ভাঙ্গায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজনের খবর ছড়িয়ে পড়ার পর ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করা হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। পাশাপাশি বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এলাকায় এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে তাঁর বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তা দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে দীর্ঘ ১৮ বছর আগে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের কোলজুড়ে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাঁদের সংসারে অশান্তি চরমে ওঠে। নানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন হোসেন মৃধা।
ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে হোসেন মৃধা বলেন, ‘১৮ বছরের সংসার জীবনে আমাদের তিনটি সন্তান রয়েছে। সব সুখ-শান্তি বিসর্জন দিয়ে আমি দিনের পর দিন সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজের মানসিক শান্তি এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে এবং মিষ্টি বিতরণ করে নিজেকে কলঙ্কমুক্ত ওাপাপমুক্ত করলাম।’
১৮ বছরের দীর্ঘ সম্পর্কের এমন করুণ পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনাটি পুরো আলফাডাঙ্গা জুড়ে এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
ফরিদপুরের সালথা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংক কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা ভবনে এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কেরোসিন-মাখানো মশাল দিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তার সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন এবং মোটরের পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো আসবাবপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে নিজের কক্ষে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া উঠতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে আগুন জ্বলতে দেখে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে তা নিভিয়ে ফেলি। সকালে বিষয়টি সালথা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন