খুঁজুন
, ,

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে তুলছেন আমেরিকান দম্পতি

ভাস্কর ভাদুড়ী ও তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে তুলছেন আমেরিকান দম্পতি

উন্নত জীবনের জন্য বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছে এমন হাজারো উদাহরণ আমাদের চারপাশে। তবে, জয়া বার্লিন ও জ্যাকব বার্লিনের গল্পটি একটু ভিন্ন। এই ভিনদেশি দম্পতি বিদেশের সব সম্পত্তি বিক্রি করে, গত পাঁচ বছর ধরে বাংলাদেশে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।

সমাজের নির্যাতিত এবং পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী হতে শেখাচ্ছেন। ফরিদপুরে গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। পাঁচ সন্তান নিয়ে হতে চান বাংলাদেশেরই নাগরিক।

উদ্ভাবনী কাজে নারীদের স্বাবলম্বী করার আয়োজনে সরাসরি জড়িত থাকেন যুক্তরাষ্ট্রের নাগরিক জয়া বার্লিন। তিনি বাংলাদেশি ভাষা ও সংস্কৃতিকে ভালবেসে আধো বাংলাতেই তাদের কাজ-কর্মের দিক-নির্দেশনা দেন।

ফরিদপুরে ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখছেন, তাদের কেউ পাচার হওয়ার সময় রক্ষা পেয়েছেন, কেউবা নতুন জীবন পেয়েছেন পালিয়ে এসে। এমনকি এখানে রয়েছেন নির্যাতিতা কিংবা স্বামী পরিত্যক্তা নারীরাও। তাদের নিয়েই জয়া ও জ্যাকবের সংসার। সেখানেই ডিজাইনের ব্যাগ, কুশন কিংবা কাঁথা তৈরীর পর সেগুলো রফতানি করা হয়।

মানুষদের যেভাবে স্বাবলম্বী বানানো যায় তার উদহারণ দিয়ে জয়া বার্লিন বলেন, কাউকে যদি মাছ কিনে খেতে দাও, তাহলে সে একদিনের জন্য সুবিধা পাবে। কিন্তু তাকে যদি মাছ চাষ ও ধরার পদ্ধতি শিখিয়ে দাও, তাহলে সারাজীবন এটা শিখে সুবিধা পাবে। আমাদের লক্ষ্য মানুষের সাহায্য-সহযোগিতা করা নয়, তাদের কাজ শেখানোই লক্ষ্য। সাময়িক পাশে দাঁড়ালে, লাভ নেই।

তিনি আরও বলেন, সারাজীবন আমরা এখানে থাকতে চাই। আমরা একদম বাঙালী হয়ে যেতে পারিনি, কারণ আমাদের ভিসা আছে। এখন পর্যন্ত নাগরিকত্ব নেই। ওখানের সবকিছু (জমি, সম্পত্তি) বিক্রি করে এখানে বিনিয়োগ করেছি।

এরইমধ্যেই পাঁচ শতাধিক নারীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। যারা মানসিকভাবে বিপর্যস্ত, তাদেরকে আর্ট থেরাপি কিংবা প্লে থেরাপি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন এই দম্পতি, যারা মানসিক কাউন্সেলিংয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

অন্যদিকে, চাকরীর সুবাদেই বাংলাদেশে আসেন জার্মান নাগরিক জ্যাকব বার্লিন। তার হাত ধরেই বাংলাদেশে পাড়ি জমান জয়া। বিয়ের পর একসঙ্গে সামাজিক নানা কাজ করে যাচ্ছেন। তাদের জীবন দর্শনে, নিম্ন আয়ের মানুষের জন্য বাংলাদেশে বেঁচে থাকা বেশ কঠিন। শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হলে এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।

জ্যাকব বার্লিন বলেন, আমরা ফরিদপুর থেকে শুরু করেছি। লক্ষ্য আছে বাংলাদেশের সব প্রান্তে এই ধরণের কাজ করে যাওয়ার।

এই পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসতে পাঁচ সন্তানসহ বাকি জীবন বাংলাদেশেই কাটাতে চান এই দম্পতি। সেই লক্ষ্যে সন্তানদের নামও রেখেছেন বাংলার ছোয়াতেই; ছেলের নাম আনন্দ, মেয়েদের নাম হাসি, খুশি, সুখি আর মিষ্টি।

সূত্র : যমুনা টিভি 

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূজার ছুটিতে দুপুরে কর্মস্থল দোহার থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যা ও ছিনতাই: অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যা ও ছিনতাই: অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

ফরিদপুরে চালককে চেতনানাশক প্রয়োগ করে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ পেশাদার অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

​শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

​গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মুরাদ শেখ (২৪) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এছাড়া এই ঘটনায় আগেই গ্যারেজ মালিক কামাল ও ছিনতাই চক্রের সদস্য সুমন আহমেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

​সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড় ৮টার দিকে শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে পাঁচ সদস্যের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে। পথিমধ্যে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে তারা রুমালে চেতনানাশক মাখিয়ে চালক বিশ্বনাথ সরকারের মুখে চেপে ধরে। এতে চালক জ্ঞান হারালে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয় চক্রটি।

​পরে স্থানীয়রা চালক বিশ্বনাথকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন।

​ঘটনার তিন মাস পর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তের একপর্যায়ে একটি গ্যারেজে থাকা ছিনতাই হওয়া ইজিবাইকের ‘হুট’-এর সুত্র ধরে দীর্ঘ অনুসন্ধান শুরু করে সংস্থাটি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৪ অক্টোবর রাতে শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেফতার করা হয়।

​পরদিন আসামী মুরাদকে আদালতে পাঠালে সে চালককে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

​ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতার করতে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে কৃষকের দুটি সেচযন্ত্র পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে কৃষকের দুটি সেচযন্ত্র পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে আরকান মোল্যা নামের এক কৃষকের দুটি সেচযন্ত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় চার একর জমির ইরি ধান আবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ওই কৃষক।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দরুনা গ্রামে এ ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত কৃষক আরকান মোল্যা আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম এলাকার সিরাজুল হক সুরাপ মোল্যার ছেলে। ঘটনাটি জানতে পেরে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দরুনা গ্রামের মাঠে দুটি সেচযন্ত্রের সাহায্যে প্রায় চার একর জমিতে ইরি ধানের চাষ করছিলেন কৃষক আরকান মোল্যা। একটি সেচযন্ত্র থেকে অন্যটির দূরত্ব প্রায় ৭০০ ফুট। প্রতিদিনের মতো শুক্রবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর দুটি সেচযন্ত্রই পুড়িয়ে দিয়ে গেছে। এতে বর্তমান বাজারমূল্যে তাঁর প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।

​ভুক্তভোগী কৃষক আরকান মোল্যা জানান, কর্মসংস্থান ব্যাংকের আলফাডাঙ্গা শাখা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে তিনি এই ইরি ধানের আবাদ ও সেচযন্ত্র ক্রয় করেছিলেন। বর্তমানে ধানগাছের বয়স দুই মাস চলছে এবং আগামী এক মাসের মধ্যে শিষ বের হওয়ার কথা। এই মুহূর্তে সেচ কার্যক্রম বন্ধ থাকলে ধানখেত শুকিয়ে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ফসলের ক্ষতির পাশাপাশি ব্যাংকের ঋণ পরিশোধ করা নিয়েও তিনি এখন গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।