খুঁজুন
, ,

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

সকালের নাশতায় কি আপনার কমলার রস পছন্দ? অনেকেরই এই অভ্যাস আছে, তবে বছরের কিছু সময় ধরে কমলার রসকে ‘মিষ্টি’ বলে সতর্ক করা হয়। আসলে কমলার রসে থাকা চিনি দ্রুত রক্তে যায়, যা দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ বা ওবেসিটির ঝুঁকি বাড়াতে পারে—এটাই সাধারণ ধারণা।

কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে, যদিও এতে চিনি থাকে, সাপ্তাহিক বা দৈনন্দিন একটি গ্লাস কমলার রস শরীরের জন্য অনেক উপকারী হতে পারে।

কমলার রস নিয়ে ভুল ধারণা
গবেষকরা লক্ষ করেছেন, যারা প্রচুর সাইট্রাস ফল খায়, তারা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিতে কম থাকে। কিন্তু এই গবেষণাগুলো ফল খাওয়ার ওপর ভিত্তি করে করা, রস খাওয়ার নয়।

ফল খাওয়া এবং রস খাওয়ার প্রভাব আলাদা। যেমন, দু-তিনটি কমলা খেতে সময় লাগে—চিবানো, গিলে ফেলা; কিন্তু সেই একই পরিমাণ কমলার রস মাত্র কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায়। ফলে রসের চিনি দ্রুত রক্তে চলে যায়, যেখানে পুরো কমলা খেলে চিনি ধীরে ধীরে শোষিত হয়।

ফলে, স্বাভাবিকভাবে সুস্থ মানুষের জন্য এটি বড় সমস্যা নয়, কারণ শরীর ইনসুলিন ছাড়ে এবং রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে ডায়াবেটিস রোগীর জন্য হয়তো বেশি উপকারী নাও হতে পারে।

হৃদযন্ত্র এবং মস্তিষ্কের জন্য উপকারিতা
একটি গবেষণা দেখিয়েছে, প্রতিদিন ৫০০ মিলিলিটার কমলার রস পান করলে রক্তের শর্করার মাত্রা কমে, ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ‘খারাপ কোলেস্টেরল’ কমে—সবই হৃদরোগ কমানোর জন্য সহায়ক।

আরেকটি গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন একটি গ্লাস কমলার রস পান করলে রক্তচাপ কমে এবং ‘ভালো কোলেস্টেরল’ বেড়ে।

কমলার রস শুধু হৃদরোগের জন্য নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। এক গবেষণায় ৩০-৪৫ বছরের ২৪ জন পুরুষকে ২৪০ মিলিলিটার কমলার রস খাওয়ানো হয়। পরীক্ষার ফল দেখিয়েছে, কমলার রস খাওয়ার পর তাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং সতর্কতা বৃদ্ধি পেয়েছে, যেখানে চিনিযুক্ত পানীয় খাওয়ার পর হ্রাস পেয়েছিল।

বয়স্কদের ক্ষেত্রেও কমলার রস মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে। ৬০-৮১ বছর বয়সী ৩৭ জনের ওপর গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুই গ্লাস কমলার রস খাওয়ার পর তাদের মস্তিষ্কের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কমলার রসের পুষ্টিগুণ
কমলায় প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লোহিত রক্তকণিকা তৈরি এবং ত্বকের কলাজেন উৎপাদনে সাহায্য করে। এছাড়া এতে ফোলেট, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন বি১ রয়েছে।

কমলার রসের স্বাস্থ্যগুণের পিছনে মূলত ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো রক্তের প্রবাহ ভালো রাখে, প্রদাহ কমায় এবং কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। বিশেষ করে কমলায় থাকা হেসপেরিডিন নামক ফ্ল্যাভোনয়েড রক্তচাপ কমাতে এবং রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, ৮৫ জন প্রাপ্তবয়স্ক যারা প্রতিদিন ৫০০ মিলিলিটার কমলার রস পান করেছিল, তাদের রক্তের জিনগুলোর কার্যকারিতা কমে গেছে, যা প্রদাহ এবং উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।

কোন কমলার রস স্বাস্থ্যকর?
পুরো কমলা খাওয়া সর্বোত্তম। এতে ফাইবার এবং ফ্ল্যাভোনয়েড থাকে যা রসের চেয়ে বেশি স্বাস্থ্যকর। তবে রসই যদি পান করতে হয়, তাহলে তাজা কমলার রস, যা নিজে বা রেস্টুরেন্টে তৈরি, বেশি উপকারী। দোকানে পাওয়া শিল্পজাত রসের তুলনায় তাজা রসের পুষ্টিগুণ বেশি থাকে।

ডাক্তাররা বলছেন, ১০০% কমলার রস (যেখানে অতিরিক্ত চিনি যোগ নেই) সপ্তাহে তিন-চারবার খাওয়া স্বাভাবিক মানুষের জন্য নিরাপদ।

এক গ্লাস কমলার রস শুধু স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যেও চমকপ্রদ প্রভাব ফেলে। এটি হৃদযন্ত্র, মস্তিষ্ক, রক্তচাপ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও পুরো কমলা সবচেয়ে ভালো, তাজা কমলার রসও নিয়মিত এবং সীমিত পরিমাণে পান করলে আপনাকে সুস্থ রাখবে এবং সকালের নাশতায় আনন্দ যোগ করবে।

সূত্র : বিবিসি

নগরকান্দায় ক্যাবের নতুন কমিটির সভাপতি এহসানুল হক, সম্পাদক মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
নগরকান্দায় ক্যাবের নতুন কমিটির সভাপতি এহসানুল হক, সম্পাদক মশিউর রহমান

ফরিদপুরের নগরকান্দায় ভোক্তা অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এহসানুল হক মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মশিউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে নগরকান্দা মডেল মসজিদের মিলনায়তনে ক্যাবের পরিচিতি ও মতবিনিময় সভায় নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এ সময় ক্যাবের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মুফতি মুস্তাফিজুর রহমান ও মনিরুজ্জামান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান মোল্যা, কোষাধ্যক্ষ হিসেবে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফয়সাল হোসেন, প্রচার সম্পাদক হিসেবে সুলতানা ইসলাম, আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রোজিনা আক্তারের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সাইয়্যাদুর রহমান বাবলু, শামছুল হুদা হুদু, এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, শওকত আলী শরীফ, মিজানুর রহমান মুকুল, আসলাম হোসেন নাহিদ, মাহফুজুর রহমান, বলরাম কর্মকার, মুফতী হেদায়েত উল্লাহ, মো. কামাল হোসেন (পলাশ) ও মোশাররফের নাম ঘোষণা করা হয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, ভেজাল ও নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার মতো বিষয়গুলো প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ক্যাবের উপজেলা পর্যায়ের কমিটি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, Consumers Association of Bangladesh—সংক্ষেপে ক্যাব—বাংলাদেশের ভোক্তা অধিকারভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন। সংগঠনটি ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংগঠনটি ভোক্তার অধিকার, নিরাপদ পণ্য ও সেবা, ন্যায্যমূল্য, বাজারব্যবস্থায় স্বচ্ছতা এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে।

নগরকান্দায় নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ভোক্তা অধিকার রক্ষায় কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাজারে অনিয়ম ও ভোক্তাদের হয়রানি কমাতে জনসচেতনতা তৈরিতে কমিটিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

টিনশেড পেরিয়ে নতুন ভবনে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়, অবসান ৩১ বছরের অপেক্ষার

তানভীর তুহিন
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
টিনশেড পেরিয়ে নতুন ভবনে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়, অবসান ৩১ বছরের অপেক্ষার

দীর্ঘ ৩১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও নানা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পাকা ভবনের অভাবে বিদ্যালয়টিতে দীর্ঘদিন নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে চরাঞ্চলের শত শত শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার জন্য দূর-দূরান্তের বিদ্যালয়ে যেতে হতো।

২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও নিজস্ব একাডেমিক ভবন না থাকায় পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে চলতি বছরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। বর্তমানে ভবনের প্রথম তলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে বিদ্যালয়টি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। খুব শিগগিরই আধুনিক পরিবেশে পাঠদান শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

চরমানাইর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় হিসেবে চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয় এতদিন টিনশেড ভবনে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ভবন নির্মাণের ফলে চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালুর প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নতুন ভবনে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি তানজিমুল হাসান কায়েস।

এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, অবসরপ্রাপ্ত সার্জন আবুল কালাম আজাদ, শিক্ষক সঞ্জয় চাকলাদার, ইসরাফিল বেপারী এবং তোরাব আলী।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ, প্রধান ফটক স্থাপন এবং বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে বিদ্যালয়টি চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আপনার সঙ্গে কি সন্তানের দূরত্ব বাড়ছে? জেনে নিন কারণ ও সমাধান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
আপনার সঙ্গে কি সন্তানের দূরত্ব বাড়ছে? জেনে নিন কারণ ও সমাধান

একসময় যে সন্তান দিনের প্রতিটি গল্প মা-বাবার সঙ্গে ভাগাভাগি করত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সন্তানই যেন নিজের চারপাশে অদৃশ্য এক দেয়াল তুলে দেয়। পরিবারের চেয়ে বন্ধুরা হয়ে ওঠে বেশি গুরুত্বপূর্ণ, নিজের অনুভূতি লুকিয়ে রাখে, এমনকি একসঙ্গে সময় কাটাতেও অনীহা প্রকাশ করে। অনেক মা-বাবাই তখন ভাবতে শুরু করেন, ‘আমার সন্তান কি আর আগের মতো নেই?’

বিশেষজ্ঞরা বলছেন, বয়ঃসন্ধিকাল ও কৈশোরে সন্তানদের মধ্যে এমন পরিবর্তন স্বাভাবিক। তবে কিছু আচরণ ও পারিবারিক পরিবেশ এই দূরত্বকে আরও বাড়িয়ে দিতে পারে। সময়মতো বিষয়টি বুঝতে পারলে সম্পর্ক আবারও স্বাভাবিক করা সম্ভব।

কেন দূরত্ব তৈরি হয়?

অতিরিক্ত শাসন ও নজরদারি

সন্তানের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করা, বারবার বকাঝকা করা বা গোপনে তার গতিবিধি পর্যবেক্ষণ করলে সে নিজের ব্যক্তিগত পরিসর হারানোর অনুভূতি পায়। ফলে ধীরে ধীরে মা-বাবার কাছ থেকে মানসিকভাবে দূরে সরে যেতে পারে।

অন্যের সঙ্গে তুলনা

‘ওর মতো হতে পারো না?’—এ ধরনের তুলনা সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। বারবার তুলনার শিকার হলে সে নিজেকে গুটিয়ে নেয় এবং পরিবার থেকে দূরত্ব তৈরি হয়।

পারিবারিক দ্বন্দ্ব

সন্তানকে কেন্দ্র করে বাবা-মায়ের মতবিরোধ বা ঘন ঘন ঝগড়া তার মনে নিরাপত্তাহীনতা তৈরি করে। তখন সে নিজের অনুভূতি প্রকাশের বদলে নীরব হয়ে যায়।

বন্ধুদের প্রভাব

কৈশোরে বন্ধুদের গুরুত্ব বেড়ে যায়। অনেক সময় ‘স্মার্ট’ বা স্বাধীন প্রমাণ করতে গিয়ে কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই পরিবার থেকে দূরে সরে যায়।

গোপনীয়তা রক্ষা

মা-বাবা অপছন্দ করেন এমন কোনো কাজে জড়িয়ে পড়লে বা এমন কিছু লুকানোর প্রয়োজন হলে সন্তান স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখতে শুরু করে।

নিজের আলাদা জগৎ

কৈশোরে নিজের চিন্তা, আগ্রহ ও সামাজিক পরিসর তৈরি হয়। তখন অনেকের কাছে বন্ধুদের গুরুত্ব পরিবারকে ছাড়িয়ে যায়। এই মানসিক পরিবর্তনও দূরত্বের একটি কারণ।

মানসিক চাপ বা আসক্তি

পড়াশোনা, সম্পর্ক, ব্যর্থতা কিংবা অন্য কোনো মানসিক চাপে থাকলে সন্তানের আচরণ বদলে যেতে পারে। একইভাবে মাদকাসক্তি বা মানসিক স্বাস্থ্য সমস্যাও তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে।

মা-বাবার আচরণ

মা-বাবার নিজেদের মধ্যে সমস্যা, পারিবারিক অস্থিরতা বা সন্তানকে পর্যাপ্ত সময় না দেওয়াও সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। শুধু আর্থিক চাহিদা পূরণ করলেই দায়িত্ব শেষ হয় না, প্রয়োজন মানসম্মত সময় ও আন্তরিক যোগাযোগ।

কীভাবে কমবে দূরত্ব?

সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে ছোটবেলা থেকেই ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ জরুরি। বয়ঃসন্ধিকালে তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, আবার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাসও দিতে হবে।

মা-বাবা ও সন্তান উভয়ের আন্তরিক চেষ্টা থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই এই মানসিক দূরত্ব কমিয়ে আনা সম্ভব। প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সহায়তা নেওয়াও গুরুত্বপূর্ণ।

মা-বাবার জন্য করণীয়

প্রতিদিন সন্তানের সঙ্গে মানসম্মত সময় কাটান।

নিজের মতামত বা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না।

গোপনে সন্তানের ব্যাগ, মোবাইল বা ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি না করে সরাসরি কথা বলুন।

অযথা তর্ক বা বাদানুবাদ এড়িয়ে চলুন।

সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে যান, একসঙ্গে সিনেমা দেখুন বা বাইরে খেতে যান।

সন্তানের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। বন্ধুদের সঙ্গে আড্ডার সময় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন না।

জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিশেষ দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

সন্তানের বন্ধুদের নিয়ে অযথা নেতিবাচক মন্তব্য করবেন না। তবে খারাপ সঙ্গ সম্পর্কে সচেতন করুন।

সন্তানেরও দায়িত্ব আছে

শুধু মা-বাবার নয়, সন্তানেরও দায়িত্ব রয়েছে সম্পর্ককে সুন্দর রাখার। জীবনের প্রতিটি বিষয় না হলেও গুরুত্বপূর্ণ কিছু অনুভূতি, সমস্যা বা সিদ্ধান্ত মা-বাবার সঙ্গে ভাগাভাগি করা উচিত। কারণ, বন্ধুরা জীবনের অংশ হলেও সংকটের সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় পরিবারই।

মনে রাখুন

কৈশোরে কিছুটা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। তবে সেই দূরত্ব যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা সন্তানের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগ নয়, প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং খোলামেলা যোগাযোগ। একটি আন্তরিক কথোপকথনই অনেক সময় সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে পারে।

সূত্র : কালবেলা