খুঁজুন
, ,

সালথায় নিখোঁজের পাঁচদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
সালথায় নিখোঁজের পাঁচদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর একটি ডোবা থেকে রুবি বেগম (৭৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামের একটি ডোবা থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত রুবি বেগম একই ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত মোমরেজ মাতুব্বরের স্ত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে রুবি বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অতঃপর সোমবার সকালে বড় বালিয়া গ্রামের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানান। পরে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহতের বড় ছেলে সাহিদ মাতুব্বর বলেন, আমার মা রুবি বেগম বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং বাড়ির বাইরে একা একা চলে যেতেন। এছাড়া চার বছর আগে স্ট্রোক করেছিলেন একবার। এরপর থেকে অনেকটা ভারসাম্যতা হারিয়ে ফেলেছিলেন।

তাদের ধারণা, ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

ফরিদপুরে কাশবনে তরুণীকে গণধর্ষণের দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে কাশবনে তরুণীকে গণধর্ষণের দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

​সোমবার (০৯ নভেম্বর ২০২৬) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায়।

​মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি মুঠোফোনে ২৩ সেকেন্ডের একটি ভিডিও চিত্র ধারণ করা হয়। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

​পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তৎপরতা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ০৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বাকি আসামিদের শনাক্ত করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে।’

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

​রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত কপিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিল। পথে বাবনাতলা চাপা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

​খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

​ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, অজ্ঞাত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অপরাধে আরিফুল ইসলাম (২৪) নামের এক খণ্ডকালীন ইমাম ও মক্তব শিক্ষককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​রোববার (০৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ অক্টোবর সকালে মুষলধারে বৃষ্টির কারণে অন্য কোনো শিশু মক্তবে না গেলেও ভিকটিম শিশুটি একাই পড়তে যায়। এই সুযোগে আসামি শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেন এবং শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করতে বলেন। শিশুটি এতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অনৈতিক আচরণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটি পানি খাওয়ার বাহানা করে বাইরে বের হয়ে দ্রুত বাড়িতে গিয়ে পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে।

​ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেন। ওইদিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তদন্ত শেষে তিনি একমাত্র অভিযুক্ত আরিফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

​মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এর ফলে সমাজে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হয়।