামাজের ন্যায় যথারীতি নামাজ শেষ করবে। (কিতাবুল আছল : ১/৩১৯, আলহাবীল কুদসী : ১/২৪৩)

কেরাত

ঈদের নামাজে প্রথম রাকাতে ‘সুরা আ‘লা’ এবং দ্বিতীয় রাকাতে ‘সুরা গাশিয়াহ’ বা প্রথম রাকাতে ‘সুরা কফ’ এবং দ্বিতীয় রাকাতে ‘সুরা কমার’ পড়া সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে এ সুরাগুলো পড়তেন। তবে অন্য যে কোনো সুরাও পড়া যেতে পারে। (মুসলিম : ৮৭৮, সুনানে নাসায়ী : ১৫৬৭, কিতাবুল আছল : ১/৩২১, আলমুহীতুল বুরহানী : ২/৫০০)

কেরাত কীভাবে পড়বে?

জুমার নামাজের ন্যায় ঈদের নামাজের কেরাতও উচ্চৈঃস্বরে পড়া ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ ও ইস্তেসকার নামাজে কেরাত উচ্চৈঃস্বরে পড়তেন (সুনানে দারাকুতনী : ১৮০৩, জামে সগীর : পৃ. ১১৪)। তাই ইমাম সাহেব উভয় রাকাতেই কেরাত উচ্চৈঃস্বরে পড়বেন।

সূত্র : কালবেলা

ইতিকাফের সময় নারীদের ঘরের কাজ করা কি জায়েজ? যা বলছে ইসলামের বিধান

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৪৮ এএম
ইতিকাফের সময় নারীদের ঘরের কাজ করা কি জায়েজ? যা বলছে ইসলামের বিধান

আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতিকাফ। ইসলামে পুরুষের জন্য রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ মহল্লার মসজিদে পুরুষদের মধ্যে একজনও যদি ইতিকাফ করে, তাহলে পুরো মহল্লাবাসী দায়মুক্ত হয়ে যাবে।

তবে ইতিকাফ শুধু পুরুষের জন্যই নয়; বরং শর্তসাপেক্ষে নারীরাও ইতিকাফ করতে পারবেন। হজরত আয়েশা সিদ্দীকা (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.) আজীবন রমজানের শেষ দশকগুলো ইতিকাফ করেছেন। তার ওফাতের পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন।’ (আলফিয়্যাতুল হাদিস: ৫৪৬)

কিন্তু নারীদের জন্য ইতিকাফ সুন্নত নয়; বরং মোস্তাহাব। কারণ, রাসুল (সা.) এর স্ত্রীরা ইতিকাফ পালনের জন্য তাঁর অনুমতি চেয়েছেন। এতে প্রমাণ হয়, ইতিকাফের জন্য অভিভাবকের অনুমতি নেওয়া জরুরি। (আলবানি, কিয়ামু রমজান : ২৯)

কিন্তু কোনও নারীর স্বামী যদি এমন অসুস্থ বা অক্ষম হন যে তার নিবিড় শুশ্রূষার প্রয়োজন, তাহলে তার ইতিকাফে বসা উচিত হবে না। কিংবা কারও ছোট ছোট সন্তান থাকলে যদি তাকে দেখার কেউ না থাকে, তবে তারও উচিত হবে না ইতিকাফে বসা। (আহকামে রমজান ও জাকাত : ৬৪)

আর কোনো নারী ইতিকাফ করতে চাইলে তার নিয়ম হলো, সে তার ঘরের মসজিদে (নিজ নামাজের জন্য নির্ধারিত কক্ষ বা জায়গায়) ইতিকাফ করবে। যদি আগ থেকে নামাজের জন্য জায়গা নির্ধারিত না থাকে, তাহলে একটি জায়গা নির্ধারণ করে নেবে এবং সেখানে ইতিকাফে বসবে। এ ক্ষেত্রে সে সুন্নত ইতিকাফের নিয়ত করলে সুন্নাত ইতিকাফের বিধিবিধান তার জন্যও প্রযোজ্য হবে। (ফাতাওয়া হিন্দিয়া: ১/২১১)

ইতিকাফকারী নারী ইতিকাফের নির্ধারিত স্থান থেকে মানবিক প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। খাবার পৌঁছে দেওয়ার লোক না থাকলে খাবার আনার জন্য বাইরে যেতে পারবেন। পানাহারও সেই নির্ধারিত স্থানেই করতে হবে। ( হেদায়া : ১/২৩০)

ইতিকাফের স্থান থেকে অন্যদের সাংসারিক কাজের নির্দেশনা দেওয়া যাবে। তবে বাইরে যাওয়া যাবে না। রান্নার লোক না থাকলে ইতেকাফের স্থানে বসে রান্না করা সম্ভব হলে করা যাবে (ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ১৫/৩৩৪)। দরকার হলে সেখানে বাইরের কাউকে ডাকতে পারবেন, কথা বলতে পারবেন। (বাদায়েউস সানায়ে : ২/২৮২)

ইতিকাফ অবস্থায় স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যাবে না। তবে তিনি চাইলে পাশে থাকতে পারবেন (ফাতাওয়ায়ে শামি : ৩/৪৪২)। শিরক বা কুফরি কাজে লিপ্ত হলে এবং অজ্ঞান বা পাগল হয়ে গেলে বা মাতাল হয়ে পড়লে ইতিকাফ নষ্ট হয়ে যাবে এবং ঋতুস্রাব শুরু হলে, সন্তান ভূমিষ্ঠ হলে কিংবা গর্ভপাত হলে ইতিকাফ বহাল থাকবে না। (আহসানুল ফাতাওয়া : ৪/৫০২)

সূত্র : কালবেলা