খুঁজুন
, ,

সালথায় তীব্র গরমে বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
সালথায় তীব্র গরমে বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগ
ফরিদপুরের সালথায় গত কয়েক দিন ধরে বৃষ্টিহীন আকাশ। প্রচণ্ড গরমে কাটছে দিনরাত। সব সময়ই বইছে ভাবস্যা গরম হাওয়া। ওষ্ঠাগত মানুষসহ প্রাণিকুলের জীবন। গ্রীষ্মের দ্বিতীয় মাস জৈষ্ঠ্যের মাঝামাঝি থেকে চলছে খরা। আষাঢ়ের খুব কাছাকাছি ৩১ জ্যৈষ্ঠ পর্যন্ত তা বর্তমান। এদিকে তীব্র গরমে উপজেলায় ডায়রিয়া, সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট আক্রান্তের সংখ্যা বাড়ছে।
তীব্র এ গরমে বিপদে পড়েছেন মাঠে কাজ করা কৃষক। অন্যদিকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রোদে বাইরে থাকা যায় না বেশিক্ষণ। আবার কাজ শেষ না করলেও সমস্যা। সেক্ষেত্রে কাজ রেখে বারবার বিশ্রাম নিতে হয়। তৃষ্ণা মেটাতে খেতে হচ্ছে পানি। এক্ষেত্রে তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছেন না। পাশাপাশি তারা আক্রান্ত হচ্ছেন সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট ও ডায়রিয়ায়।
অতিরিক্ত গরমে কর্মজীবী মানুষের পাশাপাশি সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন ঐসব রোগে। এছাড়া সম্প্রতি করোনার বিস্তারে এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।
সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই গরমে অনেকেই আক্রান্ত হচ্ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে এ জাতীয় রোগীর সংখ্যা। বেশির ভাগই আউটডোরে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন। কেউ হাসপাতালে থেকেও চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, চলমান দাবদাহে নিজেকে রক্ষায় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াই ভালো। থাকতে হবে ছায়াযুক্ত স্থানে। বেশি বেশি পানি পান করতে হবে। বার বার হাত, মুখ ধুতে হবে। অনেকেই স্যালাইন খেয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে ডায়রিয়া না হলে তা খাওয়ার দরকার নেই। এ দাবদাহে রয়েছে হিট স্ট্রোকের ঝুঁকি। রোদে কাজ করতে গিয়ে যদি কারো প্রচুর ঘাম ঝরে, অস্বস্তি লাগে। তাহলে দ্রুত তাকে ছায়াযুক্ত স্থানে যেতে হবে। যোগাযোগ করতে হবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে।

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

মধুখালী প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, সবাই মিলে নিরাপদে বাঁচি’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মধুখালী আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতালের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদের উপ-স্বাস্থ্য পরিষদ, মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মধুখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চিকিৎসক ডা. শাপলা কুন্ডু। তিনি ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক মোশের্দা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক শুকলা ভৌমিক, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং মশার বংশবিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ফরিদপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে চরাঞ্চলে তালবীজ রোপণ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে চরাঞ্চলে তালবীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে তালবীজ রোপণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে ফরিদপুর জেলা পরিষদ।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর ও চরকল্যাণপুর মোল্লাডাঙ্গী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর’-এর সহযোগিতায় স্থানীয়দের মধ্যে ৫০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং ৬০০টি তালবীজ রোপণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদুরুজ্জামান বদু মৃধার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ প্রাথমিকভাবে পদ্মা নদীবেষ্টিত তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ রোপণ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে।”

​তিনি আরও বলেন, “প্রতি বছর বজ্রপাতে দেশের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বহু মানুষ প্রাণ হারান। বজ্রপাতের এই ঝুঁকি কমাতে উঁচু গাছ হিসেবে চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানো জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাণহানি কমাতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং তার যথাযথ পরিচর্যা করতে হবে।”

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য নাজমুল হাসান, মো. জহিরুল ইসলাম, ইরা নাহার দিপা, লিয়াকত আলী, জাহিদ হোসেন, মামুনুর রশিদ বাবু, ফজলুল রহমান খান, ফারুক মেম্বার, কুদ্দুস ও ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাহিত্য পদক পাচ্ছেন ফরিদপুরের মফিজ ইমাম মিলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
সাহিত্য পদক পাচ্ছেন ফরিদপুরের মফিজ ইমাম মিলন

‘নয়নজুলি ইজ্জত আলী খান-সুফিয়া বেগম সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন ফরিদপুরের বিশিষ্ট লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন। এ বছর যৌথভাবে তাঁর সঙ্গে এ পদকের জন্য মনোনীত হয়েছেন ময়মনসিংহের আলী আহাম্মদ খান আইয়োব।

আগামী ​মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে লেখকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এতে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক ও অনুবাদক আন্দালিব রাশদী।

​উল্লেখ্য, সাবেক সচিব ও গবেষক ড. মোহাম্মদ আলী খান তাঁর বাবা-মায়ের নামে এ সাহিত্য পুরস্কার প্রবর্তন করেন। এবারই প্রথম দুই গুণী লেখককে যৌথভাবে এই পদক প্রদান করা হচ্ছে।