খুঁজুন
, ,

ভাঙ্গায় নকশা পরিবর্তন করে বহুতল ভবন নির্মাণ, ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
ভাঙ্গায় নকশা পরিবর্তন করে বহুতল ভবন নির্মাণ, ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার নকশা পরিবর্তন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অনুমোদন বহির্ভূত ভবনের অংশ অপসারণের জন্য পৌর কতৃপক্ষ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে (২৩ অক্টোবর) হোগলাডাংগী সদরদী গ্রামের মো. আমিনুল ইসলাম খালাসী ওরফে আদমকে চিঠি দেওয়া হয়েছে এবং তাকে অপসারণের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের আদেশ অমান্য করিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পৌর কর্তৃপক্ষ।

ওই ভবনের মালিক আমিনুল ইসলাম আদমের বাড়ি ভাঙ্গা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের হোগলাডাঙ্গী সদরদী গ্রামে। সে ওই গ্রামের আলেপ খালাসীর পুত্র।

পৌরসভার চিঠি সূত্রে জানা যায়, বিগত ১৯/০১/১২ তারিখে ভাঙ্গা পৌরসভা প্রকৌঃ ২০১২/৩৪৪ স্মারক মূলে আমিনুল ইসলামকে পাঁচতলা ইমারত নির্মাণের অনুমোদন দেন পৌরসভা। কিন্তু বিল্ডিং এর মালিক আমিনুল ইসলাম ওরফে আদম নকশা পরিবর্তন করে পাঁচতলার উপর অবৈধভাবে ছয়তলা ভবন নির্মাণ করেন। যাহা ইমারত নির্মাণ আইন বহির্ভূত। তাই পৌর কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে অবৈধ অংশটি ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী পার্শ্ববর্তী ভবনের মালিক হাজী আব্দুল মান্নান বলেন, নকশা পরিবর্তন করে ভবনের মালিক আমিনুল ইসলাম আদম পৌরসভার নিয়ম বহির্ভূতভাবে নকশা পরিবর্তন করে ৫ তলার স্থলে ৬তলা ভবন নির্মাণ করাতে ভবনটি ঝুঁকিতে পড়েছে। তার বিডিং এর পাশে আমার ভবনটি ও ঝুঁকিতে পড়েছে। আদমের ছয়তলা ভবনটি যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি আমার ভবনটিও ঝুঁকিতে পড়েছে। তাই পৌর কর্তৃপক্ষ দ্রুত অবৈধ ৬তলার অংশটি ভেঙে ফেলার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।

এ বিষয়ে ভবনের মালিক আমিনুল ইসলাম খালাসী ওরফে আদম বলেন, আমি বিষয়টির না বুঝতে পেরে পাঁচতলার পরিবর্তে ছয় তলা ভবন নির্মাণ করেছি। আমি অতিরিক্ত ৬তলার অংশটি ভেঙে ফেলব।

এ ব্যাপারে পৌরসভার সার্ভেয়ার মো. রাকিব জানান, আমিনুল ইসলাম ওরফে আদম পৌরসভার নকশা ৫তলা অনুমোদন নিয়ে তিনি নকশা পরিবর্তন করে নিয়ম বহির্ভূতভাবে ৬ তলা নির্মাণ করেছে। আমরা অবৈধ অংশ টি ভেঙে ফেলার জন্য ১৫ দিন সময় দিয়েছি। ১৫দিনের মধ্যে অবৈধ অংশটি না ভাঙলে এবং পৌরসভার আইন অমান্য করিলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত ওই নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ত্রাগারে রক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।

এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের।

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৮ জনের শরীরে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

মারা যাওয়া নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি জেলার মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত মোট ২ হাজার ৫৩৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবির এই সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান। মোতায়েনকৃত পাঁচ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি দুই প্লাটুন ফরিদপুর জেলা সদরে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে ভাঙ্গা উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করবেন। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে তারা নিয়োজিত থাকবেন।