খুঁজুন
, ,

লিভার নষ্ট হওয়ার আগেই শরীর যে ১০ সংকেত দেয়?

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
লিভার নষ্ট হওয়ার আগেই শরীর যে ১০ সংকেত দেয়?

আমাদের শরীরের অন্যতম প্রধান এবং অপরিহার্য অঙ্গ হলো লিভার বা যকৃৎ। এটি রক্ত থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেওয়া, হজমে সাহায্য করা এবং শরীরের প্রয়োজনীয় উপাদান তৈরি করাসহ শত শত গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিন সম্পন্ন করে। একটি সুস্থ লিভার সাধারণত কোনো সমস্যা ছাড়াই কাজ করে যায়। তবে লিভার যখন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা যায় না।

বিশেষজ্ঞদের মতে, লিভারের রোগ বা ক্ষতি যখন বাড়তে থাকে, তখন শরীর কিছু নির্দিষ্ট সংকেত দিতে শুরু করে যা আমাদের কখনোই অবহেলা করা উচিত নয়। নিচে লিভার নষ্ট হওয়ার বা রোগাক্রান্ত হওয়ার ১০টি গুরুত্বপূর্ণ সংকেত আলোচনা করা হলো:

লিভার সমস্যার ১০টি প্রধান লক্ষণ

জন্ডিস: ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া লিভারের সমস্যার অন্যতম প্রধান লক্ষণ।

পেটে ব্যথা বা ফোলাভাব: পেটে অস্বস্তি, ব্যথা বা অস্বাভাবিক ফোলাভাব দেখা দিতে পারে।

সহজেই কালশিটে পড়া: সামান্য আঘাতেই শরীরে কালশিটে পড়ার প্রবণতা বেড়ে যাওয়া।

ত্বকে চুলকানি: কোনো কারণ ছাড়াই ত্বকে অতিরিক্ত চুলকানি অনুভব করা।

পা বা গোড়ালি ফুলে যাওয়া: শরীরের নিচের অংশ বিশেষ করে পা ও গোড়ালি ফুলে যাওয়া লিভার ক্ষতির লক্ষণ হতে পারে।

অপ্রত্যাশিত ওজন হ্রাস: ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া।

ক্ষুধামন্দা: খাবারে অনীহা বা ক্ষুধা কমে যাওয়া।

বমি বমি ভাব এবং বমি: প্রায়ই বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া।

দুর্বলতা ও নিম্ন রক্তচাপ: সবসময় দুর্বল অনুভব করা এবং রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া।

ফ্যাকাশে মল: মলের রঙ সাদা বা চকের মতো ফ্যাকাশে হয়ে যাওয়া।

কেন লিভার ক্ষতিগ্রস্ত হয়?

লিভারের সমস্যার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন: ভাইরাল হেপাটাইটিস (এ, বি বা সি ভাইরাস), সিরোসিস (লিভারের টিস্যু ক্ষতবিক্ষত হয়ে যাওয়া) এবং বর্তমানে অত্যন্ত সাধারণ হয়ে ওঠা *ফ্যাটি লিভার ডিজিজ। অতিরিক্ত মদ্যপান অথবা স্থূলতার কারণে লিভারে চর্বি জমে এই সমস্যা তৈরি হতে পারে। এ ছাড়া লিভার ক্যান্সার এবং লিভার ফেইলিউরের মতো মারাত্মক পরিস্থিতিও তৈরি হতে পারে।

শনাক্তকরণ ও সুরক্ষা

লিভারের অবস্থা বোঝার জন্য সাধারণত চিকিৎসকরা *রক্ত পরীক্ষা* করার পরামর্শ দেন। এ ছাড়া আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োপসির মাধ্যমেও লিভারের ক্ষতি বা ক্যান্সার শনাক্ত করা হয়।

লিভার সুস্থ রাখার উপায় লিভার ভালো রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি:

অতিরিক্ত মদ্যপান ত্যাগ করা।

ধূমপান এবং অবৈধ ড্রাগ সেবন থেকে বিরত থাকা।

নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা এবং অন্যদের সুঁই বা রেজর শেয়ার না করা (হেপাটাইটিস প্রতিরোধের জন্য)।

ওষুধ ও ভিটামিন সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা।

স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা।

শরীরে ওপরের লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে অনেক ক্ষেত্রেই লিভারের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

তথ্যসূত্র: পিআইএইচ হেলথ

সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

ফরিদপুরের সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি দবির উদ্দিন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, সালথার স্মারকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলায় ৬৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার পরিচয়পত্রসহ মাঠে কাজ করছেন। তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ ও অনলাইন ডেটাবেজে সংযুক্ত করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগৃহীত তথ্য থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করে পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও জীবনযাত্রার মান বিশ্লেষণ করা হবে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পাঁচটি কোয়াইন্টাইলে (Quintile) বিন্যাস করে খানার আয় ও ব্যয়ের মান অনুযায়ী অর্থনৈতিক শ্রেণি নির্বাচনপূর্বক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে কোনো তথ্য সংগ্রহকারী বা কর্তৃপক্ষের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই; সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উপযুক্ত পরিবার নির্বাচিত হবে।

সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তি বা এ সংক্রান্ত যেকোনো সেবার জন্য সমাজসেবা কার্যালয় বা জরিপকাজে নিয়োজিত কারও কাছে অর্থ, ফি বা বকশিসের নামে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালালচক্র ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়া কিংবা জরিপে সহযোগিতার নামে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাদের সঙ্গে কোনো অর্থ লেনদেন না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া কার্ডের কার্যক্রম ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা সমাজসেবা অফিসারকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রতারণা ও অর্থ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে না পড়ে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি থানা-সংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই মার্কেটের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়, যা দেখে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানার পাশের এক চা দোকানি লিটন সাহা জানান, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বেরিয়ে দেখতে পান, পৌর মার্কেটের সাত নম্বর দোকান ‘মা ইলেকট্রনিক’-এর বরাবর ওপরে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি পরিদর্শন করে।

এদিকে ঘটনার সময় থানার বিপরীত পাশে মহাকালীর মোড় এলাকায় অবস্থান করছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। বিস্ফোরণের শব্দ শুনে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে অবস্থিত ‘গৌড় গোপাল আঙিনা ট্রাস্ট’-এর মালিকানাধীন সাততলা ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের শব্দ বেশ জোরালো হলেও ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরাধবোধ ছাড়াই অন্যকে ‘না’ বলবেন যেভাবে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অপরাধবোধ ছাড়াই অন্যকে ‘না’ বলবেন যেভাবে?

সব অনুরোধে রাজি হওয়া কিংবা অন্যের মন রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে বারবার উপেক্ষা করা, অনেকেরই এমন অভ্যাস রয়েছে। প্রয়োজন না থাকলেও তারা কাউকে ফিরিয়ে দিতে পারেন না।

পাছে কেউ কষ্ট পান, সম্পর্ক নষ্ট হয় কিংবা তাকে স্বার্থপর মনে করেন, এমন আশঙ্কা থেকেই বেশির ভাগ সময় ‘হ্যাঁ’ বলে ফেলেন। অথচ নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দায়িত্ব নেওয়ার পর তৈরি হয় বাড়তি চাপ।

আবার কখনো সাহস করে ‘না’ বললেও পিছু ছাড়ে না অপরাধবোধ।

কিন্তু অন্যকে সন্তুষ্ট রাখতে গিয়ে নিজের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়া কতটা যুক্তিসংগত? মনোবিদদের মতে, সামাজিক জীবনে অন্য কাউকে হতাশ করার বিষয়টি সহজে মেনে নিতে পারেন না অনেকেই।

এর পেছনে কাজ করে কয়েকটি মানসিক ও সামাজিক কারণ।

প্রত্যাখ্যান ও দ্বন্দ্বের আশঙ্কা

অনেকের ধারণা, কোনো অনুরোধে অসম্মতি জানালে অপর ব্যক্তি তাকে স্বার্থপর ভাবতে পারেন।

এতে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কাও তৈরি হয়। এই ভয় থেকেই নিজের অসুবিধা থাকা সত্ত্বেও তারা অন্যের কথায় সম্মতি দেন।

সবসময় ভালো মানুষ হওয়ার চাপ

সমাজে প্রচলিত একটি ধারণা হলো, ভালো মানুষ হতে হলে অন্যের প্রয়োজনে পাশে থাকতে হবে, নিজের কথা ভাবা যাবে না। এমন ধারণা থেকে অনেকেই সবসময় অন্যের কাছে ভালো থাকার চেষ্টা করেন। ধীরে ধীরে এটি তাদের ওপর একধরনের সামাজিক ও মানসিক চাপে পরিণত হয়।

অন্যের হতাশার দায় নিজের কাঁধে নেওয়া

আপনার কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু সেই অসন্তুষ্টির জন্য নিজেকে দায়ী ভাবার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। নিজের সিদ্ধান্তের যথেষ্ট কারণ থাকলেও অন্যের মন খারাপ হবে, এই চিন্তা তাদের অপরাধবোধে ভোগায়। অথচ ‘না’ বলার অভ্যাস না থাকলে এমন অস্বস্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

কথা দেওয়ার আগে সময় নিন

কেউ কোনো অনুরোধ করলেই সঙ্গে সঙ্গে সম্মতি দেওয়ার প্রয়োজন নেই। কাজটি করার মতো সময়, সামর্থ্য কিংবা মানসিক প্রস্তুতি আপনার আছে কি না, তা আগে ভেবে দেখুন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি দিলে পরে সেটি পালন করাও কঠিন হয়ে উঠতে পারে।

নম্রভাবে নিজের সিদ্ধান্ত জানান

কাউকে কোনো কাজে সাহায্য করতে না পারলে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভদ্রভাবে নিজের অবস্থান জানিয়ে দিন। যেমন বলতে পারেন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়।’ এতে যেমন আপনার সিদ্ধান্ত স্পষ্ট হবে, তেমনি কথাটিও বলা হবে নম্রভাবে।

অপরাধবোধের কারণ খুঁজে দেখুন

‘না’ বলার পর মন খারাপ হলে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন, শুধু এই আশঙ্কা থেকেই আপনার খারাপ লাগছে? নিজের অনুভূতির কারণ বুঝতে পারলে অযথা অপরাধবোধ কাটিয়ে ওঠা সহজ হতে পারে।

মনে রাখুন, সবাই আপনার সঙ্গে একমত হবেন না

প্রত্যেক মানুষের চিন্তা, পছন্দ ও মতামত আলাদা। তাই আপনার প্রতিটি সিদ্ধান্ত অন্যের পছন্দ হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলেই সেটি ভুল বা অন্যায় হয়ে যায় না।

সম্পর্কে নিজের সীমারেখা তৈরি করুন

অন্যের অনুরোধে সবসময় রাজি হওয়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজের সীমাবদ্ধতা বুঝতে হবে। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেবেন না। কোনো সিদ্ধান্ত জানানোর আগে সময় চাইতে পারেন। ভেবে দেখুন, কাজটি আপনার পক্ষে করা সম্ভব কি না এবং সেটি আপনার জন্য কতটা স্বাচ্ছন্দ্যকর।

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন

সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। আবার না ভেবেই ‘হ্যাঁ’ বলে ফেললে নিজের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে সততার সঙ্গে সিদ্ধান্ত নিন। শুরুতে অভ্যাসটি কঠিন মনে হলেও নিয়মিত চর্চায় ধীরে ধীরে সহজ হয়ে উঠবে।

প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন

অন্যকে না বলতে না পারার কারণে তৈরি হওয়া অপরাধবোধ যদি আপনার দৈনন্দিন জীবনযাপন ব্যাহত করে কিংবা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলে, তাহলে পেশাদার কাউন্সেলরের সহায়তা নিতে পারেন।

অন্যের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো গুণ। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করা জরুরি নয়। সব অনুরোধে সম্মতি দেওয়াই ভালো মানুষ হওয়ার একমাত্র শর্ত নয়। কখনো কখনো নিজের স্বাচ্ছন্দ্য ও মানসিক শান্তির জন্য ‘না’ বলাটাও প্রয়োজন।