খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

ভালো নেই সবার প্রিয় শিক্ষক ‘বকুল আপা’, শরীরে বেঁধেছে নানা রোগ!

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ এএম
ভালো নেই সবার প্রিয় শিক্ষক ‘বকুল আপা’, শরীরে বেঁধেছে নানা রোগ!

‘একসময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নেচে-গেয়ে পাঠদান করাতেন। আনন্দ আর বিনোদনের মাধ্যমে আয়ত্ত করাতেন পড়ালেখা। তাইতো সবার মুখে মুখে বকুল আপার কথা শুনা যেত। মাঝেমধ্যে অন্য শিক্ষকের ক্লাস ফাঁকি দিলেও বকুল আপার ক্লাসে অনুপস্থিত থাকতোনা কোনো শিক্ষার্থী। ভালোবাসা আর আদর দিয়ে পড়াতেন কোমলমতি শিশুদের। তাইতো, তার সুনাম গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। শিশুরা স্কুলমুখী হতে শুরু করে। অবসরে যাওয়ার পর এখন টাকার অভাবে দু’টি চোখ হারাতে বসেছে এই শিক্ষক। শরীরও তার ভালো নেই, বেঁধেছে নানা রোগ।’

এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন- ফহমিদা খাতুন বকুল (৬৪)। যিনি ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তবে, তিনি বকুল আপা নামেই অধিক পরিচিত। যাকে, সবাই বকুল আপা নামেই ডাকেন। কিন্তু, অবসরে যাওয়ার পর এ শিক্ষিকা পেনশনের ১৬ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও পেয়েছেন মাত্র ৮ লাখ টাকা। অদৃশ্য কারণে বাকী ৮লাখ টাকা আজও ভাগ্যে জুটেনি।’

জানা যায়, ‘১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ৮২টি ঘর নিয়ে ‘ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম’ প্রতিষ্ঠিত করেন। অবহেলিত ও শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশুদের জন্য সে বছরই ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই এই স্কুলটিতে শিক্ষকতা করছেন ফাহমিদা খাতুন বকুল। এরপর ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণ করে সরকার। এরপর ২০২০ সালে অবসরে যান শিক্ষিকা বকুল।’

স্কুল সূত্রে জানা যায়, ‘শিক্ষিকা বকুল আপা খুবই আন্তরিক একজন মানুষ। সবার সাথে ভালো ব্যবহার করতেন। তাইতো শিক্ষার্থীদের পাশাপাশি অন্যন্য সহকর্মীদেরও কাছে ছিলেন জনপ্রিয়। কখনো ক্লাস ফাঁকি দিতেন না তিনি। কোমলমতি শিশুরা আগ্রহের সঙ্গে তার ক্লাস করতেন। গান, নাচ আর গজলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করাতেন। যার, কারণে তিনি অন্যন্য শিক্ষকদের তুলনায় ভিন্ন ছিলেন।’

এসব বিষয়ে কথা হয় স্কুল শিক্ষিকা ফহমিদা খাতুন বকুলের সাথে।

তিনি বলেন, ‘একসময় ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেচে, গান গেয়ে ও গজলের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করে পাঠদান করেছি। আমি অবসরে যাওয়ার পর সেই স্মৃতি এখনও মনে পড়ে। দু’টো চোখে ছানি পড়ায় প্রাণের স্কুলটা দেখতেও যেতে পারিনা। খুব কষ্ট হয়। এখন দ্রুত চোখের অপারেশন করাতে না পারলে আমি হয়তো চিরতরে অন্ধ হয়ে যাবো। তাইতো কেউ যদি আমার চোখের ছানি অপারেশন করে দিতো, তবে আমি আবার চোখে দেখতে পারতাম।’

এই স্কুল শিক্ষিকা বলেন, ‘আমার পুরো শরীরে নানা রোগে বাসা বেঁধেছে। হয়তো যে কোনো সময় চলে যাব। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘পেনশনে যাওয়ার পর কাগজ-কলমে ১৬ লাখ টাকা দেখানো হলেও আমাকে দিয়েছে মাত্র ৮ লাখ টাকা। আমার বাকি টাকা মেরে দিয়েছি। সেই টাকার হিসেব আজও পাইনি। আমি সরকারের কাছে পেনশনের বাকী ৮ লাখ টাকা চাই, যাতে চিকিৎসা করাতে পারি।’

ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চলা রানী সরকার বলেন, ‘বকুলের মতো স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ বিদ্যালয়ের সঙ্গে আমিও জড়িত। ৮০ ঘর গুচ্ছগ্রামের এলাকায় স্কুলটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বকুল আপা একজন জলি মাইন্ডের শিক্ষক। নাচ-গানসহ নানাভাবে শিক্ষার্থীদের তিনি ক্লাসে আনন্দ দিতেন। শিক্ষার্থী সংগ্রহ থেকে শুরু করে স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তার। তার ক্লাসের ধরণ দেখে শিক্ষার্থীদের মনোযোগ বাড়তো।’

ফরিদপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘ওই শিক্ষিকার পে স্কেলের কারণে কম পেনশন পেতে পারে। এ ছাড়া স্কুলটি বেসরকারি ছিল, পরে জাতীয়করণ হয়। এ জন্য তিনি কম পেয়েছেন কি-না সেটা যাচাই-বাছাই করে জানাতে পারবো।’

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, ‘পেনশন নিয়ে ওই শিক্ষিকার কোনো জটিলতা রয়েছে কি-না বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।’

 

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না সাদ্দামের

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম
ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না সাদ্দামের

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাদ্দাম শেখ (২৪)। তিনি ফরিদপুর শহরের খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক এলাকার বাসিন্দা এবং মো. শেখ শহিদের ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর সদরের শিবরামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানার জিআর মামলা নম্বর- ৫৫৬/১৪ এর আলোকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র‌্যাবের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “মাদকদ্রব্য সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ এএম
রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ফরিদপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভাকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রথম ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টার ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভাস্থলে যাবেন। আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিভাগীয় এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতা–কর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন,“তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “এই জনসভা থেকে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। তরুণ সমাজ তার বক্তব্য থেকে নতুন অনুপ্রেরণা পাবে।”

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ হবে।”

তিনি বলেন, “ফরিদপুর ঐতিহ্যগতভাবে গণতন্ত্রকামী মানুষের এলাকা। আজকের জনসভা প্রমাণ করবে, বিএনপি এখনো জনগণের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”

উল্লেখ্য, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ফরিদপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে বিএনপির স্থানীয় ইউনিটগুলো একযোগে কাজ করছে। সব মিলিয়ে আজকের জনসভাকে ঘিরে ফরিদপুরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

‘ইনসাফের কথা’

মামুন সিকদার
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ এএম
‘ইনসাফের কথা’

মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল,
এক হাদি’কে গুলিবিদ্ধ করে
ক্ষান্ত করিতে পারিবে না বল।

মোরা শত শত হাদি আছি বাংলা জুড়ে
ক’টা গুলি আছে বল? হায়েনার দল,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।

মোরা থামবো না, মোরা থামবো না
ইনসাফের পথে করিবো সংগ্রাম,
বাংলা জুড়ে যারা করে ছল
অপশক্তি বিনাশ করিবো, আমরা আছি যারা।

তবু থামবো না, তবু থামবো না
আসুক যত ঝড় ও তুফান,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।