খুঁজুন
, ,

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দাপুটে এই জয় তুলে নেয় বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন ফরাসি মহাতারকা। ফ্রান্সের অপর গোলটি করেন উসমান দেম্বেলে।

যুক্তরাষ্ট্রের বোস্টনে শুরু থেকেই নিজেদের চেনা ছন্দ, গতি ও আগ্রাসী ফুটবল উপহার দেয় ফ্রান্স। বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাস বিনিময় এবং ধারালো আক্রমণে মরক্কোকে ক্রমাগত চাপে রাখে তারা। আফ্রিকার দলটি কয়েকবার প্রতি আক্রমণের চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগের দৃঢ়তা ও মধ্যমাঠের নিয়ন্ত্রণের সামনে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এমবাপ্পে একের পর এক দৌড়ে মরক্কোর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন। তার দুর্দান্ত এক গোলেই এগিয়ে যায় ফরাসিরা। এরপরও থেমে থাকেনি দিদিয়ের দেশমের দল। আক্রমণের ধার বজায় রেখে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করে দেন এই ফরাসি উইঙ্গার।

বিশ্বকাপের গত আসরে রানার্সআপ হওয়া ফ্রান্স এবার যেন আরও ক্ষুধার্ত, আরও পরিণত। শিরোপা পুনরুদ্ধারের মিশনে তারা একের পর এক বাধা টপকে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। প্রতিপক্ষকে নিজেদের সামনে দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না তারা। দলটির আক্রমণভাগ যেমন ভয়ঙ্কর, তেমনি রক্ষণেও দেখা যাচ্ছে দারুণ ভারসাম্য।

সেমিফাইনাল নিশ্চিত করার পর এখন ফরাসিদের অপেক্ষা পরবর্তী প্রতিপক্ষকে জানার। শুক্রবার রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। ইউরোপের দুই পরাশক্তির লড়াইয়ে যে দল জয় পাবে, তারাই সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে।

ফ্রান্স পাঁচ দিন পর প্রথম সেমিফাইনাল খেলবে ডালাসে। আগামী বুধবার রাত ১টায় হবে প্রথম সেমিফাইনাল। শেষ পর্যন্ত এমবাপ্পেদের প্রতিপক্ষ হিসেবে কে মাঠে নামবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

‘ব্যর্থ প্রেমিক’

এমডি কামাল হোসেন
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
‘ব্যর্থ প্রেমিক’

কলেজ পড়তে দু’বছর ছিলাম এক গ্রামে,
ধরা পড়লাম ষোড়শী এক ম্যাডামের প্রেমে।
মেয়েটি বড়ই সাদাসিধে নেই কোন লাজ,
আমার পিছু লাগল সুন্দরী ছাড়লো না পাছ।

অনেক বুঝিয়েছি শোনো হে রূপসী ম্যাডাম,
তোমাকে ভালবাসলে অবশেষে পাবো কি দাম?
চোখে অশ্রু এনে বলল সেদিন শ্লথ গলায়,
কি যে বলেন জনাব, আপনি বিনা কে আমার?

করুন কন্ঠে পাগল হয়ে দিলাম তারে মন,
ভালোবাসা লুকিয়ে লুকিয়ে করলামনা কম।
আমাদের ভালোবাসা ঠিক যখনি গভীরে,
তখনই জানাজানি হলো বেশ কিছুটা বাহিরে।

সুমির বয়স্ক মাতা বড়ই সারল্য পনা,
আমাদের ভালোবাসায় হলো নাকো আনমনা।
ভাই তাহার খুবই চতুর মেনে নেবে না কিছু,
সেদিন থেকে আমাদের পিছে নিলেন তিনি পিছু।

হঠাৎ পড়লাম ধরা সুমীর ভাই এর কাছে,
বাড়ি থেকে অপমান হয়ে নামতে হল মাঠে।
আশা ছিল পরীক্ষা শেষে ফিরবো নিজের দেশে,
এদেখি অপমান হয়ে চলছি পাগল ভেসে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম। এছাড়াও ফরিদপুর -৩ সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে, তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই গভীর শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

একইভাবে শোক জানিয়েছেন ফরিদপুর সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, মেহেজাবিন আক্তার লোটাস গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা  শহরের চকবাজার জামে মসজিদে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়, সেখানে দল মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষ অংশ নেন। পরে আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

নগরকান্দায় ১০ আগস্ট থেকে থামবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন, মাত্র ১১৫ টাকায় ঢাকা যাত্রা

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
নগরকান্দায় ১০ আগস্ট থেকে থামবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন, মাত্র ১১৫ টাকায় ঢাকা যাত্রা

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে ফরিদপুরের নগরকান্দা রেলওয়ে স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি করবে ১৩৫/১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। বাংলাদেশ রেলওয়ের এ সিদ্ধান্তে রাজধানী ঢাকার সঙ্গে নগরকান্দার রেল যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নগরকান্দা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ২৪ মিনিটে নগরকান্দা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ফলে মাত্র দুই ঘণ্টার কিছু বেশি সময়েই রাজধানীতে পৌঁছানোর সুযোগ পাবেন যাত্রীরা।

অন্যদিকে, ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে নগরকান্দাসহ পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করবে। এতে ঢাকা থেকে ফেরার ক্ষেত্রেও যাত্রীদের জন্য একটি নির্ভরযোগ্য ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

স্থানীয়দের মতে, নগরকান্দা স্টেশনে অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় উপজেলার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথে যানজট, অতিরিক্ত ভাড়া এবং সময়ক্ষেপণের পরিবর্তে তারা এখন স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হবে।

এছাড়া এই ট্রেনের স্টপেজ চালু হওয়ার ফলে নগরকান্দার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বিশেষ করে নিয়মিত ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ট্রেনটির কোচ সংখ্যা বৃদ্ধি, যাত্রাসূচি আরও উন্নত করা এবং নগরকান্দা রেলওয়ে স্টেশনের অবকাঠামো, টিকিটিং ব্যবস্থা ও যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবি জানিয়েছেন।