খুঁজুন
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০: বাড়িঘর ভাংচুর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০: বাড়িঘর ভাংচুর

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অন্তত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিয়ষ নিয়ে দীর্ঘদিন ধরে বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বরের সাথে প্রতিপক্ষের মো. ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মেপে সালিশের মাধ্যমে ঘটনাটি মিমাংসা করে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু জমি মাপামাপির সময় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় উভয়পক্ষের অন্তত ২০০ থেকে ৩০০ সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষের সময় মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজা, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয় বক্তব্য নেওয়ার জন্য হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাদের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাদের ঝটিকা মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বিশ্বরোড পুলিশ ফাঁড়ির সামনে এ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ ফরিদপুর জেলা যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান। এতে আরও উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত সাবেক জেলা ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ শহর যুবলীগের নেতা কাওসার আকন্দ, জেলা যুবলীগ নেতা বাবু, হিমেল মাহফুজ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগান দিয়ে মিছিলটি শুরু হয় এবং কিছু সময় অবস্থান নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে মিছিলের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রকাশ্যে সরকারি ইট চুরি, ট্রাকসহ আটক ২

আবরাব নাদিম ইতু, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রকাশ্যে সরকারি ইট চুরি, ট্রাকসহ আটক ২

ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে সরকারি ইট চুরির চেষ্টাকালে ট্রাকসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

রবিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, হাসপাতালের ভেতরে উন্নয়ন কাজের জন্য স্তূপ করে রাখা সরকারি ইট একটি ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি চক্র। এ সময় কোনো ধরনের অনুমতি ছাড়াই শ্রমিকদের দিয়ে দ্রুত ইট ট্রাকে তোলা হচ্ছিল। বিষয়টি হাসপাতালের কয়েকজন কর্মচারীর নজরে এলে তারা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটকে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দীর্ঘ সময় ধরে হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করছিল। প্রথমে অনেকে বিষয়টিকে সরকারি কাজ মনে করলেও পরে অনুমতি ছাড়া ইট নেওয়ার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে হাসপাতাল এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইট বোঝাই ট্রাকটি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে রফিক মোল্লা ও আজিজুল শিকদার নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক
(এসআই) নূর হোসেন বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ইট ভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহ্‌মুদুল হাসান বলেন, “কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সরকারি ইট সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেই এবং ট্রাকসহ তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করি। সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে বিদেশি মদ-অস্ত্র উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ফরিদপুরে বিদেশি মদ-অস্ত্র উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পলাতক রয়েছেন আরও তিনজন অভিযুক্ত।

রবিবার (১৭ মে) সকালে ভাঙ্গা থানায় পাঁচজনকে আসামি করে অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামে মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, এয়ারগানের ৯০০ পিস গুলি, ২৬টি শটগানের কার্তুজ, ৫টি রামদা, ২টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হন ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খানের ছেলে রবিন খান (৪৩) এবং চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম রিপনের স্ত্রী রাশিদা আক্তার (৪০)।

তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাইনুল ইসলাম খান রিপন (৫০), বেল্লাল (৪৫) ও নুর মোহাম্মদ (৪০)। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার এসআই দীপন কুমার মন্ডল জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য মজুদের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ ও সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।