‘অভাবী প্রেমিক’
আমার ব্যক্তিগত একটি আকাশ দরকার—
একান্তই ব্যক্তিগত।
আকাশটার আয়তন কত হবে, তা এখনো হিসাব করিনি।
তবে রংধনুতে যতগুলো রং থাকে,
আমার আকাশেও থাকবে ততগুলো রং।
সেখানে থাকবে মেঘ,
অফুরন্ত জমাট বাঁধা জলরাশি,
থাকবে থান্ডারস্ট্রোম;
থাকবে চাঁদ, তারা—
এমনকি সূর্যও।
এই আকাশটার অবস্থান হবে
ঠিক আমার বাসার ছাদের ওপর।
যদি মধ্যরাতে কখনো তোমার ঘুম ভেঙে যায়,
সেটা অমাবস্যার রাত হলেও
তুমি আকাশে জ্যোৎস্না দেখবে।
আর সেই জ্যোৎস্না হবে
তোমার হাসির মতোই মিষ্টি।
যদি সাতসকালে তোমার
বৃষ্টি উপভোগ করতে মন চায়,
তবে হঠাৎ করেই চারদিকে জলদ হাওয়া বইবে,
আকাশজুড়ে জমবে কালো মেঘ।
সেই মেঘের রং হবে
তোমার চোখের কাজলের মতোই গভীর কালো।
অতঃপর মুষলধারে বৃষ্টি নামবে,
কিন্তু কোনো থান্ডারস্ট্রোম থাকবে না।
যদি ভরদুপুরে—
কিরণহীন একটি সূর্য দেখতে তোমার অস্থির লাগে,
তবে জানালা খুলে বাইরে তাকালেই
অতিবেগুনি রশ্মিবিহীন একটি সূর্য দেখবে।
সূর্যের রং সোনালি হবে না—
হবে তোমার দাঁতের মাড়ির মতো কোমল গোলাপি।
যদি গোধূলিবেলায়
তোমার চোখ জুড়ে ঘুম নেমে আসে,
তবে চাঁদ আর সূর্য
পরামর্শ করে নিজেদের অবস্থান বদলে নেবে।
তোমার চোখের গোধূলির ঘুম
ঊষার ঘুমে পরিণত হবে।
আমার ব্যক্তিগত একটি আকাশ দরকার—
একান্তই ব্যক্তিগত।

আপনার মতামত লিখুন
Array