খুঁজুন
, ,

বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুইপক্ষের মারামারি, আহত-৬

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুইপক্ষের মারামারি, আহত-৬

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুইপক্ষের মারামারিতে ৬ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের সাথে এ ঘটনা ঘটে।

এক পর্যায়ে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র জানায়।

এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের বাসিন্দা জব্দুল মোল্যার ছেলে ও উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. বাবুল মোল্যার নিকট ১৩ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১৪ হাজার ৬১০ টাকা পাওনা রয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির। বুধবার সকাল দশটার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের কর্মচারীগণ। এ সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির শাহেদ, জুয়েল, রাসেল, হাবিব এবং গ্রাহক বাবুল মোল্যা ও তার ভাই শাহজাহান আহত হয়। পল্লী বিদ্যুৎ এর দুইজন ও বাবুল ও শাহজাহানক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গ্রাহক বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। শোর চিৎকার শুনে বাইরে গিয়ে পল্লী বিদ্যুৎ এর লোকজনকে দেখতে পাই। তারা আমার ভাইকে মারতে ছিল। তাকে ঠেকাতে এগিয়ে গেলে আমাকেও ঘিরে ধরে মারতে থাকে। বড় রেঞ্জ দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। গ্রামের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এসে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা একটু সুস্থ হলেই মামলা করবো।

এ ব্যাপারে বোয়ালমারী বিদ্যুৎতের জোনাল অফিসের ডিজিএম মো. সাইদুর রহমান বলেন, ১৩ মাসের সাড়ে ১৪ হাজার টাকা বিল বাকি। বিলও পরিশোধ করে না আবার লাইন কাটতেও দেয়না। জুন মাসে আমাদের প্রচুর চাপ থাকে। তাই বিল আদায়ে না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল। কিন্তু তারা আমাদের লোকজনকে মারপিট করে আহত করে। আহত চারজনের মধ্যে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ইউএনও এবং ওসি মহোদয়কে সাথে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কেউ অভিযোগ জমা দেয়নি।

জানতে চাইলে উপজেলা বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা অন্যায়। আমি গিয়েছিলাম এ নিয়ে আর কোন ঝামেলা যাতে না হয় আর জনগণকে সচেতন করতে। যাতে ভবিষ্যতে এ রকম না হয়। অভিযোগ দিলে কার কি দোষত্রুটি পুলিশ খুঁজে বের করবে।

ফরিদপুরে ২৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে ২৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাচ্ছেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন কৃষক পাচ্ছেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষককে খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং বাকি ৪০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের জন্য তিনি কৃষকদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি অনুরোধ জানান।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে ফসলের আবাদ বাড়ার পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে পরিচালিত এ অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত অর্থ আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের চেম্বারে পাঠানোর প্রবণতা, খাবারে অনিয়ম এবং ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনার সত্যতা মিলেছে।

দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালে টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অভিযোগ ছিল। আরএমও ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারের টাকা গণনা করে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে। এ ছাড়া কর্মরত অনেক চিকিৎসকের সময়মতো অনুপস্থিত থাকার অভিযোগের আংশিক সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি ডেন্টাল ওয়ার্ডের ডেন্টাল সার্জন সহকারীসহ অন্যান্য স্থানে রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর বিষয়ের সত্যতা মিলেছে বলে জানান তিনি।

অভিযানকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে খাবারের মানেও বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। আজকের ডায়েট চার্ট অনুযায়ী রোগীপ্রতি ২০০ গ্রাম পাঙ্গাস মাছ দেওয়ার কথা থাকলেও পরিমাপ করে পাওয়া যায় ৮০ গ্রাম। সরবরাহ ও রান্না করা চালের ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়; ৯৬ টাকা কেজি দরের মিনিকেট চাল সরবরাহের কথা থাকলেও বস্তায় কাজল লতা চাল পাওয়া যায়। এমনকি ওই চাল এবং রান্না করা ভাতের ভেতরে পোকা পাওয়া গেছে বলে জানান কর্মকর্তা।

হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। মহিলা মেডিসিন ওয়ার্ডে যেখানে ওষুধ রাখা হয়, সে জায়গাটিও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন ছিল। অভিযান চলাকালে সেখানে কুকুর বা বিড়াল শুয়ে থাকার দৃশ্যও দেখা যায়।

দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, অভিযানে পাওয়া অভিযোগ এবং পরবর্তী সংগৃহীত তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামের বাসিন্দা আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাঁদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন। পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে থাকেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন। পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বলেন যে, আশরাফুল তাকে উলঙ্গ করে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদি হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান বলে উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে আশরাফুল উকিল অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।