খুঁজুন
বুধবার, ৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ, ১৪৩৩

আজ ১৭ ডিসেম্বর : ফরিদপুরে শত্রুমুক্ত হয় এইদিনে

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
আজ ১৭ ডিসেম্বর : ফরিদপুরে শত্রুমুক্ত হয় এইদিনে

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও, সেই দিন বিজয়ের আনন্দ পুরোপুরি সাধ পায়নি ফরিদপুরবাসী। বিজয়ের সূর্য ফরিদপুরের আকাশে উদিত হয় একদিন পরেে ১৭ ডিসেম্বর। এইদিন ফরিদপুর অঞ্চলের মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার ব্রজেন্দ্রনাথ ও ফ্লাইট লেফট্যানেন্ট জামাল চৌধুরীসহ শত শত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ১০ মার্চ (১৯৭১) পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা অম্বিকা ময়দানে উত্তোলনকারী ছাত্রনেতা ভিপি শাহ মো. আবু জাফর সার্কিট হাউজে বিজয়ী স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ফরিদপুর জেলা শত্রুমুক্ত হয়।

২৫ মার্চ ১৯৭১-এর কালরাতের পর দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরেও শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা শুরু করে নির্বিচারে হত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন ও লুটপাট। ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলাসহ আশপাশের এলাকায় গড়ে ওঠে একাধিক নির্যাতনকেন্দ্র। বহু নিরীহ মানুষ শহীদ হন, অসংখ্য পরিবার সর্বস্ব হারায়। তবুও দমে যাননি ফরিদপুরের মানুষ। কৃষক, ছাত্র, শ্রমিক, সবাই যার যার অবস্থান থেকে যুক্ত হন মুক্তিযুদ্ধে।

মাসের রক্তঝরা লড়াইয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রায় সব জেলা শত্রুমুক্ত হয়ে গেলেও ফরিদপুরে তখনও যুদ্ধের বিভীষিকা পুরোপুরি থামেনি। পাকিস্তানি সেনাবাহিনীর সরাসরি উপস্থিতির পাশাপাশি তাদের সহযোগী বিহারি ও রাজাকার বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যেতে থাকে। শহরের বিভিন্ন স্থানে তারা অস্ত্র নিয়ে অবস্থান নেয়, যাতে করে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা ব্যাহত করা যায়।

১৬ ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণের খবর ফরিদপুরে পৌঁছালেও শত্রুপক্ষ তখনো অস্ত্র ফেলে দেয়নি। মুক্তিযোদ্ধারা সতর্ক অবস্থান নেন। অবশেষে ১৭ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী ফরিদপুরে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের রিজিওনাল হেডকোয়ার্টারের প্রধান ব্রিগেডিয়ার মঞ্জুর জাহানজের আরবারের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের জন্য বার্তা পাঠায়।

এই বার্তার মধ্য দিয়ে কার্যত ফরিদপুরে যুদ্ধের ইতি ঘটতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই শত্রুপক্ষের প্রতিরোধ ভেঙে পড়ে। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা আত্মসমর্পণে বাধ্য হয়। মুক্তিযোদ্ধারা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফরিদপুর শহরের আকাশে উড়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

১৭ ডিসেম্বরের সেই সকাল ছিল ফরিদপুরবাসীর জন্য আবেগে ভরা এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, একে অপরকে জড়িয়ে ধরে। শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো জেলা। যারা স্বজন হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন তাদের চোখের জল আর গর্ব একাকার হয়ে যায়।

ফরিদপুরের মুক্তিযুদ্ধ শুধু একটি জেলার মুক্তির গল্প নয়, এটি সাহস, ত্যাগ আর অবিচল প্রতিরোধের এক অনন্য দলিল। এখানে যুদ্ধ হয়েছে সম্মুখসমরে, আবার হয়েছে নীরব প্রতিরোধে। অনেক মুক্তিযোদ্ধা নাম না জানা থেকেই গেছেন, কিন্তু তাদের অবদান ইতিহাসের পাতায় অমলিন।

রনাঙ্গণে ফরিদপুরের মধ্যে ১৯৭১ সালে ২১শে এপ্রিল পাকহানাদার বাহিনীর ফরিদপুর জেলা শহরের প্রবেশমুখে শ্রী অঙ্গনে কীর্তনরত ৮ সাধুকে নির্মমভাবে গুলি করে হত্যার মধ্য দিয়ে শুরু হয় পাকযুদ্ধ। এরপর ২রা মে প্রথম পরিকল্পিত হত্যাযজ্ঞ চালায় ঈশান গোপালপুর জমিদার বাড়িতে। সেখানে আশ্রয় নেওয়া ২৮ জন নিরীহ বাঙালিকে হত্যা করা হয়।

এছাড়া সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাকচর গ্রামে ১১ জন নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যা করা হয়। পরে মরদেহগুলোকে রাস্তার পাশে এনে মাটি চাপা দেয় এলাকাবাসী।

একাত্তরের ১৬ মে ও ১৫ আগস্ট বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম জ্বালিয়ে ৩৩ জন মানুষকে হত্যা এবং নগরকান্দা উপজেলার একটি গ্রামে ১৮ নারীসহ ৩৭ জন নিরাপরাধ মানুষকে হত্যা করে পাকবাহিনী। জেলার বিভিন্ন অঞ্চলে এমন অসংখ্য হত্যাযজ্ঞ চালানোর পরে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ফরিদপুর জেলা।

রনাঙ্গনের স্মরণীয় ঘটনার বিষয়ে জানতে চাইলে যুদ্ধকালীন ফিল্ড কমান্ডার (বি.এল.এফ) শাহ্ মো. আবু জাফর প্রথমেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু যখন রেসকোর্স ময়দানে ভাষণে সারাদেশের মানুষ উজ্জীবিত হয়। তখন আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্র-ছাত্রী সংসদের ভিপি। ১০ মার্চ অম্বিকা ময়দানে সকল ছাত্রদের জমায়েত করে পাকিস্তানের পতাকা পুড়িয়ে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি। রনাঙ্গনের ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আমরা ভাটিয়াপাড়ায় পাকিস্তান আর্মি ক্যাম্পে তৎকালীন ফ্লাইট লেফট্যানেন্ট জামাল চৌধুরীর নেতৃত্বে এফ.এফ ও বি.এল.এফ একসাথে আক্রমণ করি। তুমুল আক্রমণ করার সময় ঢাকা ও যশোর থেকে বিমান এসে আমাদের উপর সেলিং করতেছিল। ওই সময় আমাদের অনেক মুক্তিযোদ্ধা মারা যায়।

তিনি বলেন, ওইদিন আক্রমণের মুখে আমরা তাদের পরাহস্ত করতে পারলাম না। ১৫ ডিসেম্বর আমরা মর্টার দিয়ে আক্রমণ দিয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পে আক্রমণ করলাম, অনেক গুলাগুলি হলো। তারপরও পাক আর্মিরা আত্মসর্মাপন করল না। তারপর ১৬ ডিসেম্বর জানতে পারলাম ঢাকায় হানাদার বাহিনী আত্মসমার্পণ করেছে। ওইদিন বিকেলে ফ্লাইট লেফট্যানেন্ট জামাল চৌধুরীর নিকট ভাটিয়াপাড়ায় আর্মিরা আত্মসমার্পণ করেন। ওই সময় বোয়ালমারীতে শত শত মুক্তিযোদ্ধা আনন্দ উল্লাস করার কথা জানতে পারি। পরেরদিন ১৭ ডিসেম্বর বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা ফরিদপুর সার্কিট হাউজে বেলা ১২টার মধ্যে পৌঁছায়, সেখানে ডিসি ও অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করলেন তারা।

তিনি আরো বলেন, “দুপুরে খাওয়ার আগে বেলা ২টার দিকে সার্কিট হাউজে ফ্লাইট লেফট্যানেন্ট জামাল চৌধুরীকে পতাকা উত্তোলন করতে বললাম। এ সময় তিনি বললেন (জামাল চৌধুরী) তুমিই প্রথম ছাত্রনেতা হিসেবে গত ১০ মার্চ স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছিলে, তাই আজকেও ছাত্র হিসেবে তুমিই পতাকা উত্তোলন করো। তারপর আমি স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি। ফরিদপুর শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ওইদিন পাকিস্তান আর্মিরা বিকেল ৪টায় ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে ফরিদপুর অঞ্চলের মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার ব্রজেন্দ্রনাথ ও ফ্লাইট লেফট্যানেন্ট জামাল চৌধুরীর হাতে পাকিস্তান আর্মিরা অস্ত্র জমা দিয়ে আত্মসমার্পণ করেন।

সালথায় যে কারণে থামছে না সংঘর্ষ? —কারণ ও প্রতিরোধের উপায়

হারুন-অর-রশীদ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
সালথায় যে কারণে থামছে না সংঘর্ষ? —কারণ ও প্রতিরোধের উপায়

ফরিদপুরের সালথা উপজেলা মারামারি ও সংঘর্ষ প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানকার স্থানীয় অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মোড়ল কিংবা মাতুব্বররা এখানে লিড দিয়ে থাকেন। তারা তাদের দলে লোকজন ভিড়িয়ে আধিপত্য বিস্তার আর ক্ষমতার বলয় বৃদ্ধি করে থাকেন।

এরপর চলে এলাকায় আধিপত্য, দরবার-সালিশ, মামলা-হামলাসহ নানা কাহিনী। এভাবেই বৃদ্ধি পেয়েছে এ উপজেলার কাইজা, সংঘর্ষ আর বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা। এভাবেই কারো যাচ্ছে প্রাণ, কেউ হচ্ছেন বাড়ি হারা, কেউবা বরণ করছেন পঙ্গুত্ব।

যাহোক, এবার আসি কেন সালথা উপজেলায় মারামারি ও সংঘর্ষ বন্ধ হয় না—

এই উপজেলার মানুষ ধর্মপরায়ণ। তাইতো মাদ্রাসার সংখ্যাও বেশি, যেমন— বাহিরদিয়া মাদ্রাসা, পুরুরা মাদ্রাসা উল্লেখযোগ্য। মসজিদের সংখ্যাও অসংখ্য।

তবুও কেন থামছে না সংঘর্ষ—

‌> আধিপত্য বিস্তারের লড়াই:

মাতুব্বর তার আধিপত্য বিস্তার করতে এবং একক বলয় তৈরি করতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ করে থাকেন। এরপর ঢাল, সরকি, রামদা, লাঠিসোঁটা আর ইটপাটকেল দিয়ে চলে সংঘর্ষ। এই সংঘর্ষে যদি নিজের পক্ষের কোনো লোকজন না যায় তবে তাকে হুমকি-ধমকি দিয়ে থাকেন মাতুব্বর ও তার অনুসারীরা। এরপরও কাইজা বা সংঘর্ষে না গেলে যিনি কাইজায় না যান তার বাড়িতে হামলা-ভাংচুর করা, এছাড়া তাদের মারধর করা হয়। এ কারণে একজন নিরীহ মানুষ কাইজা বা সংঘর্ষে না যেতে চাইলেও বাধ্য করা হয়।

> জোর করে দলভুক্ত করা:

বিপীরত বা বিরোধী পক্ষের মাতুব্বরের লোকজনকে মারধর ও বাড়ি-ঘর ভাংচুর ও হুমকি-ধমকি দিয়ে নিজের পক্ষে নিয়ে নেন অপেক্ষাকৃত ক্ষমতাসীন মাতুব্বর কিংবা মোড়লরা। অতঃপর দলে ভিড়িয়ে তাদের দিয়েও কাইজা করান। না করলে হুমকি-ধামকি আর ভাংচুর চালায় তাদের বাড়িঘরেও।

> প্রতিবাদের পথ বন্ধ:

কেউ যদি মাতুব্বরের অপকর্ম নিয়ে কথা বলে কিংবা প্রতিবাদ করে তবে তাকে মারধর সহ মিথ্যা মামলায় জড়ান ওই মাতুব্বর ও তার অনুসারীরা। তাই ভয়ে কেউ প্রতিবাদ করেনা।

> একপাক্ষিক সালিশ ব্যবস্থা:

এলাকায় কোনো ঘটনা ঘটলেই এই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মোড়ল সালিশ ডেকে যে রায় দেন সেটাই মানতে হয়! ভয়ে কেউ সঠিক কথা বলতে পারেন না।

> সালিশকে আয়ের উৎস বানানো:

এরপর এই মোড়ল বা মাতুব্বররা এলাকায় যে কোনো ঘটনা মিমাংসার নামে সালিশ বসিয়ে উভয় পক্ষের কাছে থেকে বা যে কোনো এক পক্ষের কাছে থেকে টাকা বা জরিমানা আদায় করেন। অতঃপর সেখানে ভাগ বসানোর অভিযোগ রয়েছে অহঃরহ। কেউ প্রতিবাদ করলে হয়রানির শিকার হন সে ব্যক্তি।

> অসৎ যোগসাজশের অভিযোগ:

আইনশৃঙ্খলা বাহিনীর মুষ্টিমেয় কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে এই মাতুব্বররা যোগসাজশ করে এলাকায় আধিপত্য বিস্তার করে বিধায় অনেক নিরীহ মানুষ থানা কিংবা প্রশাসনে অভিযোগ করলে উল্টো নিজেই অপরাধী ও মামলা হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। তাইতো, ভয়ে কেউ কথা বলতে চায় না।

> শিক্ষিত সমাজের নীরবতা:

এ উপজেলার উচ্চ শিক্ষিত ও ভালো চাকরিজীবী, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পপতি আর ব্যবসায়ীরা এলাকায় থাকেন না। হয়রানি ও সম্মানহানির ভয়ে এ এলাকার মোড়ল কিংবা মাতুব্বরের বিরুদ্ধে কিছু বলেন না। সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে দেখা যায় না। তারা মনে করেন মাতুব্বরদের কিছু বললে উল্টো তারা নাজেহাল হবেন, পরিবার নিরাপত্তাহীনতায় থাকবে। তাই অযথা ঝামেলায় জড়াতে চায় না।

এ উপজেলায় সংঘর্ষ ও মারামারি এড়াতে বা প্রতিরোধের উপায়-

> . ‘গ্রাম্য শান্তি কমিটি’ গঠন:

এ উপজেলায় মোড়ল কিংবা মাতুব্বর প্রথা বিলুপ্তি করে এলাকার সুশীল সমাজের লোক— যেমন নিরপেক্ষ স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, চাকরিজীবী ও উচ্চ শিক্ষিত ছেলে-মেয়ে কিংবা নিরপেক্ষ একজন মানুষকে প্রধান করে নিরপেক্ষভাবে গ্রামের যেকোনো বিরোধ কিংবা সমস্যা সমাধান কিংবা পরিচালনা করার জন্য ‘গ্রাম্য শান্তি কমিটি’ নামক একটি কমিটি করে দেওয়া যেতে পারে। তারা গ্রামের যেকোনো বিরোধ মিমাংসা করবেন। না পারলে আইনগত সহায়তা নিবেন বা সুপারিশ করবেন।

> মাদকবিরোধী কমিটি:

প্রতিটি এলাকার গ্রামে গ্রামে মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে। যারা এলাকার মাদক নির্মূল বা বন্ধে প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করবে।

> সংঘর্ষ প্রতিরোধ টিম:

এ ছাড়া প্রতিটি গ্রামে সুশীল সমাজের লোকজন দিয়ে কাইজ্যা কিংবা সংঘর্ষ প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে। যারা সংঘর্ষ বন্ধে ভূমিকা পালন করবেন।

> নিরপেক্ষ আইন প্রয়োগ:

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ থেকে স্থানীয় মোড়ল কিংবা মাতুব্বর অথবা যারা মারামারিতে উস্কানি দেয় তাকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবেনা।

> প্রশাসন ও জনগণের সমন্বয়:

থানা পুলিশ ও প্রশাসন স্থানীয় প্রতিটি গ্রামে গঠন করা শান্তি কমিটির কিংবা সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা ভালো রাখতে কাজ করতে পারেন।

> জরুরি হেল্পলাইন চালু:

সংঘর্ষ ও কাইজা বন্ধে দ্রুত রেসপন্স করার জন্য থানা কিংবা উপজেলা প্রশাসনে হেল্পলাইন নম্বর চালু করা যেতে পারে। যাতে যেকোনো সহিংসতা বন্ধে দ্রুত রেসপন্স করতে পারে প্রশাসন।

> দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান:

প্রশাসনের দেশীয় অস্ত্র উদ্ধার নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখা। যাতে নতুন দেশীয় অস্ত্র তৈরি করতে না পারা ও মানুষের ভয় এবং আতঙ্ক তৈরি হয় কাইজের বিরুদ্ধে।

> সচেতনতামূলক কার্যক্রম:

প্রশাসনের সহযোগিতায় একটি উপজেলায় সংশ্লিষ্ট এমপি, ইউএনও কিংবা ওসিকে প্রধান করে সুশীল সমাজ, চাকরিজীবী, শিক্ষিত ছেলে-মেয়ে, সম্মানি ব্যক্তির দ্বারা কয়েকটি কমিটি গঠন করা যেতে পারে। যে কমিটির কাজ হবে একেকদিন এক একটি স্কুল-কলেজে গিয়ে এভাবে প্রতিটি স্কুল-কলেজে পৌঁছে কাইজা বা সংঘর্ষের কুফল ও খারাপ দিকগুলো বিস্তর আলোচনা করতে পারে শিক্ষার্থীদের মাঝে। যাতে নতুন প্রজন্ম এই কাইজা করতে নিরুৎসাহিত হয়।

> নিয়মিত গণসভার আয়োজন:

থানার ওসি ও ইউনওর অন্তত মাসে এলাকার লোকজন নিয়ে এক একটি ইউনিয়নে গিয়ে কাইজা বন্ধে সভা-সমাবেশ করতে পারেন।

এইভাবেই সমন্বিত উদ্যোগের মাধ্যমে সালথা উপজেলায় সংঘর্ষ ও সহিংসতা কমিয়ে আনা সম্ভব।

লেখক:

হারুন-অর-রশীদ, বিবিএ (অনার্স), এমবিএ (ব্যবস্থাপনা)।

– ফরিদপুর প্রতিনিধি: বাংলানিউজ২৪ ও দৈনিক আজকালের খবর।

– সিনিয়র সহ-সভাপতি : সালথা প্রেসক্লাব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার প্রবাসী যুবকের মৃত্যু, ঈদের আগেই নিভে গেল স্বপ্ন

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার প্রবাসী যুবকের মৃত্যু, ঈদের আগেই নিভে গেল স্বপ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাওন মির্জা নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (০৩ মে) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন শাওন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

শাওন মির্জা তিন বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই প্রত্যাশা অপূর্ণ রেখেই তিনি চিরবিদায় নিলেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এদিকে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জহুরুল হক মিঠু।

ভাঙ্গায় দুই অটোরিকশা সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
ভাঙ্গায় দুই অটোরিকশা সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম ফকির (৩৫) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার তিনদিন পর মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাহ আলম ফকির ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রব ফকিরের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে আজিমনগর বাজার এলাকায় দুইটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।