খুঁজুন
, ,

নারীর অধিকার ও সমতার বার্তা, ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
নারীর অধিকার ও সমতার বার্তা, ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত

‘সমতা, মর্যাদা ও ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (০৮ মার্চ) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, সমাজকর্মী জান্নাতুল তাহিয়া রিমি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের অবদান অপরিসীম। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, সমাজে এখনো কিছু গোষ্ঠী নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারী নির্যাতন, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে।নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা ফরিদপুরকে একটি নিরাপদ ও নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নারীদের আরও বেশি সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আ.লীগের লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিএনপির শোডাউন ও অবস্থান কর্মসূচি

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
আ.লীগের লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিএনপির শোডাউন ও অবস্থান কর্মসূচি

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে বিএনপি নেতারা জানান, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের অবস্থান কর্মসূচি চলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

২১ বছর পরও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন গৌতম দাস

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
২১ বছর পরও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে বেঁচে আছেন গৌতম দাস

সড়ক সংস্কার ও পুনঃনির্মাণ কাজের দুর্নীতির বিরুদ্ধে কলম ধরাই কাল হয়েছিল তাঁর। নির্ভীক সেই কলমসৈনিক সাংবাদিক গৌতম দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নিজের কর্মস্থলেই। ঘাতকেরা তাঁর প্রাণ কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাঁর আদর্শ ও সাহসিকতা। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও সহকর্মী ও ফরিদপুরবাসীর হৃদয়ে আজও অনুপ্রেরণার নাম হয়ে বেঁচে আছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দৈনিক সমকালের তৎকালীন ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় বক্তাদের কণ্ঠে উঠে আসে এমনই আবেগঘন স্মৃতিচারণা।

দুপুর ১টায় প্রেসক্লাবের মরহুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্যা হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত এই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে ফরিদপুর শহর এবং গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে।

স্মরণসভায় স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর তৎকালীন সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদী বলেন, “গৌতম দাস অত্যন্ত সাদাসিধে এবং ভালো মনের মানুষ ছিলেন। অফিসের ভেতরেই একটি চৌকি পেতে থাকতেন। শহরের প্রধান সড়ক ‘মুজিব সড়ক’ সংস্কারের অনিয়ম নিয়ে তিনি যে প্রতিবেদন প্রকাশ করেছিলেন, তা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর জের ধরেই সংশ্লিষ্ট ঠিকাদার গোষ্ঠী ও সন্ত্রাসী চক্র ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করে। এমন মৃত্যু ছিল চরম অনাকাঙ্ক্ষিত।”

তৎকালীন সমকালের প্রতিনিধি এবং গৌতম দাস হত্যা মামলার বাদী হাসানউজ্জামান বলেন, “আমরা তিন মাস একসঙ্গে কাজ করেছিলাম। তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে সময় তাঁর হত্যার বিচারের দাবিতে সারাদেশের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন। যার ফলে প্রশাসন দ্রুত আসামিদের গ্রেফতার ও চার্জশিট দিতে বাধ্য হয়।”

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “গৌতম দাস রক্তে-মাংসে একজন সাহসী সাংবাদিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য আদর্শ। তাঁকে অনুসরণ করতে পারলেই আমাদের সাংবাদিকতা পেশার যথার্থ মূল্যায়ন হবে।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু। বক্তারা বলেন, গৌতম দাসের আত্মত্যাগ তরুণ সাংবাদিকদের সত্য প্রকাশে চিরকাল সাহস জোগাবে।

১৯৭৪ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে জন্মগ্রহণ করেন গৌতম দাস। তিনি দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে ব্যুরো কার্যালয়েই থাকতেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ওই দিনই সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন হাসানউজ্জামান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘটনার আট বছর পর, ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেখানে তাঁর ভাইবোনদের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লী ও শ্রীঅঙ্গনে গৌতম দাসের স্ত্রী দীপালী দাসের উদ্যোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে রাজধানীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপ-দপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের। এর মধ্যে প্রান্ত বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন এলাকার আবু বক্কারের ছেলে, আলামিন উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা এবং জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে আরও দাবি করা হয়, পরিচয় গোপন রাখতে তারা শুরুতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওই তিন নেতা আত্মগোপনে ছিলেন। প্রান্ত সিদ্দিকী রাজধানীর জিগাতলায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করছিলেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকাতেই অবস্থান করছিলেন।

এদিকে আটক নেতাদের মারধর করে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘দিন তো আর এভাবে যাবে না। তারা মবের শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেন না, তাই হয়তো ঢাকায় গিয়েছিলেন। কোনো অন্যায় করলে আইন ও প্রশাসন আছে। কিন্তু মব তৈরি করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অনেক মারধর করে পুলিশে দিয়েছেন।’

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জানান, সন্দেহভাজন হিসেবে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের ওই তিন নেতাকে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকায় এসে গোপনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বৈঠক করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুরোনো রাজনৈতিক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বোয়ালমারী থানায়ও তাদের নামে মামলা রয়েছে।

তবে রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ওসি।