খুঁজুন
, ,

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা ভবনে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কেরোসিন-মাখানো মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন এবং মোটরের পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে নিজের কক্ষে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া উঠতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে আগুন জ্বলতে দেখে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে তা নিভিয়ে ফেলি। সকালে বিষয়টি সালথা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৮ জনের শরীরে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

মারা যাওয়া নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি জেলার মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত মোট ২ হাজার ৫৩৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবির এই সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান। মোতায়েনকৃত পাঁচ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি দুই প্লাটুন ফরিদপুর জেলা সদরে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে ভাঙ্গা উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করবেন। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে তারা নিয়োজিত থাকবেন।

ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

রাসায়নিক স্প্রে ছিটিয়ে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

অভিযানের আঁচ পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যে সময় লাগে, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মাথায় তা বিক্রির উপযোগী করা হচ্ছে। দেখতে চকচকে ও পাকা হলেও এসব কলায় কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ।

এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে দেওয়া কলা কখনোই নিরাপদ হতে পারে না। এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না বুঝেই সাধারণ মানুষ এগুলো কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়ে গেছে, সামনে আর এমন ব্যবসা করব না।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘অভিযান চালাতে গেলে দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। তাঁর দোকানে ঢুকে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, সেসবের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।’