খুঁজুন
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মধুখালীর বিশ্বাসপাড়ায় জলাবদ্ধতার অবসান ঘটাতে ক্যানেল নির্মাণ কাজের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ
মধুখালীর বিশ্বাসপাড়ায় জলাবদ্ধতার অবসান ঘটাতে ক্যানেল নির্মাণ কাজের উদ্বোধন

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা-এর বিশেষ বরাদ্দকৃত অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে ক্যানেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ক্যানেল নির্মাণ কাজের উদ্বোধন করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টিতেই বিশ্বাসপাড়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। কার্যকর কোনো ক্যানেল বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়, বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ব্যাহত হতো এবং ঘরবাড়িতে পানি জমে দুর্ভোগ তৈরি হতো।

নতুন এই ক্যানেল নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে যাবে এবং কৃষি জমি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।

উল্লেখ্য, এলাকাবাসীর মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু পানি নিষ্কাশনই নয়, বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ ও উন্নত হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

খেজুরের গুড়ের হারানো ঐতিহ্য ফেরাতে ফরিদপুরে ২০ হাজার খেজুর বীজ বপন

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
খেজুরের গুড়ের হারানো ঐতিহ্য ফেরাতে ফরিদপুরে ২০ হাজার খেজুর বীজ বপন

ফরিদপুরের নগরকান্দায় হারিয়ে যেতে বসা খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব। সংগঠনটির উদ্যোগে প্রায় ২০ হাজার খেজুর বীজ বপন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কুমার নদের পাশের সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী ভ্যানযোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক এবং মুকসুদপুর-ভাঙ্গা অংশের এশিয়ান হাইওয়ের (বিশ্বরোড) প্রায় ১০ কিলোমিটার এলাকায় খেজুর বীজ ছড়িয়ে দেন।

আয়োজকরা জানান, একসময় ফরিদপুর অঞ্চল খেজুরের রস ও গুড়ের জন্য দেশজুড়ে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়ায় সেই ঐতিহ্যও প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে সিজিএ, বাংলাদেশের প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, “ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া প্রয়োজন।”

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের অধ্যাপক ওসমান মোল্যা বলেন, “ফরিদপুরের খেজুরের গুড় একসময় এ অঞ্চলের গর্ব ছিল। আজ সেই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে। খেজুর বীজ বপনের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও ঐতিহ্যসমৃদ্ধ ফরিদপুর গড়ে তুলতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের প্রভাষক মো. গিয়াস উদ্দীন জানান, এর আগে গত পাঁচ বছরে সংগঠনটির উদ্যোগে প্রায় ১০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। পরিবেশবান্ধব এসব উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

অনার্স ক্লাব গণগ্রন্থাগারের সভাপতি ও পুরাপাড়া কে.জি. স্কুলের প্রধান শিক্ষক এস. এম. ইউসুফ বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে মুকসুদপুর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ৪৫তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা তারিকুর রহমান অঙ্কন, সহকারী শিক্ষক তানভীর তালুকদার, শিক্ষার্থী হাসিবুল হাসান, মাজহারুল ইসলাম শাকিব, ব্যবসায়ী রাকিব হোসেন, কাজী শাকিল, রাজিবুল ইসলাম, নাসিরুজ্জামান সেজানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন, যাতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা যায়।

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু তাড়ানোর ‘অপরাধে’ শিশুকে গরুর রশিতে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও আলফাডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু তাড়ানোর ‘অপরাধে’ শিশুকে গরুর রশিতে বেঁধে নির্যাতন

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মাদরাসা শিক্ষার্থীকে গরুর রশি দিয়ে গরুর সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভুক্তভোগী তামিম ইসলাম (১০) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের চেরাগ আলীর বাড়িতে লজিং থেকে স্থানীয় মারকাজুল কুরআন মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাদরাসার সীমানার ভেতরে কাওছার মৃধার একটি গরু ঢুকে গাছপালা খেতে শুরু করে। এ সময় তামিম গরুটিকে তাড়িয়ে দিলে গরুর মালিক কাওছার মৃধা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি তামিমকে গরুর রশি দিয়ে গরুর সঙ্গে বেঁধে ছেড়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরুটি দৌড় দিতে শুরু করলে তামিমও টেনে নিয়ে যেতে থাকে। এ সময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং শ্বাসরোধের পরিস্থিতি সৃষ্টি হয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রশির চাপে তার গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুক্রবার সকালে নওয়াপাড়া ও কুচিয়াগ্রাম এলাকার মুরব্বিরা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে বসেন। তবে কোনো সমাধান না হওয়ায় স্থানীয় যুবসমাজ অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেয়।

এরই মধ্যে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাওছার মৃধাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ বলেন, “একজন কোমলমতি শিশুর ওপর এ ধরনের অমানবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

লজিং মালিক চেরাগ আলী বলেন, “তামিম আমার সন্তানের মতো ছিল। তার সঙ্গে এমন নির্মম আচরণে আমি মর্মাহত। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান বলেন, “তামিম আমাদের মাদরাসার শিক্ষার্থী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

অভিযুক্তের ছোট ভাই বিশু মৃধা বলেন, “ঘটনার বিস্তারিত আমি জানি না। পুলিশ আমার ভাইকে আটক করেছে। তদন্তে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, শিশু নির্যাতনের অভিযোগে কাওছার মৃধা নামের একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত মামলা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, জার্সি পরলেই রোগীর চিকিৎসা ফি ৫০% ছাড়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, জার্সি পরলেই রোগীর চিকিৎসা ফি ৫০% ছাড়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনাকে ভিন্নমাত্রা দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক চিকিৎসক। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন—আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের দিতে হবে মাত্র অর্ধেক ভিজিট।

এমন অভিনব উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলার চিকিৎসক ডা. সুমন রায়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত হেলথ এইড মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় কার্যকর করা হয়েছে। সাধারণত তার চেম্বারে চিকিৎসা পরামর্শের ফি ৫০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ২৫০ টাকা।

চেম্বার সূত্রে জানা যায়, উদ্যোগটি শুরুর প্রথম দিনেই বেশ কয়েকজন রোগী এই সুবিধা নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ফলে বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “আমি বরাবরই আর্জেন্টিনা দলের সমর্থক। চিকিৎসকের এমন ব্যতিক্রমী অফারের কথা শুনে জার্সি পরেই চেম্বারে এসেছি। সত্যিই তিনি আমার কাছ থেকে নির্ধারিত ফির অর্ধেক নিয়েছেন। বিষয়টি আমার কাছে বেশ আনন্দের লেগেছে।”

খোঁজ নিয়ে জানা যায়, ডা. সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অভিজ্ঞ ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে এলাকাজুড়ে তার সুনাম রয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে ডা. সুমন রায় বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই উৎসবের আমেজ তৈরি হয়। সেই আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে একটু ভিন্নভাবে ভাগাভাগি করার চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণভাবে খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা একটি উদ্যোগ। আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি আমার পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা উপহার। তবে এর ফলে চিকিৎসাসেবার মান বা দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। বরং খেলাধুলাকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়, সেটিকেই আরও উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।”

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে নানা ধরনের আয়োজন দেখা গেলেও চিকিৎসা ফিতে এমন বিশেষ ছাড়ের ঘটনা বেশ ব্যতিক্রমী। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

ফুটবলপ্রেম, মানবিকতা ও ভিন্নধর্মী উদযাপনের এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াতে শুরু করেছে।