খুঁজুন
, ,

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ণ
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি

জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট— এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তার (হাসিনার) নির্দেশেই গণহত্যা হয়েছে।

শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে— এমন প্রত্যাশা করে বিএনপি।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, তারা সঠিকভাবে বলেছেন, একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যে গণহত্যা হয়েছে, তার নির্দেশে হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, যা কিছু হয়েছে, সব তার নির্দেশে এখানে হয়েছে। তার নির্দেশেই গণতন্ত্র ধ্বংস, ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি প্রমাণিত যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এ দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। এখান থেকে আমরা বলছি, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিএনপি স্বস্তি প্রকাশ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। যা-ই হোক আমি জাতিসংঘের পর্যবেক্ষণ যে টিম এসেছিল তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আল জাজিরায়- আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন কিন্তু ওই সরকার পুরোপুরি ডিনাই করে। তারা বলে যে এ ধরনের কিছু নেই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির মত কী, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা তো আমরা পরিষ্কার করে বলেছি যে, জনগণ উইল ডিসাইড।

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

Source: Banglanews24

ফরিদপুরে নিজ খরচে সড়ক মেরামত করলেন স্পেন প্রবাসী আলী ইউনুছ

শিশির খাঁন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে নিজ খরচে সড়ক মেরামত করলেন স্পেন প্রবাসী আলী ইউনুছ

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার শহরের পাশের একটি রাস্তা ব্যক্তিগত খরচে মেরামত করেন স্পেন বিএনপি সহ-সভাপতি ও সমাজসেবক ইউনুছ আলী প্রামাণিক। এতে সার্বিক সহযোগিতা করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

জানা গেছে, চরভদ্রাসন বাজারের পাশের ব্যস্ততম সড়কটি ভারী যানবাহন চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হয়। এতে জনসাধারণের চলাচলের অসুবিধা সৃষ্টি হলে ইউনুছ আলী প্রামাণিকের নজরে আসে। এসময় তিনি এমপি শহিদুল ইসলাম বাবুলের সাথে পরামর্শ করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি মেরামতের উদ্যোগ নেন। এতে আনুমানিক ৮০ হাজার টাকা খরচ হয়েছে।

এ বিষয়ে স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামাণিক বলেন, আমার এলাকায় একটি সড়ক ভারী যানবাহন চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি আমার নজরে এলে আমাদের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের সাথে পরামর্শ করি। ভাইয়ের নির্দেশনা মোতাবেক রাস্তার সংস্কার করা হয়েছে। আশা করি এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।

ফরিদপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্রকে টেঁটাবিদ্ধ করল মাদকসেবী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
ফরিদপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্রকে টেঁটাবিদ্ধ করল মাদকসেবী

ফরিদপুরের নগরকান্দায় মাদক সেবনে বাধা দেওয়া ও গ্রামবাসীকে বিষয়টি জানানোর জেরে জাবির আল মীর (২২) নামে সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রকে টেঁটা দিয়ে কুপিয়ে জখম করেছে এক মাদকসেবী।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​আহত জাবির আল মীর বাউতিপাড়া গ্রামের হেদায়েত আলী মীরের ছেলে এবং সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

​এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জাবির গ্রামের ভেসালে (মাছ ধরার বিশেষ ফাঁদ) মাছ শিকার করতে যান। এসময় একই এলাকার সাখাওয়াত মোল্লার ছেলে ও মাদকসেবী হিসেবে পরিচিত মুবিন মোল্যা হঠাৎ দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত মুবিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। জাবির তার এই অপকর্মের বিষয়টি গ্রামবাসীকে জানান এবং মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মুবিন তাকে বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার একা পেয়ে মাছ শিকারের সময় তার ওপর এ হামলা চালানো হয়।

​বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মুবিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

মধুখালী প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, সবাই মিলে নিরাপদে বাঁচি’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মধুখালী আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতালের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদের উপ-স্বাস্থ্য পরিষদ, মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মধুখালী উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চিকিৎসক ডা. শাপলা কুন্ডু। তিনি ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।

​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক মোশের্দা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক শুকলা ভৌমিক, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং মশার বংশবিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।