খুঁজুন
, ,

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত নতুন তথ্য অনুসারে, ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, বিশ্বে প্রতি ১০০ মৃত্যুর মধ্যে একটি হলো আত্মহত্যাজনিত, যা মূলত তরুণদের মধ্যে বেড়ে চলা মানসিক স্বাস্থ্য সংকটের ভয়াবহ চিত্রকে তুলে ধরছে।

অনেক দেশ তাদের মানসিক স্বাস্থ্য নীতি এবং কর্মসূচিগুলোকে শক্তিশালী করেছে, তবুও মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং প্রচারের জন্য পরিসেবাগুলো বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী আরও বেশি বিনিয়োগ এবং পদক্ষেপের প্রয়োজন।

ডব্লিউএইচওর তথ্যমতে, ২০২১ সালে বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে। সংস্থার অ-সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডেভোরা কেস্টেল বলেন, বিশ্বব্যাপী প্রতিটি আত্মহত্যার বিপরীতে ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে। এসব মৃত্যু শুধু জীবনকে শেষ করে না, অসংখ্য পরিবার, বন্ধু ও সহকর্মীকে অমানবিক কষ্টের মুখেও ফেলে।

আত্মহত্যার প্রবণতা বেশি নারীদের

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা, আর একই বয়সী পুরুষদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।

২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বয়স-সমন্বিত আত্মহত্যার হার বিশ্বব্যাপী ৩৫ শতাংশ কমলেও নির্ধারিত লক্ষ্য থেকে এখনো পিছিয়ে রয়েছে বিশ্ব। ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে আত্মহত্যার হার এক-তৃতীয়াংশ কমানোর যে লক্ষ্য ছিল, তা বর্তমান প্রবণতায় মাত্র ১২ শতাংশ কমানো সম্ভব হবে।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত আত্মহত্যার হার বেড়েছে ১৭ শতাংশ। অন্য সব অঞ্চলে কিছুটা কমলেও প্রায় তিন-চতুর্থাংশ আত্মহত্যা ঘটছে নিম্ন-আয়ের দেশগুলোতে, যেখানে বিশ্বের অধিকাংশ মানুষ বসবাস করে।

উদ্বেগ-হতাশা বাড়ছে

ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, আত্মহত্যার হার ধীরে ধীরে কমলেও মানসিক ব্যাধি, বিশেষ করে উদ্বেগ ও হতাশার প্রবণতা দ্রুত বাড়ছে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির চেয়েও দ্রুত বেড়েছে। বর্তমানে ১০০ কোটির বেশি মানুষ এসব ব্যাধিতে আক্রান্ত।

সংস্থাটি বলছে, তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। এ বৃদ্ধির পেছনে প্রধান দুটি কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং কোভিড-১৯ মহামারি উল্লেখ করেছেন ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমেরেন।

সংস্থাটি উদ্বেগ জানিয়ে বলছে, বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। ২০১৭ সালের পর থেকে স্বাস্থ্য বাজেটের মাত্র দুই শতাংশ মানসিক স্বাস্থ্যে ব্যয় হচ্ছে, যা পরিবর্তন হয়নি। হতাশায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ৯ শতাংশ চিকিৎসা পায়।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবা পরিবর্তন করা এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে।

মাদকসেবীদের এমন বেপরোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা নামক পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সমাজের বানী নামক একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছিল। এ সময় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের ওপর হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

​দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হওয়ার মারাত্মক অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ এবং চিরতরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া।

​রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ তোলেন।

​লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তুলে ধরে জানান, তিনি ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের মুখ্য সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। এর আগে ২০০৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

​তিনি অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে প্রকাশ্যে মারধর করেন। এ সময় তাঁর বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয় বলেও তিনি দাবি করেন।

​দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে একে একে ১৬টি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তীতে আদালত থেকে তিনি মামলাগুলো থেকে অব্যাহতি লাভ করেন বলে সংবাদ সম্মেলনে জানান।

​তিনি আরও উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন, মামলা ও হয়রানির ঘটনা ঘটে। এর ফলে বহু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে বারবার অভিযোগ জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি।

​দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। জনকল্যাণে যদি কাজ করার সুযোগ না থাকে, তবে পদে টিকে থাকার কোনো অর্থ হয় না। তাই তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

​সংবাদ সম্মেলনে তিনি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে বিগত দিনের দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁদের নিরন্তর সহযোগিতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

ফরিদপুরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার মামলার আসামি ও আটক পুত্র ফারদিন হুদা মুগ্ধ (২৬) এবার নিজের মায়ের গলায় ছুরি চালিয়ে তাঁকে আহত করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​আহত মা শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তাজনিত চরম আশঙ্কায় পুলিশের সুরক্ষায় স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে মুগ্ধের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তার বালিকা স্ত্রী। দীর্ঘ সাড়ে তিন মাস সহ্য করার পর গত শনিবার যেকোনো সময় তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে তালমার মোড়ে নিজের বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মুগ্ধ পারিবারিক ভবনের দোতলায় নিজের মায়ের ঘরের দরজা ভেঙে আলমারি ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে দলিল ও সোনার সন্ধান চালায়।

​এ সময় ভয়ে নিচতলায় ফুফুর (ননদ) ঘরে লুকিয়ে ছিলেন মা সিলভিয়া হুদা আলো। কিন্তু ঘাতক ছেলে সেখানেও প্রবেশ করে এবং আচমকা মায়ের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাশের বাড়ির বাগানে লুকিয়ে থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে মুগ্ধকে খুঁজে পায়নি বলে জানা গেছে।

​এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল কিনে না দেওয়ার জেরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে এই মুগ্ধের বিরুদ্ধেই। একের পর এক এমন লোমহর্ষক কর্মকাণ্ডে পুরো পরিবার ও এলাকাবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অভিযুক্ত মুগ্ধকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”