ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিস্তৃত চাপাইবিলে (স্থানীয়ভাবে হরাইবিল নামেও পরিচিত) প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল থেকে তৈরি ‘লোটাস সিল্ক’ বা পদ্মের তন্তুতে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে এই সুতা ও তা দিয়ে তৈরি পোশাকের উচ্চমূল্য থাকলেও দীর্ঘদিনেও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, প্রায় ৬০০ একর এলাকা জুড়ে বিস্তৃত চাপাইবিলে প্রতিবছর বর্ষায় প্রচুর পদ্মফুল ফোটে। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক অধ্যাপক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে পদ্মফুলের ডাঁটা থেকে তন্তু বের করে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে চাপাইবিলের পাড়ে স্থানীয় নারীদের লোটাস সিল্ক তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পদ্মের ডাঁটা ভাঁজ করলে মাঝখান থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম ও আঠালো তন্তু দক্ষ কারিগরের হাতে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকার সমান। এ ছাড়া প্রতি গজ কাপড় ১ হাজার ডলার পর্যন্ত এবং লোটাস সিল্কের তৈরি শাড়ি ১০ লাখ টাকার বেশি ও পোশাক প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে পদ্মের ডাঁটা তুলে সুতা সংগ্রহের চেষ্টায় বিলের সৌন্দর্য ও ফুলের অস্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় সামাজিকভাবে তা প্রতিরোধ করা হয়েছিল। তবে এখন পদ্মের এই অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে তারা বিলের সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি চান।
এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসাইন বলেন, পদ্মফুল থেকে সুতা তৈরির বিষয়টি সঠিকভাবে কাজে লাগানো গেলে এলাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে।
এদিকে, গত মঙ্গলবার ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাইবিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পদ্মের ডাঁটা থেকে সুতা বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং জানান, বিশ্ব দরবারে দেশের শিল্পকে তুলে ধরার ক্ষেত্রে ফরিদপুরের এই পদ্মফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিলের মাছ, পদ্মফুল ও এর সুতার সম্ভাবনাগুলো সবার নজরে এনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় ও সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও সম্ভাবনার পাশাপাশি দ্রুত সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ফরিদপুরের চাপাইবিল ঘিরে লোটাস সিল্কের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন