খুঁজুন
, ,

অধিকাংশ মানুষ ডানহাতি কেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ণ
অধিকাংশ মানুষ ডানহাতি কেন?

বিশ্বজুড়ে ১০ জন মানুষের মধ্যে ৯ জনই সাধারণত তাদের দৈনন্দিন কাজ করার জন্য ডান হাত ব্যবহার করে থাকেন। ক্রিকেট বা অন্য যেকোনো খেলায় আমরা ডানহাতি ও বামহাতি খেলোয়াড়দের পার্থক্য দেখি, তবে কেন অধিকাংশ মানুষই ডানহাতি হয়, তা দীর্ঘকাল ধরে বিজ্ঞানীদের কাছে এক রহস্য হয়ে ছিল। সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় এই রহস্যের কিছু নতুন দিক উন্মোচন হয়েছে।

গবেষণা অনুযায়ী, মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ ডানহাতি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত মানুষের মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান অংশকে এবং ডান অংশ শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। যেহেতু অধিকাংশ মানুষের ক্ষেত্রে ভাষা এবং অন্যান্য দক্ষতার জন্য মস্তিষ্কের বাম অংশ বেশি ব্যবহৃত হয়, এর ফলে তাদের ডান হাতটি প্রাধান্য পায় বা ‘ডমিন্যান্ট’ হয়ে ওঠে।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, কেউ যদি ডান হাতের পরিবর্তে বাম হাত ব্যবহার শুরু করে, তবে তার মস্তিষ্কের কার্যকারিতাতেও পরিবর্তন আসে।

গবেষকরা জানিয়েছেন, মানুষের সোজা হয়ে হাঁটার অভ্যাস এবং বড় আকারের মস্তিষ্কের বিবর্তনের সাথে ডান হাতের ব্যবহারের একটি গভীর সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, যাদের মস্তিষ্কের আকার তুলনামূলক ছোট বা যারা কম সোজা হয়ে চলাফেরা করে, তাদের ক্ষেত্রে হাতের ব্যবহারের অগ্রাধিকার অনেক বেশি নমনীয় বা পরিবর্তনশীল হয়। প্রাচীনকালে মানুষ যখন সোজা হয়ে হাঁটতে শুরু করে, তখন থেকেই হাতের এই ব্যবহারের অগ্রাধিকার অন্যান্য প্রাণীদের তুলনায় আলাদা হতে থাকে।

সামাজিক চাপ ও পরিবেশ

হাজার বছর ধরে মানব সমাজে ডানহাতিদের আধিপত্য বজায় রয়েছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন যন্ত্রপাতি বা সরঞ্জাম ডানহাতিদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে, যার ফলে একটি সামাজিক চাপ সৃষ্টি হয়েছে। এই অভ্যাসটি বংশপরম্পরায় মানুষের মধ্যে স্থানান্তরিত হয়ে আসছে।

জন্মের পূর্বেই নির্ধারণ?

মজার বিষয় হলো, হাতের ব্যবহারের এই অগ্রাধিকার মায়ের গর্ভ থেকেই শুরু হয় এবং কৈশোর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এটি স্থায়ী রূপ নেয়। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে যে, শিশু বড় হয়ে কোন হাত বেশি ব্যবহার করবে, তার ইঙ্গিত মায়ের গর্ভেই পাওয়া যায়। তবে এই প্রক্রিয়াটি শুধুমাত্র জন্মগত নয়, বরং পরিবেশগত এবং বিকাশজনিত নানা উপাদানের ওপরও নির্ভর করে।

জেনেটিক রহস্য

যদিও ডানহাতি বা বামহাতি হওয়ার পেছনে জিনের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করা হয়, তবুও বিজ্ঞানীদের কাছে এটি এখনো একটি গোলকধাঁধা। ২০১৯ সালে ৪ লাখ মানুষের ডেটার ওপর ভিত্তি করে করা একটি গবেষণায় ৪টি এমন জেনেটিক অঞ্চলের কথা জানা গেছে যা হাত ব্যবহারের সাথে সম্পর্কিত, তবে ধারণা করা হয় এর পেছনে আরও অনেক জিন থাকতে পারে। অদ্ভুত বিষয় হলো, বামহাতি বাবা-মায়ের ঘরেও অনেক সময় ডানহাতি শিশুর জন্ম হয়, যা বিজ্ঞানীদের অবাক করে দেয়।

বিজ্ঞানীরা এখনও এই রহস্যের প্রতিটি পরত পুরোপুরি উন্মোচন করতে না পারলেও, তারা এই গবেষণার মাধ্যমে মানুষের বিবর্তন এবং মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছেন। এই গবেষণায় প্রথমবারের মতো মানুষের ডান বা বাম হাত ব্যবহারের অগ্রাধিকারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। বর্তমানে গবেষকরা এটি জানার চেষ্টা করছেন যে, কেন কিছু মানুষ আবার উভয় হাত সমানভাবে ব্যবহার করার ক্ষমতা রাখেন।

তথ্যসূত্র: জিও নিউজ

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল ৫টার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী সুমন ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরলে সুমন ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। এ সময় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে মা কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। বিষয়টি টের পেয়ে সুমন খাটের নিচ থেকে বেরিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিস্তৃত চাপাইবিলে (স্থানীয়ভাবে হরাইবিল নামেও পরিচিত) প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল থেকে তৈরি ‘লোটাস সিল্ক’ বা পদ্মের তন্তুতে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে এই সুতা ও তা দিয়ে তৈরি পোশাকের উচ্চমূল্য থাকলেও দীর্ঘদিনেও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রায় ৬০০ একর এলাকা জুড়ে বিস্তৃত চাপাইবিলে প্রতিবছর বর্ষায় প্রচুর পদ্মফুল ফোটে। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক অধ্যাপক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে পদ্মফুলের ডাঁটা থেকে তন্তু বের করে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে চাপাইবিলের পাড়ে স্থানীয় নারীদের লোটাস সিল্ক তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পদ্মের ডাঁটা ভাঁজ করলে মাঝখান থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম ও আঠালো তন্তু দক্ষ কারিগরের হাতে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকার সমান। এ ছাড়া প্রতি গজ কাপড় ১ হাজার ডলার পর্যন্ত এবং লোটাস সিল্কের তৈরি শাড়ি ১০ লাখ টাকার বেশি ও পোশাক প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে পদ্মের ডাঁটা তুলে সুতা সংগ্রহের চেষ্টায় বিলের সৌন্দর্য ও ফুলের অস্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় সামাজিকভাবে তা প্রতিরোধ করা হয়েছিল। তবে এখন পদ্মের এই অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে তারা বিলের সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি চান।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসাইন বলেন, পদ্মফুল থেকে সুতা তৈরির বিষয়টি সঠিকভাবে কাজে লাগানো গেলে এলাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে।

এদিকে, গত মঙ্গলবার ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাইবিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পদ্মের ডাঁটা থেকে সুতা বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং জানান, বিশ্ব দরবারে দেশের শিল্পকে তুলে ধরার ক্ষেত্রে ফরিদপুরের এই পদ্মফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিলের মাছ, পদ্মফুল ও এর সুতার সম্ভাবনাগুলো সবার নজরে এনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ও সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও সম্ভাবনার পাশাপাশি দ্রুত সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ফরিদপুরের চাপাইবিল ঘিরে লোটাস সিল্কের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব।

ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ফরিদপুরে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ থানার হাবির ছড়া এলাকার মো. সোহেল রানার স্ত্রী হাসিনা বেগম শ্রাবন্তী (২৭) এবং ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকার মৃত ওসমান ফকিরের ছেলে জামাল ফকির (৫০), জামাল ফকিরের মেয়ে শান্তা আক্তার (২৫) ও ছেলে মো. শুভ ফকির (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোতয়ালীর শোভারামপুর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।

এসআরবি জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এসআরবি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।