৯৯৯-এ ফোন, ঢাকায় চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বড় মসজিদ থেকে মো. সাইদুল ইসলাম সাহেদ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে মোটরসাইকেলটি পার্কিং করে রাখেন। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
পরে মোটরসাইকেলে থাকা জিপিএস ট্র্যাকার থেকে সেটির অবস্থান শনাক্ত করে ৯৯৯ নম্বরে জানান তিনি। একই সঙ্গে মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিকভাবে কলারের দেওয়া লোকেশন অনুযায়ী ফরিদপুর জেলা পুলিশ কন্ট্রোলরুমকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল মাসুমা আকন্দ কলটি গ্রহণ করেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার একটি দল মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে। পরে ফরিদপুর জেলা পরিষদের সামনে থেকে FZ Version-2, ঢাকা মেট্রো-ল-৫২-৫৮৪৭ নম্বরের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরবর্তীতে মোটরসাইকেলের মালিক ফরিদপুর কোতোয়ালি থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।
পুলিশের তাৎক্ষণিক তৎপরতা এবং জিপিএস প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোটরসাইকেলটি দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন
Array