খুঁজুন
, ,

ফরিদপুর-৪ আসনে আলোচনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
ফরিদপুর-৪ আসনে আলোচনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী, শিক্ষক ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।

উপাধিসহ তার নাম মুফতি রায়হান জামিল তবে ডাকনাম রায়হান। ১৯৯০ সালে চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী গ্ৰামে তার জন্ম। তার পিতা মো. খবির শেখ। মাদরাসা থেকে তিনি হাফেজ মাওলানা ও মুফতি সম্পন্ন করেছেন।

তরুণ প্রজন্মের এই নেতা সারা বছর শিক্ষকতা, ব্যবসা ও সমাজসেবা নিয়ে থাকেন। আগে থেকেই তিনি রাজনৈতিক সচেতন মানুষ তবে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। দল, মত, জাতি ও ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের সেবক হতে চান এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন।

একজন প্রগতিশীল, জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার গরীব-দুঃখী অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি জানান, বেকার, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ফরিদপুর-৪ আসন গড়তে চাই। সবার জন্য শিক্ষা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থান এর ব্যবস্থা নিশ্চিত করতে চাই।

তার প্রধান মেসেজ হলো ‘সৎ লোকের শাসন চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, শোষক নয় সেবক হতে চাই।’

ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তরুণ প্রজন্মের নেতা মুফতি রায়হান জামিল বলেন, ‘বহু আগে থেকেই আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় দশ টাকায় ইলিশ মাছ বিক্রি, এক টাকা কেজি গরুর মাংস বিক্রি, দুই টাকা কেজি চাল বিক্রি, দশ টাকা হালি ডিম বিক্রি, ভিক্ষুকদের কর্মসংস্থান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রি সেলাই প্রশিক্ষণ, গর্ভবতী মায়েদের জন্য ফ্রি গাড়ি সেবাসহ অসংখ্য উদ্যোগের মাধ্যমে সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমার এই সেবামূলক কার্যক্রম কখনোই ভোট পাওয়া বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয়; বরং একমাত্র লক্ষ্য হলো : আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গরিব-অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আমি শুধু ফরিদপুর জেলাতেই নয়, অন্য জেলাতেও এসব সেবামূলক কাজ করে আসছি। যদি উদ্দেশ্য কেবল ভোট হতো, তবে আমি অন্য জেলায় এসব কাজ করতাম না।’

তরুণ এই নেতা বলেন, একজন মুসলমানের প্রতিটি কাজই হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। তা দান করা হোক বা রাজনীতি করা হোক যখনই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তখন সেটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমার সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমার এই প্রচেষ্টাগুলো কবুল করেন।

তরুণ এই সুশীল ব্যক্তি, ফরিদপুর-৪ আসন এলাকার অবহেলিত ও গণমানুষের সুবিধা-অসুবিধা নিয়ে (স্বতন্ত্র) এমপি প্রার্থী হিসেবে রায়হান জামিল ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সুবিধা অসুবিধা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে নিজের উপস্থিতি মজবুত করছেন।

তিনি বলেন, ‘আমি শুধু প্রতিশ্রুতিতে নয় বরং বাস্তবায়নে বিশ্বাস করি। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, আমি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।’

তিনি শুধুমাত্র রাজনীতিবিদ নন, তিনি সামাজিক উন্নয়নের কাজেও সক্রিয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুবসমাজের উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ডে তার অবদান ব্যাপক প্রশংসিত। স্থানীয়রা মনে করেন, এমন তরুণ নেতৃত্ব আমাদের এলাকায় সবসময় প্রয়োজন।

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চম্পা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে মাদক সেবনের অপরাধে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজার ও সদর বাজার সংলগ্ন এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে চর হাজীগঞ্জ বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটে রক্ষিত ১০৫ পিস ইয়াবাসহ চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়েরের পর আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

​অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার সদর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মানিক মোল্যাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্ত্রীকে হত্যার পর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত তামান্না আক্তার মৌ নগরকান্দা উপজেলার রামেশ্বর এলাকার আতিয়ার রহমানের মেয়ে এবং ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী।

​স্থানীয় সূত্র জানায়, সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পান তার স্বামী শাখাওয়াত। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রীন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করলে লাশ রেখেই গা ঢাকা দেন স্বামী শাখাওয়াত।

​নিহতের মায়ের দাবি, তামান্নাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে অবহিতকরণ সভা

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
ফরিদপুরে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে অবহিতকরণ সভা

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের এজিএম (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আশীষ কুমার রায়।

​সভায় স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে রুফটপ সোলার সিস্টেম, ক্যাপেক্স ও ওপেক্স মডেল, নেট মিটারিংয়ের আবেদন, রুফটপ সোলার ক্যালকুলেটরের ব্যবহার এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

​পাশাপাশি সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির নিয়ম, ন্যূনতম যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও তালিকাভুক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​সভায় বক্তারা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বহুল ব্যবহার নিশ্চিত করতে দক্ষ ও মানসম্মত সেবা প্রদানকারীর বিকল্প নেই। সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনে পণ্যের গুণগত মান নিশ্চিত হবে এবং গ্রাহকরাও নির্ভরযোগ্য সেবা পাবেন। এর মাধ্যমে দেশে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

​অনুষ্ঠানে আলফাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, ভিলেজ ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।