খুঁজুন
, ,

ব্রেস্ট ক্যানসার নিয়ে কিছু কথা

ডা. এম এস মলি
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
ব্রেস্ট ক্যানসার নিয়ে কিছু কথা

অক্টোবর মাসটি বিশ্বব্যাপী ‘পিঙ্ক অক্টোবর’ নামে পরিচিত। ব্রেস্ট বা স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির একটি প্রতীকী মাস। এই সময়ে আমরা সবাই একত্রিত হই এই ভয়ংকর রোগ সম্পর্কে মানুষকে জানাতে, সচেতন করতে এবং সাহস দিতে। ‘প্রত্যেকটি গল্পই আলাদা, প্রত্যেকটি স্তন ক্যানসারের যাত্রা গুরুত্বপূর্ণ। কারণ, স্তন ক্যানসারের প্রতিটি নির্ণয়ই বিশেষভাবে ব্যক্তিগত’-এটিই এই বছর ২০২৫-এর ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের প্রতিপাদ্য বিষয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় এ মাসটি।

ব্রেস্ট ক্যানসার কী

ব্রেস্ট ক্যানসার হলো স্তনের কোষে অস্বাভাবিক বৃদ্ধিজনিত এক ধরনের ক্যাসার, যা সময়মতো ধরা না পড়লে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। পুরুষদের হলেও এটি মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়।

কেন আগে জানা জরুরি

ক্যানসার যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসার সাফল্যের হার ততই বেশি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি। দেরিতে ধরা পড়লে চিকিৎসা ব্যয়বহুল ও জটিল হয়ে ওঠে।

কীভাবে বুঝবেন 

নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন :

* স্তনে চাকা বা গিঁট অনুভব করা
* স্তনের আকার বা চামড়ায় পরিবর্তন
* নিপল থেকে রক্ত বা অন্য রস নিঃসরণ
* স্তনের বা বগলের চারপাশে ব্যথা বা মাঝে মাঝে অস্বস্তিবোধ হওয়া।

কে ঝুঁকিতে

* ৪০ বছরের বেশি বয়সি নারীরা
* পারিবারিক ইতিহাস থাকলে
* অতিরিক্ত ওজন, ধূমপান ও অ্যালকোহল সেবনকারীরা
*যেসব নারীর প্রথম সন্তান জন্মায় ৩০ বছরের পরে।

কী করণীয়

প্রতি মাসে নিজের স্তন নিজে পরীক্ষা করুন। ৪০ বছরের পর থেকে নিয়মিত ম্যামোগ্রাম করান। স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুষম আহার, ব্যায়াম, মানসিক প্রশান্তি, সন্দেহ হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।

উপসংহার

ব্রেস্ট ক্যানসার এখন আর ‘নির্বিচারে প্রাণনাশক’ রোগ নয়, যদি আমরা সচেতন হই। ‘আগে জানুন, আগেভাগে চিকিৎসা নিন’-এই মূলমন্ত্রই হোক আমাদের পথচলার প্রেরণা। অক্টোবরে গোলাপি রং শুধু প্রতীক নয়, এটি সাহস, আশা আর বেঁচে থাকার প্রতিজ্ঞা। আপনার সচেতনতাই একজন নারীর জীবন বাঁচাতে পারে। এ ছাড়া কথায় আছে-প্রতিকার নয়, এসব ক্ষেত্রে প্রতিরোধ সর্বদা উত্তম।

লেখক : এমফিল, পিএইচডি

ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডালসহ নগদ অর্থ

হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডালসহ নগদ অর্থ

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ও একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলো। এমন খবরে তাঁদের হাতে সহায়তা হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দিয়েছেন ফরহাদ ওহাব আকন নামে এক কাজাখস্তান প্রবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫ টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদি বাজারে ওই প্রবাসীর পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেকের মাঝে নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চাল, ডাল, আলু, তেল সহ শুকনো খাবার তুলে দেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত ২ আগস্ট দিবাগত রাত ৪ টার দিকে বৈদুতিক শটসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বাজারটিতে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। এ সময় দুটি মুদি দোকান, একটি ফার্মেসী ও একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান ঘরসহ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

পরে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নিজ এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকানি নজরুল ইসলাম বলেন- এই দোকান চালিয়ই আমার সংসার চলে৷ কিন্তু এক রাতে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের কথা জানতে পেরে কাজাখস্তানের ফরহাদ আকন আমাদের পাশে দাড়িয়েছেন, আল্লাহ যেন তাকে ভাল রাখে।

সহায়তা প্রদানকারী প্রবীণ ব্যক্তি মো. শামসুল হক বলেন- ‘এটা মানবিক কাজ, সমাজের বিত্তশালী প্রতিটি মানুষের উচিৎ অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এলাকারই সন্তান সুদূর কাজাখস্তান দেশে অবস্থান করে এই পরিবারগুলোর মাঝে কিছু সহায়তা পাঠিয়েছেন। ছেলেটি ছোট সময় থেকেই অসহায় মানুষের মাঝে ছুটে আসছেন। সকলে দোয়া করবেন সে যেন ভবিষ্যতে এভাবে সেবা করে যেতে পারে।

প্রসঙ্গত, ফরহাদ ওহাব আকন ওই ইউনিয়ের আকনের ডাঙ্গী এলাকার বাসিন্দা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকনের ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর কাজাখস্তানে অবস্থান করছেন এবং একই সাথে বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় সমাজসেবা ও মানবিক কাজ করে সুপরিচিত হয়ে উঠেছেন।

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় সিলেটগামী একটি যাত্রীবাহী নাইট কোচ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে পরিবহনের চালক-হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে। তবে এতে বড় ধরনের আহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, পরিবহনটি ১৯ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেট যাচ্ছিল। ঘটনাস্থলে প্রচন্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

সালথায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সালথায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাঞ্জু বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মো. মজিবুর রহমান মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পাঞ্জুকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।