খুঁজুন
, ,

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ
গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

দিনভর ব্যস্ততা শেষে রাত গভীর হয়েছে। ঘড়ির কাঁটা হয়তো ১টা বা ২টা ছুঁয়েছে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হঠাৎ পেটে ক্ষুধা অনুভব হলো। অনেকেই তখন ফ্রিজ খুলে যা সামনে পান তাই খেয়ে ফেলেন। কেউ খান বিরিয়ানি, কেউ ভাজাপোড়া, কেউ আবার কোমল পানীয় বা চিপস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, গভীর রাতে ভুল খাবার খেলে শুধু ঘুমের ব্যাঘাতই নয়, দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি, হজমের সমস্যা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে।

তাহলে গভীর রাতে ক্ষুধা পেলে কী খাওয়া উচিত? আর কোন খাবারগুলো এড়িয়ে চলা ভালো? চলুন জেনে নিই বিস্তারিত-

গভীর রাতে ক্ষুধা লাগা কি স্বাভাবিক?

পুষ্টিবিদদের মতে, রাতের খাবার খুব তাড়াতাড়ি খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, দীর্ঘ সময় জেগে থাকা কিংবা কিছু শারীরিক কারণে গভীর রাতে ক্ষুধা অনুভূত হতে পারে। তবে নিয়মিত এমন হলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজন।

ক্ষুধা পেলে যেসব খাবার খেতে পারেন

১. কলা

গভীর রাতে ক্ষুধা পেলে একটি মাঝারি আকারের কলা ভালো বিকল্প হতে পারে। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরকে শিথিল করতে সাহায্য করে। পাশাপাশি এটি সহজপাচ্যও।

২. টক দই বা গ্রিক ইয়োগার্ট

প্রোটিনসমৃদ্ধ দই দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি ছাড়া টক দই রাতে খাওয়ার জন্য তুলনামূলক নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৩. সিদ্ধ ডিম

একটি সিদ্ধ ডিমে উচ্চমানের প্রোটিন থাকে। গভীর রাতে অতিরিক্ত ক্যালরি ছাড়াই ক্ষুধা মেটাতে এটি কার্যকর হতে পারে।

৪. বাদাম

কয়েকটি কাঠবাদাম, আখরোট বা চিনাবাদাম ক্ষুধা কমাতে সহায়ক। তবে পরিমাণ যেন বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫. ফলমূল

আপেল, পেয়ারা, পেঁপে কিংবা মৌসুমি ফল গভীর রাতে ভারী খাবারের তুলনায় ভালো বিকল্প হতে পারে।

৬. অল্প পরিমাণ ওটস

ওটস বা হালকা শস্যজাত খাবার ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় না।

যেসব খাবার এড়িয়ে চলাই ভালো

১. ভাজাপোড়া খাবার

চিকেন ফ্রাই, পরোটা, পুরি, সিঙ্গারা বা অতিরিক্ত তেলযুক্ত খাবার হজমে বেশি সময় নেয়। ফলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

২. অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার

গভীর রাতে ঝাল খাবার খেলে অনেকের অ্যাসিডিটি, বুকজ্বালা বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

৩. কোমল পানীয়

সফট ড্রিংকে থাকা অতিরিক্ত চিনি শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি যোগ করে। অনেক ক্ষেত্রে এতে থাকা ক্যাফেইনও ঘুমের সমস্যা তৈরি করতে পারে।

৪. চিপস ও প্রসেসড স্ন্যাকস

এ ধরনের খাবারে সাধারণত অতিরিক্ত লবণ, চর্বি ও ক্যালরি থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী নয়।

৫. অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার

কেক, পেস্ট্রি, চকোলেট বা আইসক্রিম ক্ষুধা মেটালেও রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে।

ক্ষুধা নাকি পিপাসা?

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় মানুষ ক্ষুধা ও পিপাসার অনুভূতি গুলিয়ে ফেলেন। তাই গভীর রাতে ক্ষুধা লাগলে প্রথমে এক গ্লাস পানি পান করে কয়েক মিনিট অপেক্ষা করা যেতে পারে। অনেক ক্ষেত্রে এরপর আর ক্ষুধা অনুভূত হয় না।

বিশেষজ্ঞদের পরামর্শ

রাতের ক্ষুধা মেটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। ক্ষুধা পেলেই ভারী খাবার খাওয়ার পরিবর্তে হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া উচিত। আর যদি প্রায়ই গভীর রাতে ক্ষুধা লাগে, তাহলে দিনের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিন পর্যালোচনা করা প্রয়োজন।

গভীর রাতে ক্ষুধা লাগা অস্বাভাবিক নয়। তবে সেই ক্ষুধা মেটানোর জন্য সঠিক খাবার নির্বাচন করাই হতে পারে সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তথ্যসূত্র: হেলথ লাইন, মায়োক্লিনিক, ওয়েব এমডি

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার এই টাকা আদায় পূর্বক ভুক্তভোগী শিশুটিকে প্রদানের জন্য ফরিদপুর জেলা কালেক্টরকে (জেলা প্রশাসক) নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ শেখ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার আজিদ শেখের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের চাঁন ফকিরের প্রতিবন্ধী মেয়ে চা ও চিনি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে একই এলাকার ফিরোজ শেখ শিশুটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার অটোভ্যানে তুলে নেয়। পরে তাকে ভবানীপুর মাঠের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আসামি ভয় পেয়ে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে, দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ফিরোজ শেখ শিশুটিকে ভ্যানে তুলে নিয়ে গেছেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে শিশুটি তার বাবার কাছে ঘটনার বিস্তারিত জানায়। এজাহারে উল্লেখ করা হয়, ওই ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

এ ঘটনায় পাঁচদিন পর শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি, ভুক্তভোগীর বক্তব্য ও আলামত পর্যালোচনা করে ফিরোজ শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৭ ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বাংলানিউজকে বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

গুনাহের পর যে ৭টি ভুল করেন অনেকে

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
গুনাহের পর যে ৭টি ভুল করেন অনেকে

মানুষ মাত্রই ভুল করে। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায়, আবার কখনো অসতর্কতায় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। তবে ইসলামে গুনাহ করে ফেলার পরও ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় না। বরং আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে নতুন করে জীবন শুরু করার সুযোগ রয়েছে। কিন্তু গুনাহের পর অনেকে এমন কিছু ভুল করেন, যা তাদের তওবার পথে বাধা হয়ে দাঁড়ায়। কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়েন, কেউ ক্ষমা প্রার্থনা করেও গুনাহ ছাড়েন না, আবার কেউ মানুষের অধিকার নষ্ট করেও তা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করেন না। গুনাহের পর এমন সাতটি ভুল সম্পর্কে জেনে রাখা জরুরি।

১. আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া

গুনাহ করার পর অনেকেই মনে করেন, তাদের পক্ষে আর ক্ষমা পাওয়া সম্ভব নয়। অতীতের ভুলের কথা ভেবে কেউ কেউ হতাশ হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ফিরে আসার আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ এটি বড় ভুল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার, আয়াত ৫৩)

এই আয়াত গুনাহগার মানুষকে আল্লাহর রহমতের আশা দেখায়। কোনো গুনাহ যত বড়ই হোক, আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে। তাই গুনাহের পর হতাশ হয়ে পড়া নয়; বরং অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করাই মুমিনের কর্তব্য।

২. তওবা করতে দেরি করা

গুনাহ হয়ে যাওয়ার পর অনেকে ভাবেন, পরে কোনো একসময় তওবা করবেন। কেউ বয়স বাড়লে, কেউ অবসর জীবনে, আবার কেউ বিশেষ কোনো উপলক্ষ এলে আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু মৃত্যু কখন আসবে, তা কারও জানা নেই। তাই তওবার বিষয়টি ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়।

আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার বিষয়টি তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর দ্রুত তওবা করে।’ (সুরা নিসা, আয়াত ১৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ রাতে তাঁর রহমতের হাত প্রসারিত করেন, যাতে দিনের গুনাহগার ব্যক্তি তওবা করতে পারে; আবার দিনে রহমতের হাত প্রসারিত করেন, যাতে রাতের গুনাহগার ব্যক্তি তওবা করতে পারে। (সহিহ মুসলিম, হাদিস ২৭৫৯)

অর্থাৎ তওবার সুযোগ রয়েছে, তবে তা কাজে লাগাতে দেরি করা উচিত নয়।

৩. মুখে ক্ষমা চাওয়া, কিন্তু গুনাহ ছাড়তে না চাওয়া

অনেকে মুখে বারবার ‘আস্তাগফিরুল্লাহ’ বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান; কিন্তু যে গুনাহে জড়িয়ে আছেন, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন না। অথচ আন্তরিক তওবার অন্যতম শর্ত হলো গুনাহটি পরিত্যাগ করা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নেককারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের ওপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জেনে-বুঝে সেই গুনাহের ওপর অটল থাকে না। (সুরা আলে ইমরান, আয়াত ১৩৫)

সুতরাং শুধু মুখে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়; যে অন্যায় থেকে তওবা করা হচ্ছে, তা ছেড়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টাও থাকতে হবে।

৪. আবার গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কায় তওবা ছেড়ে দেওয়া

কেউ কেউ কোনো গুনাহ থেকে তওবা করার পর আবার সেই গুনাহে জড়িয়ে পড়েন। এরপর লজ্জা ও হতাশায় আর তওবা করতে চান না। মনে করেন, বারবার একই ভুল করলে তওবার কোনো মূল্য নেই। এটিও ভুল ধারণা।

সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, এক বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আবার গুনাহে জড়িয়ে পড়লেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। হাদিসে আল্লাহর ক্ষমাশীলতা ও বান্দার বারবার ফিরে আসার বিষয়টি তুলে ধরা হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস ২৭৫৮)

এ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি আন্তরিকভাবে তওবা করার পর দুর্বলতাবশত আবার গুনাহে জড়িয়ে পড়লে তাঁর জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় না। তবে গুনাহকে হালকা মনে করে ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাওয়া কিংবা তওবাকে গুনাহের ছাড়পত্র মনে করা যাবে না। প্রতিবারই আন্তরিকভাবে ফিরে আসতে হবে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে।

৫. নিজের গুনাহ অন্যের কাছে প্রকাশ করা

কেউ কেউ নিজের গুনাহের কথা বন্ধুদের কাছে গল্পের মতো বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কখনো নিজেদের অন্যায় কাজের বিবরণ প্রকাশ করেন। অথচ আল্লাহ যে গুনাহ গোপন রেখেছেন, তা অহেতুক মানুষের কাছে প্রকাশ করা উচিত নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁর উম্মতের সবাই ক্ষমার আশা করতে পারে, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে কিংবা আল্লাহর গোপন রাখা গুনাহ নিজেরাই মানুষের কাছে প্রকাশ করে, তারা এ সতর্কবার্তার অন্তর্ভুক্ত। (সহিহ বুখারি, হাদিস ৬০৬৯)

তবে গুনাহের বিষয়ে শরিয়তের বিধান জানতে, প্রয়োজনীয় পরামর্শ নিতে কিংবা কারও ক্ষতি থেকে বাঁচতে বিশ্বস্ত আলেম বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বিষয়টি বলা আলাদা ব্যাপার। অপ্রয়োজনে গুনাহের বিবরণ প্রচার করাই এখানে নিষেধের বিষয়।

৬. মানুষের অধিকার নষ্ট করেও তা ফিরিয়ে না দেওয়া

সব গুনাহ শুধু বান্দা ও আল্লাহর মধ্যকার বিষয় নয়। অনেক ক্ষেত্রে গুনাহের সঙ্গে অন্য মানুষের অধিকার জড়িয়ে থাকে। কারও সম্পদ আত্মসাৎ করা, ঋণ পরিশোধ না করা, কাউকে অপমান করা, মিথ্যা অপবাদ দেওয়া কিংবা অন্যের ওপর জুলুম করার মতো কাজের ক্ষেত্রে শুধু মুখে তওবা করলেই দায়িত্ব শেষ হয় না। যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকার ফিরিয়ে দিতে হবে বা যথাযথভাবে ক্ষমা চাইতে হবে।

রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে প্রকৃত নিঃস্ব ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেন, কিয়ামতের দিন কেউ নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হলেও যদি সে অন্যকে গালি দিয়ে থাকে, অপবাদ দিয়ে থাকে, কারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে কিংবা কারও ওপর জুলুম করে থাকে, তাহলে তার নেক আমল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। (সহিহ মুসলিম, হাদিস ২৫৮১)

তাই মানুষের অধিকার নষ্ট করার পর তওবা করলে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

৭. গুনাহের পর ভালো কাজ করার পরিবর্তে আগের মতোই জীবন চালিয়ে যাওয়া

গুনাহ হয়ে যাওয়ার পর অনেকেই অনুতপ্ত হন, কিন্তু নিজেদের জীবনযাপনে কোনো পরিবর্তন আনেন না। যে পরিবেশ, সঙ্গ কিংবা অভ্যাস তাদের গুনাহের দিকে নিয়ে যায়, তা থেকে দূরে থাকার উদ্যোগও নেন না। অথচ তওবার একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে সংশোধন করা এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই সৎকর্ম মন্দকর্মকে দূর করে দেয়।’ (সুরা হুদ, আয়াত ১১৪)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। মন্দ কাজের পর ভালো কাজ করো, তা মন্দ কাজকে মুছে দেবে। আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো।’ (জামে তিরমিজি, হাদিস ১৯৮৭)

তাই গুনাহের পর নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, জিকির ও অন্যান্য নেক আমলে মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি যে অভ্যাস বা পরিবেশ গুনাহের দিকে ঠেলে দেয়, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।

তওবার সুযোগ কাজে লাগানো জরুরি

ইসলামে গুনাহের পর মানুষের জন্য তওবার পথ খোলা রাখা হয়েছে। তবে আন্তরিক তওবা কেবল মুখে ক্ষমা প্রার্থনার নাম নয়। এর সঙ্গে রয়েছে গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। আর অন্যের অধিকার নষ্ট করা হলে তা যথাসম্ভব ফিরিয়ে দেওয়া বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়াও জরুরি।

তাই গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুল সংশোধন করা এবং ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর করার চেষ্টা করাই একজন মুমিনের করণীয়।

সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সালথায় ফ্যামিলি কার্ডে অর্থ লেনদেনে সতর্কতা, ইউএনওর বিজ্ঞপ্তি

ফরিদপুরের সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি দবির উদ্দিন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, সালথার স্মারকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সালথা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলায় ৬৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার পরিচয়পত্রসহ মাঠে কাজ করছেন। তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ ও অনলাইন ডেটাবেজে সংযুক্ত করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগৃহীত তথ্য থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করে পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ, আয়ের উৎস ও জীবনযাত্রার মান বিশ্লেষণ করা হবে। প্রাপ্ত স্কোরের ভিত্তিতে পাঁচটি কোয়াইন্টাইলে (Quintile) বিন্যাস করে খানার আয় ও ব্যয়ের মান অনুযায়ী অর্থনৈতিক শ্রেণি নির্বাচনপূর্বক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে কোনো তথ্য সংগ্রহকারী বা কর্তৃপক্ষের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই; সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে উপযুক্ত পরিবার নির্বাচিত হবে।

সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্তি বা এ সংক্রান্ত যেকোনো সেবার জন্য সমাজসেবা কার্যালয় বা জরিপকাজে নিয়োজিত কারও কাছে অর্থ, ফি বা বকশিসের নামে কোনো সুবিধা নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালালচক্র ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়া কিংবা জরিপে সহযোগিতার নামে অর্থ দাবি করলে বা প্রতারণার চেষ্টা করলে তাদের সঙ্গে কোনো অর্থ লেনদেন না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া কার্ডের কার্যক্রম ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সালথা উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা সমাজসেবা অফিসারকে জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রতারণা ও অর্থ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।