খুঁজুন
, ,

সালথায় হচ্ছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
সালথায় হচ্ছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ফরিদপুরের সালথা উপজেলায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইতোমধ্যে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও দবির উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নির্দেশনা এসেছে। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্বাচন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ১৮ জুন ২০২৬ তারিখের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।

প্রতিমন্ত্রীর পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। একই সঙ্গে বিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সালথা উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় না থাকায় এলাকার বিপুলসংখ্যক ছাত্রীকে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের কারণে তারা নিরাপত্তা ঝুঁকি, অতিরিক্ত যাতায়াত ব্যয় এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। এসব কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই স্থানীয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার অনুলিপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সালথায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দাবি ছিল। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি ঝরে পড়ার হার কমবে এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এদিকে, সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়টির স্থান নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিদ্যালয়টি বাস্তবায়িত হলে সালথার শিক্ষা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল ৫টার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী সুমন ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরলে সুমন ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। এ সময় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে মা কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। বিষয়টি টের পেয়ে সুমন খাটের নিচ থেকে বেরিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিস্তৃত চাপাইবিলে (স্থানীয়ভাবে হরাইবিল নামেও পরিচিত) প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল থেকে তৈরি ‘লোটাস সিল্ক’ বা পদ্মের তন্তুতে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে এই সুতা ও তা দিয়ে তৈরি পোশাকের উচ্চমূল্য থাকলেও দীর্ঘদিনেও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রায় ৬০০ একর এলাকা জুড়ে বিস্তৃত চাপাইবিলে প্রতিবছর বর্ষায় প্রচুর পদ্মফুল ফোটে। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক অধ্যাপক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে পদ্মফুলের ডাঁটা থেকে তন্তু বের করে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে চাপাইবিলের পাড়ে স্থানীয় নারীদের লোটাস সিল্ক তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পদ্মের ডাঁটা ভাঁজ করলে মাঝখান থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম ও আঠালো তন্তু দক্ষ কারিগরের হাতে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকার সমান। এ ছাড়া প্রতি গজ কাপড় ১ হাজার ডলার পর্যন্ত এবং লোটাস সিল্কের তৈরি শাড়ি ১০ লাখ টাকার বেশি ও পোশাক প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে পদ্মের ডাঁটা তুলে সুতা সংগ্রহের চেষ্টায় বিলের সৌন্দর্য ও ফুলের অস্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় সামাজিকভাবে তা প্রতিরোধ করা হয়েছিল। তবে এখন পদ্মের এই অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে তারা বিলের সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি চান।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসাইন বলেন, পদ্মফুল থেকে সুতা তৈরির বিষয়টি সঠিকভাবে কাজে লাগানো গেলে এলাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে।

এদিকে, গত মঙ্গলবার ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাইবিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পদ্মের ডাঁটা থেকে সুতা বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং জানান, বিশ্ব দরবারে দেশের শিল্পকে তুলে ধরার ক্ষেত্রে ফরিদপুরের এই পদ্মফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিলের মাছ, পদ্মফুল ও এর সুতার সম্ভাবনাগুলো সবার নজরে এনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ও সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও সম্ভাবনার পাশাপাশি দ্রুত সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ফরিদপুরের চাপাইবিল ঘিরে লোটাস সিল্কের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব।

ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার হাবির ছড়া এলাকার মো. সোহেল রানার স্ত্রী হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকার মৃত ওসমান ফকিরের ছেলে জামাল ফকির (৫০), জামাল ফকিরের মেয়ে শান্তা আক্তার (২৫) ও ছেলে মো. শুভ ফকির (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতয়ালীর শোভারামপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।

এসআরবি জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এসআরবি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।