খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

ফরিদপুরে ব্যবসায়ী দুলু হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:১৬ পিএম
ফরিদপুরে ব্যবসায়ী দুলু হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাকান্ডের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় নিহতের স্ত্রী খাদিজা বেগম (৩৫), মেয়ে মারিয়া (১০) ও ছেলে মোহাম্মদ আলী মোল্যাসহ (৮) কয়েকশ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার বোয়ালমারী পৌরসদরের ওয়াপদা মোড়ে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। সড়ক অবরোধ করার সময় এলাকাবাসী সড়ক জুড়ে বসে পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসানের উপস্থিতিতে হত্যাকান্ডের সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় তারা।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন ও বিক্ষোভে এলাকার কয়েকশ নারী-পুরুষকে অংশ নিতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন দুলু মোল্যা মারা যাওয়ায় আগের মামলাটি হত্যা মামলায় রুপান্তর ও আরো দুই আসামীকে এজাহারে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান অবরোধকারীরা।
মানবন্ধনে নিহতের দুই শিশু সন্তান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১০) ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী মোল্যা, স্ত্রী খাদিজা বেগম, বড় বোন সাহিদা বেগম, রোকেয়া বেগম, ভাগ্নী রহিমা খানম, ভাই খোকন মোল্যা, রোকন মোল্যা, আমীর হোসেন মোল্যা, আব্দুর রাজ্জাক মোল্যা, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুর রহমান, বাদশা মৃধা প্রমুখ বক্তব্য রাখেন ।
থানা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ২১ মার্চ প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে মারাত্মক আহত হন বোয়ালমারী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বকামারগ্রামের বাসিন্দা মৃত নুরুল হক মোল্যার ছেলে স্যানেটারী ব্যবসায়ী দুলু মোল্যা। মারাত্বক আহত অবস্থায় নিহতের স্বজনরা স্থানীয় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান দুলু মোল্যার অবস্থা আরো খারাপ হলে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ দুলু মোল্যার সেজো ভাই আ. মান্নান মোল্যা বাদি হয়ে বোয়ালমারী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়। আহত ব্যক্তি মারা যাওয়ার পর হত্যা চেষ্টা মামলাটি ধারা যোগ হয়ে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক জমিজমা নিয়ে প্রতিবেশী চাচাতো ভাই মো. কাশেম মোল্যা, সিদ্দিক মোল্যাদের সঙ্গে নিহত দেলোয়ার হোসেন দুলু মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২১ মার্চ ঘটনার দিন সকালে বিরোধ সৃষ্ট জমি থেকে দুলু মোল্যার ছোট ভাই মোহাম্মদ আমির হোসেন মোল্যা মাটি কাটতে গেলে বিবাদী কাশেম মোল্যা, সিদ্দিক মোল্যা, লুৎফার মোল্যা, নজরুল মোল্যা, তাহিদ মোল্যাসহ বেশ কয়েকজন বাঁধা প্রদান করেন। এ নিয়ে বাক-বিত-ার এক পর্যায়ে আসামিরা নিহতের ভাই আমির হোসেনকে মারধর শুরু করলে তাকে উদ্ধারে এগিয়ে আসেন নিহত দুলু মোল্যা। এ সময় কাশেম মোল্যার ঘরে ভাড়াটিয়া টাইলস ব্যবসায়ী বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন দুলু মোল্যার জামা ধরে আটকিয়ে রাখে। এ সময় অভিযুক্তরা দুলু মোল্যাকে ধারালো অস্ত্র (ছুড়া) দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। পরিবারের সদস্যরা মারাত্মক আহত দুলু মোল্যাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘটনার ১৬দিন পর গত ৬ এপ্রিল মারা যান তিনি।
মানববন্ধনে নিহত দেলোয়ার হোসেনের শিশু কন্যা মারিয়া (১০) কাঁদতে কাঁদতে জানায়, ‘আমার বাবাকে ফিরিয়ে দিন, বাবাকে কয়েকদিন কেন দেখছি না’। ‘তা না হলে বাবার খুনিদের ফাসি দিন, আমরা দুই ভাই-বোন বাবাকে আর কোনদিন দেখবো না’।
নিহত দুলু মোল্যার বড় ভাই মামলার বাদী আব্দুল মান্নান মোল্যা বলেন, পরিকল্পিত ও নৃশংস ভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। আমরা থানায় বারবার হত্যায় জড়িত আরো দুটি নাম এজাহারে অন্তর্ভুক্ত করার জন্য লিখিত দিলেও অজ্ঞাত কারনে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এমনকি মামলায় ১ নম্বর আসামি কাশেম মোল্যা ও ৬ নম্বর আসামী ফজলু তালুকদার গ্রেপ্তার হলেও বর্তমানে তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
সড়ক অবরোধের খবর পেয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থলে এসে নিহতের পরিবার ও এলাকাবাসীকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ^াস্ত করেন। এ সময় ওসি বলেন, হত্যা চেষ্টা মামলাটি ধারা যোগ হয়ে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে। নতুন করে এজাহার নেওয়ার কোনো সুযোগ নেই। তদন্তের সময় নতুন কোন আসামীর সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি স্বাভাবিক নিয়মেই চার্জশিটে অন্তর্ভুক্ত হবেন। মামলার সব আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

‘নারী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালু করবে’ – তারেক রহমান

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম
‘নারী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালু করবে’ – তারেক রহমান

ফরিদপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ভাষণে বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরে বিভাগ গঠন করলে যদি জনগণের উপকার হয়, উন্নয়ন ত্বরান্বিত হয়—তবে ফরিদপুরকে বিভাগ করা হবে।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ। সেই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।

তারেক রহমান ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ও সংশ্লিষ্ট নদীভাঙন সমস্যার কার্যকর সমাধান করা হবে। কৃষিখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজেই বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে।

নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী—এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্রিজ (সংশ্লিষ্ট অবকাঠামো) নির্মাণের আশ্বাস দেন ‘তারেক’। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আর ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হটিয়ে স্বাধীনতা রক্ষা করা হয়েছে।

একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, “এক গুপ্ত দলের নেতা আমাদের মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। ইতিহাস সাক্ষী—১৯৭১ সালেও তাদের ভূমিকা ছিল কলঙ্কজনক।”

ভাষণে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে ‘তারেক রহমান’ বলেন, কৃষি, শিল্প ও কর্মসংস্থানে সঠিক নীতি ও সুশাসন থাকলে এই অঞ্চল দেশের অর্থনীতির চালিকাশক্তি হতে পারে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।”

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুরের এই জনসমাগমই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুরের জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, দীর্ঘদিন পর ফরিদপুরে এমন বড় রাজনৈতিক সমাবেশ নতুন গতি এনে দিয়েছে।

১০ কেজি ধানের শীষ গায়ে ফরিদপুরে সেলিম, তারেক রহমান দেখার অদম্য আকাঙ্ক্ষা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
১০ কেজি ধানের শীষ গায়ে ফরিদপুরে সেলিম, তারেক রহমান দেখার অদম্য আকাঙ্ক্ষা

প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও বিভাগীয় জনসভাকে ঘিরে ফরিদপুর জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শহর ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগান, মিছিল আর পতাকায় মুখরিত পুরো জেলা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় জনসভা। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। তার বক্তব্য শুনতে ও এক নজর দেখতে ভোর থেকেই বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

সকাল থেকেই ফরিদপুর শহরের প্রবেশপথগুলোতে দেখা যায় খণ্ড খণ্ড মিছিল। কেউ হাতে দলীয় পতাকা, কেউ মাথায় পতাকা সংবলিত টুপি, আবার অনেকেই গায়ে জড়িয়ে নিয়েছেন বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ। সমাবেশস্থল রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের সড়কগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এই ভিড়ের মধ্যেই সবার দৃষ্টি কেড়েছেন শরীয়তপুর থেকে আসা বিএনপি সমর্থক সেলিম মন্ডল। তিনি পুরো শরীরজুড়ে প্রায় ১০ কেজি ধানের শীষ বেঁধে সমাবেশে উপস্থিত হয়েছেন। ব্যতিক্রমী এই উপস্থিতি মুহূর্তেই আকর্ষণ করে আশপাশের মানুষের দৃষ্টি।

সেলিম মন্ডল জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে তিনি বুধবার ভোরেই ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। তারেক রহমানকে কাছ থেকে দেখবেন এবং সরাসরি তার বক্তব্য শুনবেন—এই আশা নিয়েই কাকডাকা ভোরে রাজেন্দ্র কলেজ মাঠে প্রবেশ করেন তিনি।

তিনি বলেন, “এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েকবার সরাসরি দেখার সুযোগ হয়েছে। ঢাকায় দলের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছি। এবার দলের নতুন কাণ্ডারী তারেক রহমানকে নিজ চোখে দেখতে চাই বলেই এত কষ্ট করে এসেছি।”

দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভাকে ঘিরে ফরিদপুরসহ আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও এর আশপাশে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিএনপি নেতারা আশা করছেন, ফরিদপুরের এই বিভাগীয় জনসভা দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বড় ধরনের বার্তা দেবে। তারেক রহমানের বক্তব্য ঘিরে নেতাকর্মীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।

তারেক রহমানের জনসভা ঘিরে ফরিদপুরে উৎসবের আমেজ, শহরজুড়ে মিছিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম
তারেক রহমানের জনসভা ঘিরে ফরিদপুরে উৎসবের আমেজ, শহরজুড়ে মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ‘তারেক রহমান আসছে, গণতন্ত্র বাঁচছে’, ‘স্বাগতম তারেক রহমান’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “তারেক রহমানের এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফরিদপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

মিছিল নিয়ে আসা বিএনপির একাধিক নেতাকর্মী তাদের প্রত্যাশার কথা জানান। সদর উপজেলার বিএনপি কর্মী আব্দুল মালেক বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের এমন সরাসরি বার্তা শোনার সুযোগ পাচ্ছি। আমরা আশা করছি, তিনি দেশ ও দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবেন।” একই কথা জানান ছাত্রদলের নেতা রুবেল হোসেন। তিনি বলেন, “তরুণদের জন্য তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের জনসভা আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে।”

এদিকে মহিলা দলের নেত্রী নাজমা বেগম বলেন, “নারীদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে আমরা আশাবাদী। তারেক রহমানের বক্তব্যে আমরা সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে চাই।”

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিচ্ছেন। জনসভাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় অস্থায়ী খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। মাঠে প্রবেশের জন্য একাধিক গেট নির্ধারণ করা হয়েছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

সব মিলিয়ে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে ফরিদপুরে রাজনৈতিক উত্তাপ ও উৎসাহ তুঙ্গে। নেতাকর্মীদের প্রত্যাশা, এই সমাবেশ বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং আগামীর আন্দোলনে দিকনির্দেশনা দেবে।