খুঁজুন
, ,

‘জীবনের অর্থাবলি’

মোহাম্মদ নূরুল্লাহ্
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
‘জীবনের অর্থাবলি’

জীবনের অর্থ যদি কেবল অর্থই হয়,
তবে অর্থের পেছনে ঝাঁপিয়ে পড়ো
আমার আপত্তি নেই।
তবে, জীবনের অর্থ যদি কেবল অর্থ না হয়, তাহলে জ্ঞানের সন্ধানে থাকো।
জ্ঞানীগুণীদের পদাঙ্ক অনুসরণ করো।
প্রশান্তি পাবে মনে;
বিশ্বাস না হলে —
একবার পরীক্ষা করে দেখো।

জীবনকে যদি সার্থক করতে চাও —
দু’কলম লিখো, বপন করো শব্দাবলি,
রোপন করো সাহিত্যের কানাকড়ি।

জীবনে যদি সফল হতে চাও
ভালোবাসার ডালি নিয়ে বসো;
মানুষকে ভালোবাসো, প্রাণিকুলকে মমতার বন্ধনে আবদ্ধ করো।

জীবনকে যদি কল্যাণকামী করতে চাও
প্রভুর ধ্যানে নিমগ্ন হও।
নিজেকে চেনো, প্রভুকে জানো,
প্রভুর দেয়া প্রকৃতির মাঝে শতকোটি নেয়ামত নিয়ে একটু হলেও ভাবো, চিন্তা করো।
তবেই তুমি খুঁজে পাবে জীবনের অর্থাবলি।

লেখক: সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।

ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায় ৫ ফার্মেসিকে জরিমানা

শিশির খাঁন
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ
ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায় ৫ ফার্মেসিকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় মেয়াদোত্তীর্ণ, সরকার কর্তৃক নিষিদ্ধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৫টি ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভাঙ্গা বাজারের রায় ফার্মেসিকে ১০ হাজার টাকা, ন্যাশনাল মেডিকোকে ১০ হাজার টাকা, বৃষ্টি ফার্মেসিকে ১০ হাজার টাকা, পদ্মা ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা এবং একতা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

​অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আতঙ্কে ভাঙ্গা বাজার এলাকার প্রায় অর্ধশত ওষুধের দোকান বন্ধ করে সটকে পড়েন ব্যবসায়ীরা।

​অভিযানের সময় ফরিদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এবং ভাঙ্গা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

​ভাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে ওষুধের অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুই আরোহী।

​সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)। তাঁরা নিহত সালাউদ্দিনের বন্ধু।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থেকে এক মোটরসাইকেলে তিন বন্ধু ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয় এবং অপর দুই বন্ধু মারাত্মক আহত হন।

​পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত সাব্বির ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

​বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক গাড়িটি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরের মিলিটারি কলেজিয়েট স্কুল পরিদর্শনে পরিকল্পনা কমিশনের দুই সচিব

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
ফরিদপুরের মিলিটারি কলেজিয়েট স্কুল পরিদর্শনে পরিকল্পনা কমিশনের দুই সচিব

মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য (সচিব) নাসরিন জাহান এবং আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন।

​রোববার (২৩ আগস্ট) দুপুরে তারা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। এসময় তাদের ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

​পরিদর্শনকালে সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. মাসজানুল ইসলাম তৌহিদ মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সামরিক বাহিনীর কর্নেল এডমিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

​সফরকালে অতিথিরা ক্যাডেটদের কাছ থেকে সালাম গ্রহণ করেন এবং স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা, সুসংহত শিক্ষার মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সফররত অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী সূচনা লগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গড়ার লক্ষ্যে ‘মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)’-এর আদলে ফরিদপুরে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

​এর আগে রোববার সকালেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী (এসপিএসসি)-এর উদ্বোধন করেন।