খুঁজুন
, ,

সালথায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
সালথায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
এ সময় আরো বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন-আহব্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা, সদস্য মুরাদ হোসেন মুরাদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, হাজী রাশেদ মাতুব্বারসহ বিএনপি ও অংগ-সংগঠনের হাজারো নেতাকর্মী।
সম্মেলন শেষে জেলা নেতারা জানান, খুব শিগগিরই উপজেলা  বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নেতারা আরো বলেন, দীর্ঘদিন যারা দল করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন আওয়ামীলীগের সাথে কোন আতাত করে চলেননি তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।

অপরাধবোধ ছাড়াই অন্যকে ‘না’ বলবেন যেভাবে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অপরাধবোধ ছাড়াই অন্যকে ‘না’ বলবেন যেভাবে?

সব অনুরোধে রাজি হওয়া কিংবা অন্যের মন রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে বারবার উপেক্ষা করা, অনেকেরই এমন অভ্যাস রয়েছে। প্রয়োজন না থাকলেও তারা কাউকে ফিরিয়ে দিতে পারেন না।

পাছে কেউ কষ্ট পান, সম্পর্ক নষ্ট হয় কিংবা তাকে স্বার্থপর মনে করেন, এমন আশঙ্কা থেকেই বেশির ভাগ সময় ‘হ্যাঁ’ বলে ফেলেন। অথচ নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দায়িত্ব নেওয়ার পর তৈরি হয় বাড়তি চাপ।

আবার কখনো সাহস করে ‘না’ বললেও পিছু ছাড়ে না অপরাধবোধ।

কিন্তু অন্যকে সন্তুষ্ট রাখতে গিয়ে নিজের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়া কতটা যুক্তিসংগত? মনোবিদদের মতে, সামাজিক জীবনে অন্য কাউকে হতাশ করার বিষয়টি সহজে মেনে নিতে পারেন না অনেকেই।

এর পেছনে কাজ করে কয়েকটি মানসিক ও সামাজিক কারণ।

প্রত্যাখ্যান ও দ্বন্দ্বের আশঙ্কা

অনেকের ধারণা, কোনো অনুরোধে অসম্মতি জানালে অপর ব্যক্তি তাকে স্বার্থপর ভাবতে পারেন।

এতে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কাও তৈরি হয়। এই ভয় থেকেই নিজের অসুবিধা থাকা সত্ত্বেও তারা অন্যের কথায় সম্মতি দেন।

সবসময় ভালো মানুষ হওয়ার চাপ

সমাজে প্রচলিত একটি ধারণা হলো, ভালো মানুষ হতে হলে অন্যের প্রয়োজনে পাশে থাকতে হবে, নিজের কথা ভাবা যাবে না। এমন ধারণা থেকে অনেকেই সবসময় অন্যের কাছে ভালো থাকার চেষ্টা করেন। ধীরে ধীরে এটি তাদের ওপর একধরনের সামাজিক ও মানসিক চাপে পরিণত হয়।

অন্যের হতাশার দায় নিজের কাঁধে নেওয়া

আপনার কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু সেই অসন্তুষ্টির জন্য নিজেকে দায়ী ভাবার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। নিজের সিদ্ধান্তের যথেষ্ট কারণ থাকলেও অন্যের মন খারাপ হবে, এই চিন্তা তাদের অপরাধবোধে ভোগায়। অথচ ‘না’ বলার অভ্যাস না থাকলে এমন অস্বস্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

কথা দেওয়ার আগে সময় নিন

কেউ কোনো অনুরোধ করলেই সঙ্গে সঙ্গে সম্মতি দেওয়ার প্রয়োজন নেই। কাজটি করার মতো সময়, সামর্থ্য কিংবা মানসিক প্রস্তুতি আপনার আছে কি না, তা আগে ভেবে দেখুন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি দিলে পরে সেটি পালন করাও কঠিন হয়ে উঠতে পারে।

নম্রভাবে নিজের সিদ্ধান্ত জানান

কাউকে কোনো কাজে সাহায্য করতে না পারলে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভদ্রভাবে নিজের অবস্থান জানিয়ে দিন। যেমন বলতে পারেন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়।’ এতে যেমন আপনার সিদ্ধান্ত স্পষ্ট হবে, তেমনি কথাটিও বলা হবে নম্রভাবে।

অপরাধবোধের কারণ খুঁজে দেখুন

‘না’ বলার পর মন খারাপ হলে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন, শুধু এই আশঙ্কা থেকেই আপনার খারাপ লাগছে? নিজের অনুভূতির কারণ বুঝতে পারলে অযথা অপরাধবোধ কাটিয়ে ওঠা সহজ হতে পারে।

মনে রাখুন, সবাই আপনার সঙ্গে একমত হবেন না

প্রত্যেক মানুষের চিন্তা, পছন্দ ও মতামত আলাদা। তাই আপনার প্রতিটি সিদ্ধান্ত অন্যের পছন্দ হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলেই সেটি ভুল বা অন্যায় হয়ে যায় না।

সম্পর্কে নিজের সীমারেখা তৈরি করুন

অন্যের অনুরোধে সবসময় রাজি হওয়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজের সীমাবদ্ধতা বুঝতে হবে। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেবেন না। কোনো সিদ্ধান্ত জানানোর আগে সময় চাইতে পারেন। ভেবে দেখুন, কাজটি আপনার পক্ষে করা সম্ভব কি না এবং সেটি আপনার জন্য কতটা স্বাচ্ছন্দ্যকর।

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন

সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। আবার না ভেবেই ‘হ্যাঁ’ বলে ফেললে নিজের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে সততার সঙ্গে সিদ্ধান্ত নিন। শুরুতে অভ্যাসটি কঠিন মনে হলেও নিয়মিত চর্চায় ধীরে ধীরে সহজ হয়ে উঠবে।

প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন

অন্যকে না বলতে না পারার কারণে তৈরি হওয়া অপরাধবোধ যদি আপনার দৈনন্দিন জীবনযাপন ব্যাহত করে কিংবা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলে, তাহলে পেশাদার কাউন্সেলরের সহায়তা নিতে পারেন।

অন্যের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো গুণ। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করা জরুরি নয়। সব অনুরোধে সম্মতি দেওয়াই ভালো মানুষ হওয়ার একমাত্র শর্ত নয়। কখনো কখনো নিজের স্বাচ্ছন্দ্য ও মানসিক শান্তির জন্য ‘না’ বলাটাও প্রয়োজন।

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেল ৫টার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী সুমন ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে দুই হাত বেঁধে বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরলে সুমন ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। এ সময় শিশুটিকে কান্নাকাটি করতে দেখে মা কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। বিষয়টি টের পেয়ে সুমন খাটের নিচ থেকে বেরিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুমন হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরের চাপাইবিলে পদ্মফুলের লোটাস সিল্কের সম্ভাবনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বিস্তৃত চাপাইবিলে (স্থানীয়ভাবে হরাইবিল নামেও পরিচিত) প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল থেকে তৈরি ‘লোটাস সিল্ক’ বা পদ্মের তন্তুতে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে এই সুতা ও তা দিয়ে তৈরি পোশাকের উচ্চমূল্য থাকলেও দীর্ঘদিনেও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, প্রায় ৬০০ একর এলাকা জুড়ে বিস্তৃত চাপাইবিলে প্রতিবছর বর্ষায় প্রচুর পদ্মফুল ফোটে। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদ্ম গবেষক অধ্যাপক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে পদ্মফুলের ডাঁটা থেকে তন্তু বের করে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে চাপাইবিলের পাড়ে স্থানীয় নারীদের লোটাস সিল্ক তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পদ্মের ডাঁটা ভাঁজ করলে মাঝখান থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম ও আঠালো তন্তু দক্ষ কারিগরের হাতে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকার সমান। এ ছাড়া প্রতি গজ কাপড় ১ হাজার ডলার পর্যন্ত এবং লোটাস সিল্কের তৈরি শাড়ি ১০ লাখ টাকার বেশি ও পোশাক প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে পদ্মের ডাঁটা তুলে সুতা সংগ্রহের চেষ্টায় বিলের সৌন্দর্য ও ফুলের অস্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় সামাজিকভাবে তা প্রতিরোধ করা হয়েছিল। তবে এখন পদ্মের এই অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে তারা বিলের সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি চান।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসাইন বলেন, পদ্মফুল থেকে সুতা তৈরির বিষয়টি সঠিকভাবে কাজে লাগানো গেলে এলাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারে।

এদিকে, গত মঙ্গলবার ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ চাপাইবিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পদ্মের ডাঁটা থেকে সুতা বের করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং জানান, বিশ্ব দরবারে দেশের শিল্পকে তুলে ধরার ক্ষেত্রে ফরিদপুরের এই পদ্মফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিলের মাছ, পদ্মফুল ও এর সুতার সম্ভাবনাগুলো সবার নজরে এনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় ও সংশ্লিষ্টদের মতে, প্রশিক্ষণ ও সম্ভাবনার পাশাপাশি দ্রুত সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে ফরিদপুরের চাপাইবিল ঘিরে লোটাস সিল্কের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব।