খুঁজুন
, ,

ফরিদপুরে তেলের লড়ির চাপায় প্রাণ গেল দুই ‌মোটরসাইকেল আরোহীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে তেলের লড়ির চাপায় প্রাণ গেল দুই ‌মোটরসাইকেল আরোহীর

ফরিদপুরে তেলের লড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে জেলা সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) ও একই এলাকার জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৫)।
‌
জানা গেছে, ‌সোমবার রাত ‌সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে একটি মোটর সাইকেলকে একটি তেলের লড়ি (ট্রাকের) চাপা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হয় রাসেদ মোল্লা নামের অপর যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলের লড়ি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাই তেলের লড়িটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদরপুরে আশ্রয়ণ প্রকল্প জনশূন্য, ৫২ ঘরে এখন ১৫ পরিবারের বসবাস

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
সদরপুরে আশ্রয়ণ প্রকল্প জনশূন্য, ৫২ ঘরে এখন ১৫ পরিবারের বসবাস

উপরে জমে থাকা কালো পানি, নিচে হাঁটুসমান কাদা আর চারপাশ ঘিরে ঝোপঝাড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো যেখানে গৃহহীন মানুষের নিরাপদ ঠিকানা হওয়ার কথা ছিল, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সেই নতুন বাজার সংলগ্ন প্রকল্পটির অবস্থা এখন পুরোপুরি উল্টো।

চলাচলের রাস্তার বেহাল দশা, নিচু জমিতে স্থায়ী জলাবদ্ধতা ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় দুর্ভোগের চরম সীমায় পৌঁছেছেন সেখানকার বাসিন্দারা। ফলে নিরুপায় হয়ে সিংহভাগ পরিবারই আশ্রয়ণ প্রকল্প ছেড়ে চলে গেছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদরপুরের ঢেউখালী আশ্রয়ণ প্রকল্পে মোট ৫২টি ঘর রয়েছে। তবে দুর্ভোগের কারণে মাত্র ১৫টি পরিবার কোনোমতে টিকিয়ে রেখেছে তাদের বসতি। ফাঁকা পড়ে থাকা বাকি ৩৭টি ঘর পড়ে আছে পুরোপুরি পরিত্যক্ত অবস্থায়। দেখভাল না থাকায় এসব ঘরের চারপাশ ঢেকে গেছে লতাপাতা আর ঝোপঝাড়ে। জঙ্গলকীর্ণ এ পরিবেশকে কাজে লাগিয়ে দিন-রাতে বসছে মাদকসেবীদের আখড়া, যা অবশিষ্ট বাসিন্দাদের নিরাপত্তাঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

​বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় এক দিনের বৃষ্টিতেই টানা এক সপ্তাহ জলজট থাকে প্রকল্প এলাকায়। নিচু জায়গায় পানি আটকে অনেকে ঘরেই ঢুকে পড়ছে পানি। বাথরুম ও আঙিনায় একই অবস্থা তৈরি হওয়ায় বাসিন্দাদের মানবেতর দিন কাটাতে হচ্ছে।

​প্রকল্পের বাসিন্দা মিনু আক্তার (৪০) ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ নাই। একদিন বৃষ্টি হলেই সাতদিন ধরে পানি জমে থাকে। থাকার ঘরে পানি ঢুকে যায়, বারান্দায়ও পানি আটকে থাকে। বাথরুমে পর্যন্ত যাওয়া যায় না, বাধ্য হয়ে বাইরে যেতে হয়। প্রতিদিন ঘর থেকে পানি সেচতে সেচতে আমার হাতে ঘা হয়ে গেছে। কিন্তু আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই স্বামী ও তিন সন্তান নিয়ে বাধ্য হয়ে এই কষ্ট সহ্য করছি।”

​অন্য বাসিন্দা জিয়াসমিন আক্তার (৩০) জানান জীবনের ঝুঁকি আর অসুবিধার কথা। তিনি বলেন, “কয়েকদিন আগে আমার আট মাসের শিশুসন্তান উঠানে জমে থাকা পানিতে পড়ে গিয়েছিল। কোনোমতে উদ্ধার করেছি। পানি একটু কমলে চারপাশের দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে টেকা যায় না। রাস্তায় হাঁটু কাদা। এই কষ্টের কথা সহ্য করতে না পেরে অধিকাংশ পরিবার প্রকল্প ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আমরা গরিব মানুষ, যাওয়ার জায়গা নাই বলেই পড়ে আছি। তার ওপর ফাঁকা ঘরগুলোতে বখাটে আর মাদকসেবীরা আড্ডা দেয়, রাতে খুব ভয় লাগে।”

​স্থানীয়দের অভিযোগ, আশ্রয়হীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে গিয়ে পরিকল্পনাহীনভাবে নিচু জমিতে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এটি এখন নতুন দুর্ভোগে পরিণত হয়েছে। তারা অনতিবিলম্বে জলজট নিরসনে ড্রেন নির্মাণ, পরিত্যক্ত ঘর সংস্কার এবং নিরাপত্তা জোরদারে পুলিশি টহলের দাবি জানান।

​সার্বিক বিষয়ে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি স্বীকার করেন বাসিন্দাদের এই মানবিক বিপর্যয়ের কথা। তিনি বলেন, “আমি নিজে গিয়ে তাদের দুর্দশা দেখে এসেছি। সত্যিই সেখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই। জমি নিচু হওয়ায় মাটি ভরাটের কথা ভাবা হলেও তাতে জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা আছে। তাই চারপাশ ঘুরে পাকা ড্রেন নির্মাণই একমাত্র বিকল্প সমাধান। বিষয়টি বিস্তারিতভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

​যোগাযোগ করা হলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, “আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। নিচু জমি ও পানি নিষ্কাশনের পথ না থাকায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলী পাঠিয়ে স্থানটি পরিদর্শন করে একটি ড্রেনেজ প্ল্যান তৈরি করব। বর্ষার পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হলে জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি ফাঁকা ঘরগুলোর সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে উন্নয়নের আলো কতটা পৌঁছেছে?

রেহেনা ফেরদৌসী
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ণ
মানচিত্রের ওপারে কান্না: বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনপদে  উন্নয়নের আলো কতটা পৌঁছেছে?

বাংলাদেশের মানচিত্রে প্রতিটি জেলা একই রাষ্ট্রের অংশ, প্রতিটি মানুষ একই দেশের নাগরিক। তবু জীবনযাত্রার বাস্তবতায় এই মানচিত্রেরভেতরেই রয়েছে গভীর বৈষম্য। কোথাও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি দ্রুত, কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক বেশি, নাগরিক সুবিধা সহজলভ্য; আবার কোথাও মানুষের প্রতিদিনের জীবন এখনো আবর্তিত হয় অন্ন, কাজ, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের মৌলিক চাহিদাকে ঘিরে।

একটি জেলার দারিদ্র্যের হার যখন জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি হয়, তখন তার অভিঘাত শুধু পরিবারের আয়েই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে খাদ্যাভ্যাস, শিক্ষার সুযোগ, চিকিৎসা গ্রহণ, বাসস্থানের নিরাপত্তা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর। অর্থাৎ দারিদ্র্য একটি পরিবারের অর্থনৈতিক সামর্থ্য কমিয়ে দেওয়ার পাশাপাশি তার সামনে থাকা সম্ভাবনার পরিধিও সংকুচিত করে। একজন নিম্ন আয়ের মানুষের কাছে মাসের শুরু ও শেষের ব্যবধানও অনেক সময় গভীর। আয় হাতে আসার পর তাকে একসঙ্গে সামলাতে হয় খাবার, বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা, পোশাক, যাতায়াত এবং চিকিৎসার খরচ। হঠাৎ কোনো অসুস্থতা, কর্মহীনতা কিংবা প্রাকৃতিক দুর্যোগ সেই সীমিত হিসাবকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে পারে। সবচেয়ে বড় সংকট তৈরি হয় তখন, যখন আয় থাকলেও তা অনিয়মিত। কৃষি শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত বহু মানুষের জীবনে কাজের নিশ্চয়তা নেই। কোনো মৌসুমে কাজ আছে, অন্য সময়ে নেই; কোনো দিন আয় হয়, কোনো দিন হয় না। কিন্তু পরিবারের প্রয়োজন প্রতিদিনই থাকে। ফলেআয়-ব্যয়ের সামান্য ভারসাম্যহীনতাও অনেক পরিবারকে ধার বা ঋণের ওপর নির্ভরশীল করে তুলতে পারে।

একটি পরিবারের অর্থনৈতিক সংকট যখন দীর্ঘস্থায়ী হয়, তখন শিশুর শিক্ষা জীবনও ঝুঁকির মুখে পড়ে। স্কুলে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বই, পোশাক, পরিবহন, শিক্ষা উপকরণ কিংবা অতিরিক্ত সহায়তার ব্যয় বহন করাও কোনো কোনো পরিবারের জন্য কঠিন হয়ে ওঠে। পরিস্থিতি আরও জটিল হলে শিশুকে পড়াশোনার পাশাপাশি আয়মূলক কাজে যুক্ত করার চাপ তৈরি হতে পারে। এখানেই দারিদ্র্য একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হওয়ার ঝুঁকি তৈরি করে। যে শিশু পর্যাপ্ত শিক্ষা ও দক্ষতার সুযোগ থেকে পিছিয়ে যায়, ভবিষ্যতে তার স্থিতিশীল কর্মসংস্থানের সম্ভাবনাওসীমিত হতে পারে। ফলে আজকের দারিদ্র্য আগামী দিনের আয়ও জীবনমানকেও প্রভাবিত করে।

স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও একই বাস্তবতা দেখা যায়। একটি সচ্ছল পরিবারের কাছে অসুস্থতা হয়তো সাময়িক আর্থিক চাপ; কিন্তু দরিদ্র পরিবারের ক্ষেত্রে তা হয়ে উঠতে পারে বড় ধরনের অর্থনৈতিক সংকট। চিকিৎসার খরচ জোগাতে সঞ্চয় শেষ হওয়া, ধার করা কিংবা প্রয়োজনীয় চিকিৎসা বিলম্বিত করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ অসুস্থতা তখন শুধু শরীরের সমস্যা থাকে না—পরিবারের অর্থনীতিতেও আঘাত হানে।

বাসস্থানের নিরাপত্তাও একইভাবে গুরুত্বপূর্ণ। দেশের নদীভাঙন, বন্যা, জলাবদ্ধতা কিংবা অন্যান্য দুর্যোগপ্রবণ অঞ্চলে দরিদ্র মানুষের ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। একটি ঘরনষ্ট হওয়া তাদের কাছে শুধু একটি স্থাপনা হারানো নয়; এর সঙ্গেহারিয়ে যেতে পারে আসবাব, প্রয়োজনীয় সামগ্রী, গবাদিপশুকিংবা জীবিকা নির্বাহের উপকরণ। সামান্য সম্পদ হারিয়েই একটিপরিবার আবারও শূন্য থেকে শুরু করতে বাধ্য হতে পারে।এ কারণেই কোনো জেলার দারিদ্র্যের হারকে শুধু পরিসংখ্যান হিসেবে দেখলে বাস্তব সমস্যার গভীরতা বোঝা যাবে না। সংখ্যার পেছনে আছে মানুষের মুখ, পরিবারের অসমাপ্ত স্বপ্ন এবং প্রতিদিনের সংগ্রাম। অথচ একই সময়ে আমরা দেশের অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত পরিবর্তন, নগরায়ণ এবং নতুন নতুন সুযোগের কথা বলছি। সেতু, মহাসড়ক, মেট্রোরেল কিংবা শিল্পায়ন—সবই উন্নয়নের দৃশ্যমান প্রতীক। কিন্তু উন্নয়নের আরেকটি প্রশ্নও জরুরি: এই অগ্রগতির সুফল দেশের সবচেয়ে দরিদ্র মানুষটির জীবনে কতটা পৌঁছেছে?

উন্নয়নের অর্থ শুধু জাতীয় আয় বৃদ্ধি নয়। একজন কৃষক যদি উৎপাদনের ন্যায্য মূল্য পান, একজন শ্রমিক যদি স্থিতিশীল কাজ পান, একজন মা যদি সন্তানের চিকিৎসা নিয়ে আতঙ্কিত না হন, একটি শিশু যদি পারিবারিক দারিদ্র্যের কারণে শিক্ষার সুযোগ হারিয়ে না ফেলে—তবেই উন্নয়নের অর্থ মানুষের জীবনে আরও গভীর হয়ে ওঠে। তাই দারিদ্র্য মোকাবিলায় শুধু সহায়তা বিতরণ যথেষ্ট নয়। প্রয়োজন স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো এবং দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের জীবিকা আরও স্থিতিশীল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সহায়তার পাশাপাশি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা।

বাংলাদেশের দরিদ্রতম জনপদগুলোর দিকে তাকানো মানে দেশেরব্যর্থতার তালিকা তৈরি করা নয়। বরং এটি উন্নয়নের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করার একটি প্রয়োজনীয় আয়না। কারণ একটি দেশের প্রকৃত অগ্রগতি শুধু রাজধানীর ব্যস্ত সড়ক, নতুন স্থাপনা কিংবা অর্থনীতির বড় সংখ্যায় ধরা পড়ে না। তার প্রকৃত প্রতিফলন দেখা যায় সেই ঘরে, যেখানে একজন বাবা হিসাব করেন আগামী সপ্তাহের বাজার কীভাবে চলবে; সেই মায়ের উৎকণ্ঠায়, যিনি সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে ভাবেন; সেই শিশুর চোখে, যার স্বপ্ন আছে কিন্তু সুযোগ সীমিত।

বাংলাদেশের প্রতিটি জেলার মানুষের মর্যাদা সমান। তাই মানচিত্রের কোনো প্রান্তে জন্ম নেওয়া একজন মানুষের সম্ভাবনা যেন তার জন্মস্থানের দারিদ্র্যের কাছে পরাজিত না হয়।উন্নয়নের আলো তখনই পূর্ণতা পাবে, যখন দেশের সবচেয়ে দরিদ্র জনপদের মানুষও সেই আলোর উষ্ণতা অনুভব করবেন।

একই মানচিত্র, একই পতাকা, একই দেশের মানুষ—তবু জীবনের ব্যবধান যেন দুই বাংলাদেশের গল্প না হয়ে ওঠে।

লেখক: সহ-সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ, কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন আগে একই কমিটির আরেক সহ-সভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তারের পর এবার শাকিলকে গ্রেপ্তার করা হলো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল হোসেন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নকুলহাটি বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।