খুঁজুন
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ, ১৪৩২

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন স্কুল শিক্ষার্থী ফারজানা

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন স্কুল শিক্ষার্থী ফারজানা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল শিক্ষার্থী ফারজানা (১১) চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারজানা।

নিহত স্কুলছাত্রী ফারজানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের ফিরোজ শেখের মেয়ে ও ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ বছর লটারিতে বিজয়ী হয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী রেলক্রসিংয়ে একটি বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা স্কুলছাত্রী ফারজানা ও তার মা শান্তা খন্দকার গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা ও চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরেও ফারজানাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘারুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন জানান, ওইদিনের দুর্ঘটনায় ইজিবাইকে থাকা স্কুলছাত্রী ফারজানা ও তার মা শান্তা খন্দকার গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর ফারজানা মারা গেছে। সোমবার বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ওইদিনের বাস ও ইজিবাইকের দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ প্রাণ গেল দু’জনের

নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ প্রাণ গেল দু’জনের

ফরিদপুরের মধুখালী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতাসহ দুইজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ছাত্রদল নেতার নাম আবিদ হাসান মুন্না (২০)। তিনি সরকারি আইনউদ্দিন কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মুন্না মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী আরিফ বিশ্বাসের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুর চিনিকলের সামনে মোটরসাইকেলযোগে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন মুন্না। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।

এর আগে একই দিন সন্ধ্যা প্রায় ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় জয়নাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল মোল্লা রায়পুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লুৎফর মোল্লার পিতা।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

“ফরিদপুর-১ এ নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, সংবাদ সম্মেলনে দোলনের অভিযোগ”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম
“ফরিদপুর-১ এ নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, সংবাদ সম্মেলনে দোলনের অভিযোগ”

সংবিধান, প্রচলিত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আরিফুর রহমান দোলন অভিযোগ করে বলেন, তিনি সংবিধান ও নির্বাচনী আইনের সকল শর্ত পূরণ করেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস না পেয়ে একটি মহল আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে তাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি স্বাধীনতাবিরোধী শক্তিকে সুবিধা দিতেই তার বিরুদ্ধে এই বেআইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

দোলন বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (RPO) কোথাও উল্লেখ নেই যে অতীতে কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। তারপরও সেই অতীত রাজনৈতিক পরিচয়কে অজুহাত বানিয়ে তার প্রার্থিতা আটকে দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই আইনের অপব্যবহার। তিনি বলেন, যেখানে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীরাও উচ্চ আদালতের মাধ্যমে নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, সেখানে সব ধরনের বৈধ যোগ্যতা থাকা সত্ত্বেও একজন স্বতন্ত্র প্রার্থীকে বাধা দেওয়া চরম বৈষম্য।

তিনি আরও বলেন, অন্য প্রার্থীদের ক্ষেত্রে আদালতের আদেশের লিখিত কপি দ্রুত সরবরাহ করা হলেও তার ক্ষেত্রে সেই কাগজ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ নষ্ট করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

দোলনের দাবি, প্রার্থিতা স্থগিত রেখে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সাজানো ও প্রশ্নবিদ্ধ করার একটি সুস্পষ্ট উদাহরণ তৈরি করা হচ্ছে ফরিদপুর-১ আসনে। এতে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের ওপর সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সব চক্রান্ত মোকাবিলা করা হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর কালো টাকা ছাড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

হাসানউজ্জামান, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর কালো টাকা ছাড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ তুলেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদরপুর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, ‘নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় নিক্সন চৌধুরীর সমর্থক যারা নির্বাচনে প্রভাব বিস্তার করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান শহিদুল ইসলাম বাবুল। এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মুজাহিদ বেগ বাবুলের এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থী বাবুল নিজেই ফরিদপুরে-৪ আসনে নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসিত করছেন।