আলফাডাঙ্গায় ছাত্রদলের ডেঙ্গু বিরোধী মশক নিধন ও জনসচেতনতা অভিযান
দেশব্যাপী ডেঙ্গুর সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ডেঙ্গুর স্থানীয় প্রকোপ নিয়ন্ত্রণে এই সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে মশার ওষুধ ছিটান ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অভিযানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহান, ইমন তালুকদার, আলামিন শেখ, ফাহিম আহমেদ ও আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মীরা।
কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা জিসান মিয়া জানান, ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় জনস্বার্থে এ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন
Array