খুঁজুন
, ,

“তবুও নিঃশব্দে আজও খুঁজি তোমায়”

হারুন-অর-রশীদ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
“তবুও নিঃশব্দে আজও খুঁজি তোমায়”

তবুও নিঃশব্দে আজও খুঁজি তোমায়,
ভিড়ের মাঝেও একা হয়ে যাই।
কথার শব্দে নয়,
নীরবতার ফাঁকে ফাঁকে
তোমার নামটা আজও ডেকে যাই।

তুমি নেই—
তবু তোমার ছায়া
আমার প্রতিটা সন্ধ্যায় এসে বসে।
হাসির আড়ালে লুকানো কান্না
তোমাকেই বারবার খোঁজে।

কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না,
সময় শুধু তাদের নীরব করে।
ভুলতে চেয়েও যে নামটা
হঠাৎ চোখ ভিজিয়ে দেয়—
সে তো তোমারই।

আমি আর প্রশ্ন করি না,
কেন চলে গেলে, কেন ফিরলে না।
শুধু জানি—
সব না-পাওয়ার ভিড়ে
তুমিই আমার সবচেয়ে গভীর অভাব।

আজও কিছু গান থেমে যায় মাঝপথে,
কিছু রাত কথা বলতে চায়।
আমি চুপ করে থাকি,
কারণ জানি—
তবুও নিঃশব্দে আজও খুঁজি তোমায়।

সদরপুরে ২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস

শিশির খাঁন
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
সদরপুরে ২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস

মা-ইলিশ সংরক্ষণের বিশেষ অভিযানে ফরিদপুরের সদরপুরে ২ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে জব্দ করা ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চরমানাইর, নারিকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এ অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।

​আটক জেলেরা হলেন—মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চারিপাড়া এলাকার রব মোল্লার ছেলে রমজান মোল্লা (২৫) এবং একই উপজেলার সিঙ্গাইর হাটি এলাকার আলী মৃধার কর্মকর্তার ছেলে আলাউদ্দিন (৩০)।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা-ইলিশ শিকারের সময় ওই দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​অভিযানে জব্দ করা ১ লাখ মিটার জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, যা পরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

​এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, “মা-ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদ-নদীতে অবৈধ জাল ব্যবহার ও ইলিশ শিকারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

​উল্লেখ্য, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ফরিদপুরে ‘জিনের বাদশা’ সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরে ‘জিনের বাদশা’ সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক

কখনো ‘জিনের বাদশা’, কখনো তান্ত্রিক-কবিরাজ, আবার কখনো পরিচিত ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে কম দামে চাল বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করত একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুর। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম এই চক্রের প্রতারণার শিকার হন। ২০২৪ সালের ২৫ মার্চ তাঁর পরিচিত ‘বিজয় বাবু’র মোবাইল নম্বর ক্লোন করে ফোন দিয়ে ৩৩ টন চাল কম দামে বিক্রির প্রস্তাব দেওয়া হয়। পরে জরুরি টাকার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন নম্বরে কয়েক দফায় মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। নির্ধারিত সময়ে চাল না পেয়ে এবং প্রকৃত বিজয় বাবুর সঙ্গে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন রশিদুল ইসলাম।

এ ঘটনায় প্রথমে স্থানীয় থানায় মামলা হলেও দীর্ঘ আট মাসেও রহস্য উদ্ঘাটন হয়নি। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই ফরিদপুরকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ সুপার মো. রবিউল ইসলামের দিকনির্দেশনায় এবং উপ-পরিদর্শক মাজিদুল হক খানের তদন্তে তথ্যপ্রযুক্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে প্রায় এক বছর পর মামলার রহস্য উদ্ঘাটন করা হয়। পরে ভোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্র জানায়, চক্রটি ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন করে প্রতারণার পর সেগুলো ফেলে দিত। গভীর রাতে নারীকণ্ঠে ‘জিনের বাদশা’ সেজে ভয়ভীতি দেখানো এবং তান্ত্রিক-কবিরাজ পরিচয়ে গোপন রোগ নিরাময়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ছিল তাদের প্রতারণার অন্যতম কৌশল।

চক্রটিতে প্রায় পাঁচজন সদস্য ছিল। তাদের কেউ ফোন করে মানুষকে ফাঁদে ফেলত, কেউ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর সরবরাহ করত, আবার অন্যরা বিভিন্ন এলাকা থেকে টাকা তুলে সংগ্রহ করত।

পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে জবানবন্দিতে প্রতারণার বিভিন্ন তথ্য দিয়েছেন। এ ধরনের লোভনীয় প্রস্তাব, সন্দেহজনক ফোনকল কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফরিদপুরে ডোবায় ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
ফরিদপুরে ডোবায় ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ফরিদপুরের চরভদ্রাসনে ডোবার পানিতে ডুবে শেখ আরাফাত নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আরাফাত ওই গ্রামের বাসিন্দা শেখ রাসেলের ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ছিল। তার রাইছা (৫) ও রোজামনি (৩) নামে দুই বোন রয়েছে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশু আরাফাত তার বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়।

​পরে দ্রুত তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​শিশুটির এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।