চিকন চাল ভালো নাকি মোটা চাল, যা বলছেন পুষ্টিবিদ
বাজারে গেলে দেখা যায় নানান ধরনের চাল। কোথাও চিকন, কোথাও মোটা; কোনোটা ঝরঝরে, কোনোটা একটু আঠালো। অনেকেই স্বাদ, দামের পার্থক্য বা অভ্যাস অনুযায়ী চাল বেছে নেন। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কোন চাল বেশি উপকারী, এই প্রশ্নের উত্তর জানেন না অনেকেই।
বিশেষ করে ডায়াবেটিস, ওজন বৃদ্ধি বা হৃদ্রোগের ঝুঁকি বাড়ার এই সময়ে সঠিক চাল নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই নিয়মিত খাদ্যাভ্যাসে কোন ধরনের চাল রাখা উচিত, তা নিয়ে সচেতন হওয়া জরুরি। এ বিষয়ে একটি জাতীয় দৈনিককে বিস্তারিত জানিয়েছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। নিচে তা তুলে ধরা হলো।
পুষ্টিগুণে এগিয়ে যে চাল
চালের বাইরের স্তরে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বেশ কিছু পুষ্টি উপাদান থাকে। কিন্তু চাল প্রক্রিয়াজাত করার সময় এই বাইরের স্তর অনেকাংশে নষ্ট হয়ে যায়। ফলে হারিয়ে যায় গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ।
এসব পুষ্টি উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো ভিটামিন বি। যার মধ্যে রয়েছে থায়ামিন, নায়াসিন ও পাইরিডক্সিন। এছাড়া জিংক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাসের মতো খনিজ উপাদানও অনেকটাই কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আঁশ বা ফাইবারও কমে যায়। অর্থাৎ চাল যত বেশি পরিশোধিত ও চিকন হবে, তাতে পুষ্টিগুণ তত কমে যাবে। সেই হিসেবে চিকন চালের তুলনায় মোটা চাল পুষ্টিগুণে অনেকটাই এগিয়ে।
আরও সুবিধা-অসুবিধা
মোটা চালে আঁশের পরিমাণ বেশি থাকে। ফলে এই চালের ভাত অল্প পরিমাণে খেলেও পেট ভরে যায় এবং দীর্ঘ সময় তৃপ্তি থাকে। এটি ধীরে হজম হয়, ফলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায় না; বরং ধীরে ধীরে বাড়ে। এতে শরীর দীর্ঘ সময় শক্তি পায় এবং ঘন ঘন ক্ষুধা লাগে না।
অন্যদিকে চিকন চালে আঁশ কম থাকায় এটি দ্রুত হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং কিছুক্ষণ পরই তা কমতে শুরু করে। এতে দ্রুত ক্ষুধা লাগে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণের প্রবণতা তৈরি হয়, যা ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।
শেষ কথা
পুষ্টিবিদদের মতে, মোটা চালে পর্যাপ্ত আঁশ থাকায় এটি ক্যালরি নিয়ন্ত্রণে সহায়ক। ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং খারাপ কোলেস্টেরল কমাতে মোটা চাল বেশি উপকারী।
বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের জন্য মোটা চাল বেছে নেওয়াই ভালো। সুস্থ ব্যক্তির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে ভালো থাকার জন্য মোটা চাল উপকারী। তবে যাদের হজমে সমস্যা বেশি, কিংবা খাবার চিবাতে বা গিলতে অসুবিধা হয়, তাদের জন্য চিকন চাল সুবিধাজনক। এছাড়া সাময়িক হজম সমস্যার সময় কিছুদিনের জন্য চিকন চাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

আপনার মতামত লিখুন
Array