খুঁজুন
সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯ চৈত্র, ১৪৩২

ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:১৮ পিএম
ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫
ফরিদপুরের বোয়ালমারীতে বাজারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিন-দুপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের সময় পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ) বিকেলে বোয়ালমারী পৌরসদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোমবার রাত ১০টা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের পুকুর পাড় এলাকার বাসিন্দা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২১) নামে দুই যুবক পৌরসভায় ভোটার হতে যায়। দুপুরে সেখান থেকে তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে চালিনগর গ্রামের এক ভ্যানচালক রড বোঝাই করে যাচ্ছিলেন। ভ্যানে থাকা রডের সাথে যুবক পল্লবের ধাক্কা লাগলে এক পর্যায়ে তাদের সাথে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভ্যানচালক লোকজন নিয়ে সদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এসে হাজির হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা মিডওয়াইফ (ইন্টার্নশিপ) শামীম উদ্দিন বলেন, বিকেলে মারামারি করে আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে ৫জন আসেন। এদের মধ্যে নারীও ছিল। মঙ্গল সরকার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিতে সন্ধ্যার পর বাড়িতে ফিরেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। শুনেছি কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীকে ভাই ডাকা যাবে কি-না, কী বলছে ইসলাম?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
স্বামীকে ভাই ডাকা যাবে কি-না, কী বলছে ইসলাম?

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসা, দয়া, পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের এক পবিত্র বন্ধন। স্বামী-স্ত্রীর পবিত্র বাঁধনে নির্মিত হয় পরিবার। পৃথিবীতে আসে নতুন মানুষ।

আমাদের দেশের সংস্কৃতিতে স্বামী স্ত্রীকে সাধারণত নাম ধরে ডাকেন। গ্রামীণ পর্যায়ে অনেকে ‘ওগো’, ‘এই’ বলে ডাকেন। কেউ সন্তানের নামের সঙ্গে মিলিয়ে ‘অমুকের বাবা বা অমুকের মা’ বলে ডাকেন। আধুনিক সমাজ বা শহরের সংস্কৃতিতে প্রায় স্বামী-স্ত্রী নাম ধরে পরস্পরকে ডাকেন। কেউ আবার কখনো ভাই বা বোন বলে ডাকেন। প্রশ্ন হলো, স্বামী-স্ত্রী পরস্পরকে ভাই বা বোন ডাকতে পারবে? এ বিষয়ে ইসলামের বিধান কী।

স্বামী-স্ত্রী পরস্পরকে ভাই-বোন বলে ডাকা নিষেধ। দুষ্টুমির ছলেও এ ধরনের ডাকা থেকে বিরত থাকতে হবে। তবে এভাবে ডাকার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে সমস্যা হবে না। স্ত্রী তালাক হবে না। (রদ্দুল মুহতার, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪৭০)

হাদিসে আছে, ‘এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, হে আমার বোন, রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘সে কি তোমার বোন?’ তিনি তার এমন সম্বোধন অপছন্দ করলেন এবং এমন করতে নিষেধ করলেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০)। এ হাদিস থেকে বোঝা যায়, স্বামী-স্ত্রী পরস্পরকে ভাই-বোন বলে ডাকা উচিত নয়।

রাসুলুল্লাহ (সা.) আম্মাজান আয়েশা (রা.)-কে আদর করে ‘আয়িশ’ কিংবা ‘হুমায়রা’ নামে ডাকতেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ‘স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন বলার বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা আছে। স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। স্বামীকে ভাই ডাকলে স্ত্রী তালাক হবে না। কিন্তু এটা অনুত্তম কাজ।’

তিনি বলেন, ‘প্রয়োজনে একে অন্যকে নাম ধরে ডাকবে কিংবা সন্তানের নামের সঙ্গে মিলিয়ে বলবে, ‘অমুকের বাবা বা অমুকের মা’।

সূত্র : এশিয়া পোস্ট

আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:৫১ পিএম
আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ। তবে নির্ধারিত সময়ের আগে আবেদন করলে করদাতারা অতিরিক্ত তিন মাস পর্যন্ত সময় পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা শেখ মো. আল-আমিন।

তিনি জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই লিখিতভাবে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়ানোর অনুমোদন দিতে পারেন।

করদাতারা অনলাইনে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। পরে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে সেই আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন।

এনবিআর জানিয়েছে, সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ করবর্ষে ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।

এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনো প্রায় ৯ লাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই পরিস্থিতি বিবেচনায় শর্তসাপেক্ষে করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

সূত্র: বাংলানিউজ২৪

ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ‘কড়া বার্তা’—ভাঙ্গায় মাঠে প্রশাসন

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম
ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ‘কড়া বার্তা’—ভাঙ্গায় মাঠে প্রশাসন

পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভাঙ্গা উপজেলা থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে ওঠে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাত্রীদের কাছে কোনো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে কি না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি বাসের টিকিট যাচাই-বাছাই করা হয়। এ সময় অধিকাংশ ক্ষেত্রেই ভাড়া সরকারি নির্ধারিত হারের মধ্যেই রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়, যা যাত্রীদের মাঝে স্বস্তি এনে দেয়।

এছাড়া বাস কাউন্টারগুলোতেও তদারকি করা হয়। কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও সুপারভাইজারদের সঙ্গে কথা বলে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়, যাতে ঈদের চাপকে পুঁজি করে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ফুয়েল পাম্পও পরিদর্শন করা হয়। পাম্পগুলোতে পেট্রোল, ডিজেল ও অকটেনের মজুত পরিস্থিতি সরেজমিনে যাচাই করা হয়। পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও যেন কোনো পাম্প অযৌক্তিকভাবে বন্ধ না রাখা হয়, সে বিষয়ে মালিক ও কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, ভাঙ্গা গোলচত্বর এলাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে কয়েকজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। ট্রাফিক নিয়ম অমান্য, কাগজপত্রে ত্রুটি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এসব জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।