খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

পৃথিবীর গভীরে কী রয়েছে

জাহিদ হোসাইন খান
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম
পৃথিবীর গভীরে কী রয়েছে

আপনার পায়ের নিচে কী? সহজ উত্তরে বলবেন, মাটি। তার নিচে কী? এভাবে যেতে থাকলে আমরা একসময় পৃথিবীর কেন্দ্রে চলে যাব তা–ই না? সেই কেন্দ্রের পরিবেশের কথা আমরা অনেকেই জানি। গলিত লাভা আর উত্তপ্ত এক পরিবেশ বিরাজ করছে সেখানে। সেই এলাকার অবস্থা নিয়ে নতুন এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

গবেষণায় জানা যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রের আশপাশে সব গলিত অংশ পৃথিবীর অংশ নয়। সেখানে বহুকালে আগে অন্য মহাজাগতিক বস্তুর অংশবিশেষ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী বলছেন, প্রায় ৪৫০ কোটি বছর আগে প্রাচীন প্রোটোপ্ল্যানেট থিয়া ও প্রোটো-আর্থের মধ্যে একটি বিশাল সংঘর্ষ ঘটেছিল। সেই সংঘর্ষে চাঁদের পাশাপাশি দুটি বিশাল মহাদেশ তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পৃথিবীর আবরণের মধ্যে এই অঞ্চলগুলো আটকা পড়েছে।

সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ধ্বংসাবশেষ থেকেই চাঁদ তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। থিয়ার আকার মঙ্গল গ্রহের সমান ছিল বলে অনুমান করা হয়। সাধারণভাবে বলা যায়, থিয়া ঘুরতে ঘুরতে আদি পৃথিবীর সীমানায় চলে এলে পৃথিবীর ওপর আছড়ে পড়ে। আর এতে ধ্বংসাবশেষ নিয়ে চাঁদের বিকাশ ঘটে। আশির দশকে প্রথমবার বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের গভীরে অস্বাভাবিক পদার্থের সন্ধান পান। দুটি মহাদেশ-আকারের এই ব্লককে বৈজ্ঞানিক ভাষায় ব্লব বলছেন তাঁরা। দুটি ব্লবের একটি আফ্রিকা মহাদেশের নিচে ও অন্যটি প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে। একেকটি ব্লব চাঁদের আকারের দ্বিগুণ। পৃথিবীর কেন্দ্র যেসব উপাদানে তৈরি, এসব ব্লব তার চেয়ে ভিন্ন উপাদানে তৈরি। এ বিষয়ে বিজ্ঞানী কিয়ান ইউয়ান বলেন, চাঁদের মতো উপগ্রহ ও মঙ্গল গ্রহের মতো বড় গ্রহগুলো তৈরির কোনো না কোনো পর্যায়ে এমন সংঘর্ষের মুখে পড়েছিল। আমরা গবেষণায় দেখেছি, প্রোটোপ্ল্যানেট থিয়া ও প্রোটো-আর্থের সঙ্গেও সংঘর্ষ হয়েছিল। গবেষণার জন্য সংগৃহীত নানা তথ্য কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে।’

আফ্রিকা মহাদেশের নিচে ও অন্য একটি প্রশান্ত মহাসাগরের নিচে প্রাপ্ত উপাদানগুলো আশপাশের আবরণের তুলনায় ২ থেকে সাড়ে ৩ শতাংশ বেশি ঘন। আবরণের এই অংশগুলো থিয়ার উপাদানকে প্রতিনিধিত্ব করে। থিয়ার ধ্বংসাবশেষ ১০ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পৃথিবীর প্রথম দিকের বিবর্তনের সময় এসব পদার্থের কী পরিণতি হয়েছিল, তা নিয়ে আরও অনুসন্ধান চলছে। সাংহাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গবেষক অধ্যাপক হংপিং ডেং বলেন, নতুন অনুসন্ধান পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ করছে। সংঘর্ষের কারণে পৃথিবী প্রথম দিকে আকৃতি পেতে শুরু করে বলে মনে করা হতো।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক স্টিভেন ডেশ বলেন, নতুন তথ্য বলছে, চাঁদ তৈরির আগেও পৃথিবীতে থিয়ার উপাদান থাকতে পারে। কোটি কোটি বছর ধরে থিয়ার অংশ পৃথিবীর ভেতরে ঘুমন্ত অবস্থায় রয়েছে বলা যায়। পৃথিবীর মধ্যে থিয়ার কোনো অংশবিশেষ এখনো যদি থাকে, তা ধীরে ধীরে পৃথিবীর কেন্দ্রে মিশে যাবে বা মুছে যাচ্ছে বলা যায়। কোটি কোটি বছর ধরে পৃথিবী ঘূর্ণনের মাধ্যমে নিজের কেন্দ্রে থিয়ার অংশগুলোকে গিলে ফেলছে। এটিই প্রথম গবেষণা, যা সেই ঘটনাকে গুরুত্ব দিচ্ছে। এই গবেষণা দাবি করছে, থিয়ার অংশবিশেষ এখনো পৃথিবীর মধ্যে মূল-ম্যান্টল বা কেন্দ্রের সীমানায় অবস্থান করছে।

গবেষণাটি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক এড গার্নেরো বলেন, ‘নতুন গবেষণা অনুসারে বলা যায়, পৃথিবীর ব্লব অন্য গ্রহের সংঘর্ষের অবশিষ্টাংশের সঙ্গে সংঘর্ষে আমাদের চাঁদ তৈরি হয়েছে। অন্য কথায়, বর্তমানে পৃথিবীর গভীরে থাকা বিশাল ব্লব আসলে বহির্জাগতিক বস্তুবিশেষ। পৃথিবীর মধ্যে সাধারণ কোনো ব্লব নেই, সব বহির্জাগতিক ব্লব আছে পায়ের নিচে। বিস্তৃত পরিসরের শিলা নমুনার সুনির্দিষ্ট বিশ্লেষণের মাধ্যমে আরও গবেষণার সুযোগ রয়েছে। আদিম পৃথিবী, গাইয়া ও থিয়ার বস্তুগত গঠন ও কক্ষপথের গতিশীলতা অনুমান করতে পারছি আমরা। সৌরজগতের অভ্যন্তরীণ গঠনের ইতিহাসকে বোঝার চেষ্টা করছি। সৌরজগতের বাইরে এক্সোপ্ল্যানেটের গঠন ও বাসযোগ্যতা বোঝার জন্য এ গবেষণার ফল কাজে আসবে।’

সূত্র: ফিজিস ডট অর্গ

ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:১১ এএম
ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

পবিত্র ঈদুল ফিতর মানেই আনন্দ, ভালোবাসা আর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে নতুন করে দৃঢ় করার এক মহিমান্বিত উপলক্ষ। এদিন ছোটদের মুখে হাসি ফোটাতে এবং আপনজনদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক আরও গভীর করতে আমাদের সমাজে ঈদ সালামি দেওয়া-নেওয়ার একটি সুন্দর প্রচলন রয়েছে।

তবে এই প্রথার ধর্মীয় অবস্থান কী, এটি কি ইবাদত, নাকি কেবল সামাজিক রীতি? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি বোঝা জরুরি, যেন আমরা আনন্দ উদযাপনের পাশাপাশি ইসলামের সঠিক নির্দেশনাও মেনে চলতে পারি।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী বলেন, ইসলামের মূলনীতি হলো, যে কোনো কাজ ততক্ষণ বৈধ, যতক্ষণ না তা শরিয়তের কোনো স্পষ্ট নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এ দৃষ্টিকোণ থেকে ঈদের দিনে কাউকে খুশি করার উদ্দেশে অর্থ বা উপহার দেওয়া নিঃসন্দেহে বৈধ। বরং হাদিসে উপহার আদান-প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধির কথা বলা হয়েছে। তাই ছোটদের আনন্দ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর নিয়তে ঈদ সালামি দেওয়া-নেওয়া একটি সুন্দর ও প্রশংসনীয় আমল হতে পারে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, ঈদ সালামি কোনো ইবাদত নয় এবং এটি ইসলামের নির্ধারিত কোনো বিধানও নয়। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রথা মাত্র। সুতরাং একে বাধ্যতামূলক মনে করা বা না দিলে দোষারোপ করা ঠিক নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইসলামে সালামের পরিভাষা রয়েছে। কোরআনে আছে, ‘তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায় বা সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় তোমাকে সালাম দিয়েছে, সে ভাষায় তুমি জবাব দাও। অথবা এর চেয়ে উত্তম শব্দ ব্যবহার করে সালাম দাও।’ হজরত মুহাম্মদ (সা.) আমাদেরকে সালাম দিতে নির্দেশ করেছেন। মুখ দিয়ে উচ্চারণ করে পরস্পরের শান্তি কামনা করা হলো সালাম।’

তিনি আরও বলেন, ‘ঈদের সালামি পেতে বাচ্চারা বড়দের সালাম দিলে তারা সালামের উত্তর দেবেন। সালামের জবাব দিয়ে তাদের কিছু হাদিয়া দেবেন, এটা আমাদের দেশের সংস্কৃতি। এতে কোনো অসুবিধা নেই। কোরআন-হাদিসের সঙ্গে এর কোনো সংঘর্ষ নেই। পা ছুঁয়ে সালাম করলে সালামি দিতে হবে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে সালাম দিলে জবাব দিয়ে তাকে সালামি দিয়ে দেওয়া উচিত। পা ছুঁয়ে সালাম করতে তাকে বাধ্য করা উচিত নয়।’

সূত্র : কালবেলা

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।